ডাক ও টেলিযোগাযোগ বিভাগে দৃশ্যমান পরিবর্তনের পরই সচিবের বদলি
প্রশাসনে নিষ্ঠা, দক্ষতা ও সততার সঙ্গে কাজ করার পুরস্কার কি তবে অকাল বদলি বা কোনো কারণ ছাড়াই সরিয়ে দেওয়া? ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমির সাম্প্রতিক বদলি আমলাতন্ত্রের অলিখিত কিন্তু নিষ্ঠুর এক বাস্তবতাকে আবার নগ্নভাবে সামনে এনে দাঁড় করিয়েছে। যে কর্মকর্তা দীর্ঘদিনের স্থবির ও জরাজীর্ণ একটি খাতকে গতিশীল করতে দিনরাত পরিশ্রম করলেন এবং স্বচ্ছতা নিশ্চিত করতে গিয়ে সিন্ডিকেটের রক্তচক্ষুকে পরোয়া করলেন না, তাকে রাতারাতি সরিয়ে দেওয়ার নেপথ্যে কার স্বার্থ কাজ করছে, সেই প্রশ্ন এখন সচিবালয়ের করিডোর থেকে শুরু করে সুশীল সমাজের মুখে মুখে।
জানা যায়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং এর অধীনস্থ প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরেই নানা অনিয়ম, দুর্নীতি, টেন্ডারবাজি ও শ্লথগতির কাজের জন্য সমালোচিত ছিল। সেই অচলায়তন ভাঙতে সচিব বিলকিস জাহান রিমি দায়িত্ব নেওয়ার পর যে সাহসী ভূমিকা রেখেছিলেন, তা প্রশাসনিক ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত।
কোনো রাজনৈতিক লেজুড়বৃত্তিতে যুক্ত না থেকে কেবল মেধা, দক্ষতা ও সততাকে মূলধন করে তিনি প্রশাসনিক চাকা ঘুরিয়েছিলেন। বিটিসিএল, টেলিটক এবং ডাক বিভাগের মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে বছরের পর বছর ঝুলে থাকা ফাইল সচল করা এবং অসাধু চক্রের অনৈতিক বাণিজ্যে লাগাম টানাই যেন শেষ পর্যন্ত তার জন্য কাল হয়ে দাঁড়াল।
ডাক বিভাগ সূত্রে জানা যায়, যুগের সাথে পিছিয়ে পড়া ডাক বিভাগকে পুনরুজ্জীবিত করতে তিনি ই-কমার্স লজিস্টিকস জোরদার করেন। ডাক বিভাগের ট্র্যাকিং সিস্টেম উন্নত করা, ডিজিটাল আর্থিক সেবা সহজীকরণ এবং আধুনিক মেল প্রসেসিং সেন্টারগুলোকে পুরোদমে সচল করতে তিনি বিশেষ নজর দেন।
বিটিসিএল সূত্রে জানা যায়, জনগণের কাছে কম খরচে আধুনিক টেলিকম সেবা পৌঁছাতে বিটিসিএল-এর ডিজিটাল ডায়াল ও আলাপ অ্যাপ প্রযুক্তিগত উন্নয়ন ও ব্যাপক প্রচার নিশ্চিত করেছেন। মেগা প্রজেক্টগুলোর আওতায় অহেতুক ফাইল আটকে রাখার সিন্ডিকেট ভেঙে দ্রুততম সময়ে ফাইবার অপটিক নেটওয়ার্ক সংযোগ সম্প্রসারণ এবং সরকারি ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করেছেন। রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটকের ৫জি/৪জি নেটওয়ার্ক সম্প্রসারণ প্রকল্পে বছরের পর বছর জমে থাকা জটিলতা দূর করে কাজের গতি বৃদ্ধি করেন। কেনাকাটা ও অবকাঠামোগত উন্নয়ন কাজের টেন্ডারে দীর্ঘদিনের চেনা সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ করে শতভাগ ই-টেন্ডারিং ও জবাবদিহিতা নিশ্চিত করেন।সচিবালয় ও অধীনস্থ দপ্তরগুলোতে জবাবদিহিতা ও নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে ঝুলে থাকা ফাইল দ্রুত নিষ্পত্তির সংস্কৃতি চালু করেন। এখানে নিষ্ক্রিয়তা কিংবা অদক্ষতা ঢেকে তোষামোদি করা নিরাপদ, কিন্তু সংস্কারের সাহসী পদক্ষেপ নেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কাজের মাধ্যমে নিজেকে প্রমাণ করা একজন দক্ষ ও সৎ কর্মকর্তাকে হঠাৎ সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত কেবল তার প্রতি অবিচার নয়, বরং পুরো প্রশাসনিক সংস্কার প্রচেষ্টার মুখে এক প্রচণ্ড চড়। অনিয়ম, দূর্নীতিতে জড়িত কর্মকর্তা কর্মচারীদের সরিয়ে দিয়ে মেরুদণ্ডহীন বিটিসিএলকে লাভ জনক করার কঠোর পদক্ষেপ গ্রহণ করতে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং অসাধু চক্রের বিষদাঁত ভেঙে দেওয়ার অপরাধেই কি তাকে সরিয়ে দেওয়া হলো? এখন এই আলোচনায় উত্তাল সচিবালয়।
সচেতন মহলের প্রশ্ন, বদলি ও পদোন্নতির নীতিমালা কি শুধুই কাগজের দলিলে বন্দি থাকবে? যারা দিনরাত খাটবেন, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন এবং জনগণের আমানত রক্ষা করবেন, তাদের যদি এভাবে অকারণে সরিয়ে দেওয়া হয়, তবে ভবিষ্যতে কোনো আমলা কি আর ঝুঁকি নিয়ে ভালো কাজ করার সাহস পাবেন?
সংশ্লিষ্টদের দাবি, প্রশাসনকে কার্যকর ও দুর্নীতিমুক্ত করতে হলে তোষামোদকারীদের নয়, বিলকিস জাহানের মতো সৎ ও মেধাভিত্তিক কর্মকর্তাদের কাজের স্বাধীনতা ও সুরক্ষা দেওয়া জরুরি। কিন্তু বর্তমান সিদ্ধান্ত কি সেই বার্তা দিতে পারল? নাকি বুঝিয়ে দিল, বেশি কাজ করলে বা স্বচ্ছতা বজায় রাখলে বলির পাঁঠা হতেই হবে? আমলাতন্ত্রের এই উল্টো রথ কোন অতলে গিয়ে থামবে, দেশবাসী আজ সেই উত্তরই জানতে চায়।








