মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

বিটিসিএলের নতুন কোম্পানি সচিব সৎ ও দক্ষ কর্মকর্তা রওনক তাহমিনা

নিজস্ব প্রতিবেদক।। প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ২:০৭ পিএম
বিটিসিএলের নতুন কোম্পানি সচিব সৎ ও দক্ষ কর্মকর্তা রওনক তাহমিনা

বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) কোম্পানি সচিব হিসেবে অতিরিক্ত দায়িত্ব লাভ করেছেন কর্মকর্তা রওনক তাহমিনা (পরিচিতি নম্বর: ২২৪৮)। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ (কোম্পানি-১ শাখা) থেকে সম্প্রতি জারিকৃত এক প্রজ্ঞাপনে এ পদায়ন নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, রওনক তাহমিনা প্রেষণে বর্তমানে বিটিসিএল-এর এমডি সচিবালয়ের জিএম পদে দায়িত্ব পালন করছেন। তাকে নতুন করে কোম্পানি সচিব হিসেবে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে। এর পাশাপাশি তিনি জিএম (এমডি সচিবালয়) এবং জিএম (জনসংযোগ ও প্রকাশনা) পদের দায়িত্বেও নিয়োজিত থাকবেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটি জারি করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উপসচিব মোহাম্মদ রফিকুল ইসলাম। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

কর্মক্ষেত্রে সততা, দক্ষতা ও পেশাদারিত্বের জন্য পরিচিত রওনক তাহমিনা দীর্ঘ দিন ধরে টেলিকমিউনিকেশন খাতে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। নতুন এই দায়িত্ব প্রাপ্তিতে সহকর্মী ও সুশীল সমাজের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে এবং আশা প্রকাশ করা হয়েছে যে, তার যোগ্য নেতৃত্বে বিটিসিএলের প্রশাসনিক কার্যক্রমে আরও গতিশীলতা ও স্বচ্ছতা বৃদ্ধি পাবে।

মিঠামইনে টলি গাড়িতে ১১১ বস্তা ইউরিয়া, ডিলারসহ আসামি ৪

মোক্তার হোসেন গোলাপ, মিঠামইন।। প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫৪ পিএম
মিঠামইনে টলি গাড়িতে ১১১ বস্তা ইউরিয়া, ডিলারসহ আসামি ৪

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় কৃষকদের জন্য বরাদ্দকৃত ইউরিয়া সার পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় ১১১ বস্তা সারসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এ সময় পাচারে ব্যবহৃত দুটি টলি গাড়ি জব্দ করা হয়েছে। এ ঘটনায় সার ডিলারসহ চারজনকে আসামি করে মামলা করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে উপজেলার কাটখাল ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কাটখাল পুলিশ ফাঁড়ি। ফাঁড়ির ইনচার্জ মো. গাফফারের নেতৃত্বে পরিচালিত অভিযানে অবৈধভাবে টলি গাড়িতে করে ইউরিয়া সার স্থানান্তরের সময় শাহিন মিয়া ও জহির মিয়াকে আটক করা হয়।

অভিযানকালে দুটি টলি গাড়ি থেকে ১১১ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। পুলিশের প্রাথমিক অভিযোগ, কৃষকদের জন্য বরাদ্দ করা এসব সার অন্যত্র পাচারের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল।

মিঠামইন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনোয়ার এলএলবি বলেন, আটক দুজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় শাহিন মিয়া, জহির মিয়া, সার ডিলার মুস্তাফিজুল ইসলাম রতন ও লিটনকে আসামি করে মিঠামইন থানায় মামলা করা হয়েছে।

ওসি আরও বলেন, কৃষকদের জন্য বরাদ্দকৃত সার পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। আইনবহির্ভূতভাবে কেউ সার পাচারের চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জব্দ করা সার ও দুটি টলি গাড়ি বর্তমানে মিঠামইন থানা হেফাজতে রয়েছে।

হোসেনপুরে বিএমইউজের সভায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

মোঃ আতাহার আলী মৃধা।। প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৭ পিএম
হোসেনপুরে বিএমইউজের সভায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

কিশোরগঞ্জের হোসেনপুরে পরিবেশ সুরক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) হোসেনপুর উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর (সোমবার) দিনব্যাপী হোসেনপুর উপজেলার বিভিন্ন স্থানে এ পরিবেশবান্ধব কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) হোসেনপুর উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে উপজেলা বিএমইউজের সভাপতি ও ‘দৈনিক নওরোজ’-এর উপজেলা প্রতিনিধি এসকে শাহীন নবাব সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএমইউজের সভাপতি খায়রুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজিজুল হক ফাহিম এবং হোসেনপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও ‘জুলাই যোদ্ধা’ শওকত হোসেন।

কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ‘কালের নতুন সংবাদ’-এর উপজেলা প্রতিনিধি আতাহার আলী মৃধা, ‘দৈনিক কিশোরগঞ্জ’-এর উপজেলা প্রতিনিধি সনজিৎ শীল, ‘সাপ্তাহিক সুরুক’-এর প্রতিনিধি মোঃ তাওহীদ হাসান, ‘দৈনিক জনতার শক্তি’-এর বিশেষ প্রতিনিধি মোঃ সুজন মিয়া ও প্রতিনিধি শাহ আলম মাহাবুব রাজীব, ‘জুলাই যোদ্ধা’ ও ‘অপরাধ জগত’-এর উপজেলা প্রতিনিধি মোঃ রাজীব আহমেদ পিয়াস, ‘কালের নতুন সংবাদ’-এর ভ্রাম্যমাণ প্রতিনিধি মোঃ জাহিদুল ইসলাম এবং ‘এসকে বাংলা টিভি’-এর বিশেষ প্রতিনিধি মোঃ মোস্তফা আহমেদ ডালিম।

বৃক্ষরোপণকালে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশকে সবুজ ও বাসযোগ্য রাখতে সামাজিক দায়িত্ববোধের অংশ হিসেবে বিএমইউজে হোসেনপুর উপজেলা শাখা নিয়মিত এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

কর্মসূচি শেষে আয়োজকেরা জানান, সামাজিক সচেতনতা বৃদ্ধি ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় বিএমইউজে ভবিষ্যতেও এ ধরনের পরিবেশবান্ধব ও জনহিতকর কার্যক্রম অব্যাহত রাখবে।

জাল আইডি-বিআরএসে দলিল তৈরির অভিযোগে দলিল লেখক সাবেক কৃষকলীগের সভাপতি হেলাল উদ্দিনের লাইসেন্স বাতিল

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ।। প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪৫ পিএম
জাল আইডি-বিআরএসে দলিল তৈরির অভিযোগে দলিল লেখক সাবেক কৃষকলীগের সভাপতি হেলাল উদ্দিনের লাইসেন্স বাতিল

ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও জাল বিএস/বিআরএস খতিয়ান ব্যবহার করে একাধিক জাল দলিল তৈরির অভিযোগে ময়মনসিংহের ধোবাউড়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক হেলাল উদ্দিন সরকারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বুধবার তার দলিল লেখার কার্যক্রম স্থগিত করে জেলা রেজিস্ট্রারের কাছে স্থায়ী ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

হেলাল উদ্দিন সরকার ধোবাউড়া উপজেলার গোয়াতলা ইউনিয়ন কৃষক লীগের সাবেক সভাপতি। তিনি গোয়াতলা বরাটিয়া গ্রামের মৃত কাসম আলী মুন্সির ছেলে।

অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে সাব-রেজিস্ট্রি কার্যালয়কে কেন্দ্র করে একটি জালিয়াত চক্র ও সিন্ডিকেট গড়ে তোলেন হেলাল উদ্দিন। ভুয়া পরিচয়পত্র ও জাল খতিয়ান ব্যবহার করে জমির দলিল তৈরি, জমির মালিকানা পরিবর্তন এবং বিভিন্ন অনিয়মে তার সম্পৃক্ততার অভিযোগ ওঠে।

২০১৯ সালের দলিল নিয়ে অভিযোগ

সর্বশেষ ২০১৯ সালের ১৩ নভেম্বর একটি দলিল তৈরিতে জালিয়াতির অভিযোগ প্রকাশ্যে এলে বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়। এ ঘটনায় ভুক্তভোগী সুভাষ চন্দ্র দত্ত স্থানীয় সংসদ সদস্য ও সাব-রেজিস্ট্রার কার্যালয়ে লিখিত অভিযোগ দেন। অভিযোগের পর বিষয়টি তদন্ত করা হয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর হেলাল উদ্দিনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

তবে অভিযোগের বিষয়ে হেলাল উদ্দিন সরকারের বক্তব্য, ঘটনাগুলো অনেক আগের হওয়ায় কীভাবে কী হয়েছে, তা এখন তার মনে নেই।

অষ্টম শ্রেণি পাসেই দলিল লেখকের লাইসেন্স!

হেলাল উদ্দিনের শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাস হলেও কীভাবে তিনি দলিল লেখকের লাইসেন্স পেয়েছেন এ নিয়েও প্রশ্ন উঠেছে। এ বিষয়ে জানতে চাইলে হেলাল উদ্দিন বলেন, ‘ওই সময়ে সাব-রেজিস্ট্রার আমাকে সব ব্যবস্থা করে দিয়েছেন।’

বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যের অভিযোগ

জমি ও দলিলসংক্রান্ত অভিযোগের পাশাপাশি স্থানীয় গোয়াতলা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি থাকাকালে শিক্ষক-কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগও রয়েছে হেলাল উদ্দিনের বিরুদ্ধে।

অভিযোগকারীদের দাবি, ২০১০ সালে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হওয়ার পর লিখিত পরীক্ষায় প্রক্সি প্রার্থী বসিয়ে অন্তত সাত থেকে আটজন শিক্ষক-কর্মচারীকে নিয়োগ দেওয়া হয়। বিদ্যালয়ের সহকারী শিক্ষক লিটন, আকতাব উদ্দিন, মঞ্জু এবং বর্তমান প্রধান শিক্ষক ইসমাইল হোসেনের নিয়োগ নিয়েও অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ রয়েছে।

এ ছাড়া বিদ্যালয়ের মাঠে অনুমোদন ছাড়াই গরুর হাট বসানো এবং দোকানঘর নির্মাণ করে সেখান থেকে পাওয়া অর্থ আত্মসাতের অভিযোগও করেছেন স্থানীয়রা।

তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সম্পদ ও জমি দখলের অভিযোগ

স্থানীয়দের অভিযোগ, দলিল লেখার কাজ, শিক্ষক-কর্মচারী নিয়োগসহ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে বিপুল অর্থের মালিক হয়েছেন হেলাল উদ্দিন। প্রতিবেশীদের জমি দখল, জমির সীমানা বাড়িয়ে নেওয়া এবং প্রভাব খাটিয়ে বিরোধপূর্ণ জমি নিজের নিয়ন্ত্রণে নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

ভুক্তভোগীদের কয়েকজনের দাবি, এসব বিষয়ে প্রতিবাদ করলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে মামলা ও ভয়ভীতি দেখানো হতো।

ছেলের বিরুদ্ধেও মাদক মামলার অভিযোগ

হেলাল উদ্দিনের ছেলে মোকামেল মিয়ার বিরুদ্ধেও মাদকসংক্রান্ত একাধিক অভিযোগ রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তিনি ইউনিয়ন যুবলীগের সঙ্গে যুক্ত ছিলেন বলে স্থানীয়রা জানান। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকার পরও রাজনৈতিক প্রভাবের কারণে তিনি দীর্ঘদিন ধরাছোঁয়ার বাইরে ছিলেন বলে অভিযোগ রয়েছে।

মোকামেলের দ্বিতীয় স্ত্রী নুরজাহানের বিরুদ্ধেও মাদক সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এর আগে তিনি মাদকসহ গ্রেপ্তার হয়েছিলেন বলে স্থানীয় সূত্রের দাবি। এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট মামলার নথি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য স্বাধীনভাবে যাচাই করা প্রয়োজন।

‘তখনকার সরকারের সময় অনেক কিছু করতে হয়েছে’

অভিযোগের বিষয়ে হেলাল উদ্দিন সরকার বলেন, ‘অনেক আগের বিষয়। কীভাবে কী হয়েছে, এখন আমার কিছুই মনে নেই।’

অষ্টম শ্রেণি পাস হয়ে কীভাবে দলিল লেখকের লাইসেন্স পেয়েছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ওই সময়ে সাব-রেজিস্ট্রার আমাকে সব ব্যবস্থা করে দিয়েছেন।’

বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি থাকা অবস্থায় অর্থের বিনিময়ে শিক্ষক-কর্মচারী নিয়োগের অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘তখনকার সরকারের সময় অনেক কিছু করতে হয়েছে। এখন আমাকে দোষী বানানো হচ্ছে।’

‘অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা’

ধোবাউড়ার সাব-রেজিস্ট্রার আজমেরী নির্ঝর বলেন, ‘অভিযোগের বিষয়ে দলিল লেখক হেলাল উদ্দিন সরকার ও জাহাঙ্গীর আলম খানের দলিল লেখার কার্যক্রম বুধবার প্রাথমিকভাবে স্থগিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য মো. সালমান ওমর রুবেল বলেন, ‘আমার কাছে ভুক্তভোগী অভিযোগ দিয়েছেন। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। জেলা রেজিস্ট্রারের কাছে দলিল লেখকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছে।’

অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট নথি, পূর্বের তদন্ত প্রতিবেদন ও মামলার রেকর্ড পর্যালোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।