বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) কোম্পানি সচিব হিসেবে অতিরিক্ত দায়িত্ব লাভ করেছেন কর্মকর্তা রওনক তাহমিনা (পরিচিতি নম্বর: ২২৪৮)। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ (কোম্পানি-১ শাখা) থেকে সম্প্রতি জারিকৃত এক প্রজ্ঞাপনে এ পদায়ন নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, রওনক তাহমিনা প্রেষণে বর্তমানে বিটিসিএল-এর এমডি সচিবালয়ের জিএম পদে দায়িত্ব পালন করছেন। তাকে নতুন করে কোম্পানি সচিব হিসেবে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে। এর পাশাপাশি তিনি জিএম (এমডি সচিবালয়) এবং জিএম (জনসংযোগ ও প্রকাশনা) পদের দায়িত্বেও নিয়োজিত থাকবেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটি জারি করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উপসচিব মোহাম্মদ রফিকুল ইসলাম। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
কর্মক্ষেত্রে সততা, দক্ষতা ও পেশাদারিত্বের জন্য পরিচিত রওনক তাহমিনা দীর্ঘ দিন ধরে টেলিকমিউনিকেশন খাতে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। নতুন এই দায়িত্ব প্রাপ্তিতে সহকর্মী ও সুশীল সমাজের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে এবং আশা প্রকাশ করা হয়েছে যে, তার যোগ্য নেতৃত্বে বিটিসিএলের প্রশাসনিক কার্যক্রমে আরও গতিশীলতা ও স্বচ্ছতা বৃদ্ধি পাবে।

নিজস্ব প্রতিবেদক।।