ময়মনসিংহে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন, চলবে ২৯ এপ্রিল পর্যন্ত
ময়মনসিংহে বিভাগীয় পর্যায়ে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচি আগামী ২৯ এপ্রিল পর্যন্ত চলবে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং ময়মনসিংহ বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের বাস্তবায়নে সপ্তাহব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধন উপলক্ষে সকালে স্বাস্থ্য বিভাগের পরিচালকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
র্যালি শেষে পরিচালকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. প্রদীপ কুমার সাহা।
সভায় সভাপতির বক্তব্যে ডা. প্রদীপ কুমার সাহা বলেন, “দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে পুষ্টি খাতে বৈষম্য দূর করা অত্যন্ত জরুরি। সুষম খাদ্য গ্রহণ, সচেতনতা বৃদ্ধি এবং পুষ্টিসেবার সহজলভ্যতা নিশ্চিত করতে পারলেই অপুষ্টি দূর করা সম্ভব।”
তিনি আরও বলেন, “শিশু, কিশোর-কিশোরী ও মাতৃস্বাস্থ্যের উন্নয়নে পুষ্টি কার্যক্রমকে আরও জোরদার করতে হবে। স্বাস্থ্যবান জাতি গড়তে পুষ্টির কোনো বিকল্প নেই।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় পরিচালক (পরিবার পরিকল্পনা) মো. মতিউর রহমান এবং বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. মনোরঞ্জন ধর।
এসময় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।














