ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ে মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এলাকার শান্তি-শৃঙ্ঙ্খলা রক্ষা, মাদকমুক্ত সমাজ গঠন এবং যেকোনো ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বক্তারা।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে গফরগাঁও উপজেলার নিগুয়ারী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কুরচাই বাজার ঈদগাহ মাঠে ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
নিগুয়ারী ইউনিয়ন কৃষক দলের সভাপতি ইব্রাহিম মৃধার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সাবেক অন্যতম সদস্য ও নিগুয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ইয়াসিন খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন দক্ষিণ গফরগাঁও উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী আবদুল্লাহ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল নেতা মকসুদ খান, স্বেচ্ছাসেবক দলের নিগুয়ারী ইউনিয়নের আহ্বায়ক পদপ্রার্থী রুহুল খান, স্বেচ্ছাসেবক দলের নেতা জামালসহ স্থানীয় নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে ইয়াসিন খান বলেন, দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠনে দলমত-নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, গফরগাঁওয়ের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা, স্থানীয় সংসদ সদস্য আখতারুজ্জামান বাচ্চুর হাতকে শক্তিশালী করা এবং নিগুয়ারী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় বক্তারা বলেন, ফ্যাসিবাদের অবশিষ্টাংশের যেকোনো নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। একই সঙ্গে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নির্মূলে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
অনুষ্ঠানে নিগুয়ারী ইউনিয়ন বিএনপি, কৃষক দল এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

রাকিবুল হাসান আহাদ, বিশেষ প্রতিনিধি।।