বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩

ময়মনসিংহ মেডিকেলে সংবাদ সংগ্রহে বাধা: নারী চিকিৎসকের বিরুদ্ধে সাংবাদিক লাঞ্ছনার অভিযোগ

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।। প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ১০:২২ পিএম
ময়মনসিংহ মেডিকেলে সংবাদ সংগ্রহে বাধা: নারী চিকিৎসকের বিরুদ্ধে সাংবাদিক লাঞ্ছনার অভিযোগ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম রোগের পরিস্থিতি নিয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে কয়েকজন সাংবাদিক লাঞ্ছিত হওয়ার অভিযোগ উঠেছে এক নারী চিকিৎসকের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

রবিবার (২৯ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ৩১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, দেশে সাম্প্রতিক সময়ে হাম রোগের প্রকোপ বেড়ে যাওয়ায় পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণের জন্য কয়েকজন সাংবাদিক হাসপাতালে যান। এ সময় ইনডিপেনডেন্ট টেলিভিশনের ময়মনসিংহ প্রতিনিধি আবু সালেহ মো. মুসাসহ কয়েকজন সাংবাদিক হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ৩১ নম্বর ওয়ার্ডে প্রবেশ করেন এবং রোগীদের অবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ ও সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করেন।

সাংবাদিকদের অভিযোগ, এ সময় উপস্থিত এক নারী চিকিৎসক হঠাৎ ক্ষিপ্ত হয়ে ওঠেন। কোনো ধরনের উস্কানি ছাড়াই তিনি সাংবাদিকদের ক্যামেরা ও মাইক্রোফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন এবং চিৎকার করে গার্ড ও আনসার সদস্যদের ডেকে সাংবাদিকদের ওয়ার্ড থেকে বের করে দেওয়ার নির্দেশ দেন।

এ ঘটনায় লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ করেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিনিধি আবু সালেহ মো. মুসা, দেশ টেলিভিশনের ক্যামেরাম্যান কাউসার মিয়া, ইনডিপেনডেন্ট টেলিভিশনের ক্যামেরাম্যান সুমন আহমেদ এবং স্থানীয় অনলাইন টেলিভিশন আঙ্গর টিভির প্রতিনিধি শাওন ও জহিরুল।

সাংবাদিক আবু সালেহ মো. মুসা বলেন, “আমি হাসপাতাল কর্তৃপক্ষের যথাযথ অনুমতি নিয়েই হাম রোগের তথ্য সংগ্রহ করতে যাই। অফিসের এসাইনমেন্ট অনুযায়ী হাসপাতালে গিয়েছিলাম। কিন্তু সংবাদ সংগ্রহের সময় কোনো উস্কানি ছাড়াই ওই নারী চিকিৎসক আমাদের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। ক্যামেরা ও মাইক্রোফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন এবং গার্ড ডেকে আমাদের বের করে দেওয়ার নির্দেশ দেন। এমন পরিস্থিতিতে সাংবাদিকতা করা অত্যন্ত কঠিন হয়ে পড়ছে। বিষয়টি আমি কর্তৃপক্ষকে জানিয়েছি। ব্যবস্থা না নেওয়া হলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।”

ঘটনাটির তীব্র নিন্দা জানিয়েছেন সাংবাদিক নেতারা।

ময়মনসিংহ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অমিত রায় বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং সংশ্লিষ্ট নারী চিকিৎসকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, “সাংবাদিকদের সঙ্গে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা চাই হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা গ্রহণ করুক এবং মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হোক।”

ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া পলাশ বলেন, “ঘটনাটি নিঃসন্দেহে দুঃখজনক। দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।”

সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, “এ ধরনের ঘটনা সাংবাদিকতা পেশার জন্য হুমকিস্বরূপ। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রয়োজন।”

এ বিষয়ে হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মুহাম্মদ মাঈন উদ্দিন বলেন, “বিষয়টি আমি জেনেছি। সাংবাদিক আবু সালেহ মো. মুসা আমার অনুমতি নিয়েই হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়েছিলেন। তার সঙ্গে যে ঘটনা ঘটেছে, তা অনাকাঙ্ক্ষিত। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। প্রয়োজন হলে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনাটি ঘিরে স্থানীয় সাংবাদিক সমাজে উত্তেজনা বিরাজ করছে। দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ময়মনসিংহের সাংবাদিক নেতৃবৃন্দ।

ময়মনসিংহে দোকানে ঢুকে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ।। প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৭:০২ পিএম
ময়মনসিংহে দোকানে ঢুকে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা

ময়মনসিংহ নগরীর মাসকান্দা এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে একটি কম্পিউটারের দোকানে ঢুকে মো. রাব্বী (২৭) নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

নিহত রাব্বী নগরীর মাসকান্দা হাইস্কুল রোড এলাকার মোবারক হোসেনের ছেলে। তিনি একটি বেসরকারি পলিটেকনিক কলেজে পড়াশোনার পাশাপাশি পাসপোর্ট অফিসের সামনে একটি কম্পিউটারের দোকান পরিচালনা করতেন।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে রাব্বী তার দোকানের আশপাশে অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন ব্যক্তি হঠাৎ তার ওপর হামলা চালায়। হামলাকারীদের হাত থেকে বাঁচতে রাব্বী দৌড়ে নিজের দোকানের ভেতরে আশ্রয় নেন। কিন্তু হামলাকারীরা পিছু নিয়ে দোকানের ভেতর ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।

হামলার পর রক্তাক্ত অবস্থায় রাব্বীকে দোকানের ভেতরে ফেলে রেখে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে পাসপোর্ট অফিস ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। জনবহুল ও গুরুত্বপূর্ণ এলাকায় প্রকাশ্যে এমন হত্যাকাণ্ডে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করে।

কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। নিহত রাব্বীর প্রতিবেশী সাব্বিরের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জেরেই রাব্বীকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে।

ওসি বলেন, হত্যাকাণ্ডে সাব্বির ও তার ভাইয়ের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে, পাসপোর্ট অফিসের মতো গুরুত্বপূর্ণ ও জনসমাগমপূর্ণ এলাকার সামনে একটি দোকানে ঢুকে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। তারা দ্রুত হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ, হামলার সঙ্গে জড়িতদের সংখ্যা এবং ঘটনায় আরও কেউ সম্পৃক্ত কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

ফল প্রকাশের পর নিখোঁজ, দুই দিন পর অগভীর পুকুরে এসএসসি পরীক্ষার্থীর মরদেহ

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ।। প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৮:১৮ পিএম
ফল প্রকাশের পর নিখোঁজ, দুই দিন পর অগভীর পুকুরে এসএসসি পরীক্ষার্থীর মরদেহ

ময়মনসিংহের তারাকান্দায় নিখোঁজের দুই দিন পর বদরুন্নাহার সীমা (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাড়ির অদূরের একটি পুকুরে মাত্র ২ থেকে ৩ ফুট পানিতে মরদেহ উদ্ধারের ঘটনায় মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন।

বুধবার (১২ আগস্ট) সকালে উপজেলার কাকনী ইউনিয়নের পুঙ্গায়াই পশ্চিমপাড়া এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত বদরুন্নাহার সীমা ওই গ্রামের বদরুজ্জামান বকুল ও বেবি আক্তারের মেয়ে। সে পুঙ্গায়াই উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ইংরেজি বিষয়ে অকৃতকার্য হয়েছিল সীমা।

পুলিশ ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর ইংরেজি বিষয়ে অকৃতকার্য হওয়ায় সীমাকে বকাঝকা করেন তার মা। ওই দিন দুপুর ১২টার পর বাড়ি থেকে বের হয়ে যায় সে। তখন তার মা ঘরে ঘুমিয়ে ছিলেন। এরপর থেকেই নিখোঁজ ছিল সীমা।

পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। অবশেষে বুধবার সকালে বাড়ি থেকে প্রায় ৫০ হাত দূরের একটি পুকুরে স্থানীয়রা তার মরদেহ ভাসতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, পুকুরটিতে পানির গভীরতা ছিল আনুমানিক ২ থেকে ৩ ফুট। এমন অগভীর পানিতে সীমার মৃত্যু কীভাবে হলো, তা নিয়ে এলাকায় প্রশ্ন দেখা দিয়েছে। তবে এটি দুর্ঘটনা, আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নিহতের বাবা বদরুজ্জামান বকুল বলেন, মেয়ে নিখোঁজ হওয়ার পর বিভিন্ন জায়গায় খুঁজেছেন তারা। পরীক্ষায় খারাপ করায় মন খারাপ করে হয়তো কারও বাড়িতে চলে গেছে এমনটাই ভেবেছিলেন। কিন্তু এভাবে মেয়ের মরদেহ দেখতে হবে, তা কল্পনাও করেননি। কীভাবে তার মৃত্যু হয়েছে, কিছুই বুঝতে পারছেন না তিনি।

তারাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) আলাল উদ্দিন বলেন, নিহতের বাড়ি থেকে প্রায় ৫০ হাত দূরের একটি পুকুরে ২ থেকে ৩ ফুট পানির মধ্যে মরদেহটি পাওয়া গেছে। পুকুরের পানির গভীরতা বিবেচনায় মৃত্যুর বিষয়টি নিয়ে প্রশ্ন রয়েছে। তবে সুরতহালে নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আবদুল্লাহ আল মামুন বলেন, তরুণীর মরদেহ যে অবস্থায় পাওয়া গেছে, তা নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা দ্রুতই বেরিয়ে আসবে বলে আশা করেন তিনি।

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি শিবিরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ।। প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১১:০১ পিএম
ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি শিবিরুল ইসলাম

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শিবিরুল ইসলাম।

অদ্য ১০ আগস্ট ২০২৬ তারিখে পুলিশ লাইন্স, ময়মনসিংহে অনুষ্ঠিত জেলার মাসিক কল্যাণ ও অপরাধ সভায় তাঁকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়।

মেধা, দক্ষতা, দায়িত্ববোধ, পেশাদারিত্ব ও নিরলস পরিশ্রমের মাধ্যমে ময়মনসিংহ নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে তিনি এ অর্জন করেছেন।

দায়িত্ব পালনের পাশাপাশি অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, কিশোর অপরাধ নিয়ন্ত্রণসহ বিভিন্ন ক্ষেত্রে কোতোয়ালী মডেল থানা পুলিশের কার্যক্রমে নেতৃত্ব দিয়ে আসছেন ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম।

তাঁর এ অর্জনে পুলিশ বিভাগের সহকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন জানিয়েছেন। কর্মদক্ষতা ও দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে পাওয়া এ সম্মাননা তাঁকে ভবিষ্যতে আরও নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে অনুপ্রাণিত করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

যোগ্যতার যথাযথ মূল্যায়ন ও স্বীকৃতি হিসেবে ওসি মুহাম্মদ শিবিরুল ইসলামের এ অর্জনে রইল আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।