সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩

বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা সাংবিধানিক প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক।। প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৮:১৩ পিএম
বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা সাংবিধানিক প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব অনুষ্ঠিত

গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাব গাজীপুর মহানগর শাখার উদ্যোগে সাংগঠনিক উন্নয়নসভা সাংবিধানিক প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) বাংলাদেশ কৃষি গবেষণা গেট সংলগ্ন নাইন্টিজ লাউন্স রেস্টুরেন্টে বিকাল ৪.০০ ঘটিকায় গ্রীষ্মকালীন ফল উৎসব অনুষ্ঠিত হয়।

উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক ফরিদ খান (প্রতিষ্ঠাতা সভাপতি- বাংলাদেশ প্রেস ক্লাব কেন্দ্রীয় কমিটি)। পুরো অনুষ্ঠান জুরে সভাপতিত্ব করেন, ইয়াছিন গাজী সভাপতি- গাজীপুর মহানগর শাখা, বাংলাদেশ প্রেস ক্লাব।

সাংগঠনিক উন্নয়ন সভা, সাংবিধানিক প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব উদ্বোধন করেন, বীর মুক্তিযোদ্ধা অ্যাড: আব্দুল বাছিত ভূঁইয়া (কেন্দ্রীয় প্রধান সমন্বয়কারী, সাংবাদিকতার উন্নয়নে সাংবিধানিক আইন প্রশিক্ষণ কমিটি এবং আইনজীবী সুপ্রিম কোর্ট ও সাবেক বিসিএস কর্মকর্তা)। গাজীপুর জেলা পুলিশ সুপারের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবুল বাশার (ডিআইও-১, ডিএসবি, গাজীপুর)।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ মেজবাহ উদ্দিন সরকার (প্রতিষ্ঠাতা সভাপতি- গাজীপুর জেলা শাখা)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ ইব্রাহিম খন্দকার (সাধারণ সম্পাদক- গাজীপুর জেলা শাখা বাংলাদেশ প্রেস ক্লাব)।

অনুষ্ঠানে অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন ও সঞ্চালনায় ছিলেন, মোঃ আব্দুল বারী (সাধারণ সম্পাদক- গাজীপুর মহানগর শাখা, বাংলাদেশ প্রেস ক্লাব)।

বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ মনিরুজ্জামান মনির (সাবেক সাধারণ সম্পাদক- গাজীপুর প্রেসক্লাব), মোঃ মাসুম রানা (সাধারণ সম্পাদক- গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটি), মোঃ আবিদ হাসান বুলবুল (যুগ্ম সাধারণ সম্পাদক- গাজীপুর প্রেসক্লাব), মোঃ আব্দুল ওয়াহাব রিংকু (সভাপতি- গাজীপুর সেন্ট্রাল প্রেসক্লাব), মোঃ গাজী আনিসুর রহমান ইউনুস (ইমরান) (ঢাকা বিভাগীয় সভাপতি- মানবাধিকার কমিশন), মোঃ মাজহারুল ইসলাম রবিন (সভাপতি- ভাওয়াল প্রেসক্লাব), মোঃ শহিদুল ইসলাম শহিদ (সাধারণ সম্পাদক- গাজীপুর মহানগর প্রেসক্লাব), মোঃ হাইউল উদ্দিন খান (সাধারণ সম্পাদক- গাজীপুর সাংবাদিক ইউনিটি), মোঃ সফুর উদ্দিন সফু (সমাজসেবক), মোঃ জিয়ারত হোসেন (এডভোকেট- গাজীপুর জজ কোর্ট), মোছাঃ রওশন আরা নুপুর (সদস্য- গাজীপুর প্রেসক্লাব)।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, মোঃ নাজিম উদ্দিন (সভাপতি- কালিয়াকৈর উপজেলা শাখা, বাংলাদেশ প্রেস ক্লাব), মোঃ আরাফাত খন্দকার (প্রচার ও প্রকাশনা সম্পাদক- গাজীপুর জেলা শাখা, বাংলাদেশ প্রেস ক্লাব), মোঃ মাহাবুল আলম (সভাপতি- শ্রীপুর উপজেলা শাখা, বাংলাদেশ প্রেস ক্লাব), মোঃ সোহরাব উদ্দিন সরকার (সভাপতি- কালিগঞ্জ উপজেলা শাখা, বাংলাদেশ প্রেস ক্লাব), মোঃ গোলাম সরোয়ার (সাধারণ সম্পাদক- কাপাসিয়া উপজেলা শাখা, বাংলাদেশ প্রেস ক্লাব), মোঃ লুৎফর রহমান (দপ্তর সম্পাদক- কাপাসিয়া উপজেলা শাখা, বাংলাদেশ প্রেস ক্লাব) সহ গাজীপুর জেলার প্রতিটি উপজেলার সভাপতি/সাধারণ সম্পাদক, কোনাবাড়ী থানা কমিটির সম্মানিত সভাপতি ও অন্যান্য সদস্যবৃন্দ।

এছাড়াও সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক মোঃ বশির আলম, ফটো সাংবাদিক কাজল মিয়া (দৈনিক সরেজমিন বার্তা), সৈয়দ মুহাম্মদ কায়সার, সাংবাদিক মোছাঃ হেলেনা আক্তার, সাংবাদিক সুলতানা সরকার, সমাজসেবক, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ সহ অন্যান্য প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার গণমাধ্যম কর্মী।

প্রধান অতিথির অনুমতিক্রমে বিশেষ অতিথি মোঃ ইব্রাহিম খন্দকার গাজীপুর মহানগর শাখার নবগঠিত কমিটি ঘোষণা করেন।

নবগঠিত কমিটির তালিকাঃ সভাপতি- ইয়াছিন গাজী (দৈনিক প্রলয়), সিনিয়র সহ-সভাপতি- মাহাবুবুর রহমান (দৈনিক অন্যায়ের চিত্র), সহ-সভাপতি- মোঃ মনির সরকার (দৈনিক সময়ের কাগজ), সহ-সভাপতি- শ্রী স্বপন চন্দ্র দাস (দৈনিক নববানী), সহ-সভাপতি- মোঃ নূরে আলম সিদ্দিকী (দৈনিক মুক্ত বলাকা), সহ-সভাপতি- মোঃ মমিন মিয়া (দৈনিক রুদ্র বাংলা), সহ-সভাপতি- মোঃ শহিদ সরকার (দৈনিক আমার প্রাণের বাংলাদেশ), সাধারণ সম্পাদক- মোঃ আব্দুল বারী (দৈনিক আমার প্রাণের বাংলাদেশ), যুগ্ম সাধারণ সম্পাদক- মোঃ রাজু হাসান (দৈনিক ঢাকা), যুগ্ম সাধারণ সম্পাদক- মোঃ আব্দুল খালেক (দৈনিক বাংলাদেশ সমাচার), যুগ্ন সাধারন সম্পাদক- মোঃ শহিদুল ইসলাম (মুভি বাংলা টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক- মোঃ জুনাঈদ ইসলাম (দৈনিক আমার প্রাণের বাংলাদেশ), সাংগঠনিক সম্পাদক- মোঃ হাসান (সাপ্তাহিক ক্রাইম পেট্রোল বিডি), সহ-সাংগঠনিক সম্পাদক- মাহফুজ আহমেদ মুন্না (চ্যানেল ২১), কোষাধ্যক্ষ- মোঃ শাহিনুর ইসলাম (দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ), দপ্তর সম্পাদক- মোহাম্মদ দোলন (News 21), প্রচার ও প্রকাশনা সম্পাদক- মোঃ জয় (দৈনিক আজকের বসুন্ধরা), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক- মোহাম্মদ আশিকুর রহমান (দৈনিক আলোকিত সকাল), ধর্ম বিষয়ক সম্পাদক- মোঃ আবু বক্কর সিদ্দিক (দৈনিক শীর্ষ অপরাধ), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক- মোঃ জিল্লুর রহমান- (দৈনিক দুর্জয় বাংলা), ক্রীড়া বিষয়ক সম্পাদক- মোঃ আমিরুল ইসলাম (সাপ্তাহিক ক্রাইম পেট্রোল বিডি), সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক- মোঃ জাফর আলী (দৈনিক সময়ের কথা), আপ্যায়ন বিষয়ক সম্পাদক- মোছাঃ রোকসানা আক্তার (দৈনিক প্রতিদিন সকাল), আইন বিষয়ক সম্পাদক- মোঃ আনোয়ার হোসেন (দৈনিক জনবানী), মহিলা বিষয়ক সম্পাদক- মোছাঃ শান্তা সরকার (পাখিক বঙ্গ বাজার), সহ মহিলা বিষয়ক সম্পাদক- মোছাঃ রোকসানা কাজল (দৈনিক আলোকিত নিউজ), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক- মোঃ জাহাঙ্গীর আলম রাজু (মাতৃজগৎ টিভি), শিক্ষা বিষয়ক সম্পাদক- মাহবুবুর রহমান জিলানী (বাংলা এডিশন), পাঠাগার বিষয়ক সম্পাদক- মোঃ বেলাল হোসেন (দৈনিক আমার প্রাণের বাংলাদেশ), নির্বাহী সদস্য- মোঃ জুলফিকার আলী জুয়েল (চ্যানেল ২১), নির্বাহী সদস্য- মোঃ মমিনুল ইসলাম (দৈনিক সময়ের চিত্র), নির্বাহী সদস্য- ফারুক আহমেদ (জিবিসি টিভি), নির্বাহী সদস্য- নূর মোহাম্মদ (দৈনিক সকালের সময়), নির্বাহী সদস্য- মোঃ নাঈম হাসান (জেএ টিভি), নির্বাহী সদস্য- মোঃ সুলতান (দৈনিক বাংলার নবকন্ঠ), নির্বাহী সদস্য- শাহিনুর ইসলাম (দৈনিক ঘোষণা), নির্বাহী সদস্য- মোঃ রাসেল প্রধানিয়া (দৈনিক ঘোষণা), সদস্য- তুমিজ উদ্দিন তমু (দৈনিক নেত্র প্রকাশ), সদস্য- মোঃ শামীম খান (চ্যানেল এ ওয়ান), সদস্য- মোঃ শামীম সরদার (দৈনিক মুক্ত বলাকা), সদস্য- মোঃ শাহ আলম (দৈনিক মুক্ত খবর)।

প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

গ্রীষ্মকালীন ফল উৎসবের শুরু হয় মো: আবু বক্কর সিদ্দিক (ধর্ম বিষয়ক সম্পাদক- গাজীপুর মহানগর শাখা বাংলাদেশ প্রেসক্লাব) এর সুমধুর কন্ঠে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে। প্রধান অতিথির বক্তব্য শেষে গ্রীষ্মকালীন ফল উৎসবের দেশীয় বিভিন্ন জাতির ফলের জাঁকজমকপূর্ণ আয়োজনে গাজীপুর মহানগর শাখা কমিটির তালিকা ঘোষণা পরবর্তী ফল খাওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

বকশীগঞ্জে সংখ্যালঘু দম্পতির স্বর্ণের দোকান দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ।। প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৭:৩৫ পিএম
বকশীগঞ্জে সংখ্যালঘু দম্পতির স্বর্ণের দোকান দখলের অভিযোগ

জামালপুরের বকশীগঞ্জ বাজারে এক সংখ্যালঘু দম্পতির মালিকানাধীন স্বর্ণের দোকান জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় শেখ ফরিদ মিয়া ও তার সহযোগীদের বিরুদ্ধে। দোকানের মালিকের অনুপস্থিতিতে কর্মচারীদের ভয়ভীতি ও হুমকি দিয়ে বের করে দিয়ে দোকানে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, বকশীগঞ্জ বাজারে উৎপল মহন্ত ও তার স্ত্রী সুমি মহন্ত ২০১২ সালে সাফ-কাওলা দলিলের মাধ্যমে ২৬ পয়েন্ট জমি ক্রয় করে সেখানে ‘নিউ মাতৃ জুয়েলার্স’ নামে স্বর্ণের ব্যবসা শুরু করেন। দীর্ঘদিন ধরে ওই দোকানটিই ছিল তাদের আয়ের অন্যতম প্রধান উৎস।

দোকান মালিকের অভিযোগ, ২০১৩ সালে শেখ ফরিদ মিয়া ও তার সহযোগীরা দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় দোকান ও জমি দখলের একাধিক চেষ্টা করা হয়। পরে তৎকালীন বকশীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ তালুকদার, তৎকালীন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, উপজেলা ভাইস চেয়ারম্যানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিষয়টি নিয়ে দেনদরবার হয় এবং লিখিতভাবে সমাধানের উদ্যোগ নেওয়া হয় বলে দাবি তাদের।

তবে অভিযোগ অনুযায়ী, সাম্প্রতিক সময়ে শেখ ফরিদ মিয়া ফের পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। দাবি অনুযায়ী টাকা না দেওয়ায় গত ১০ আগস্ট দোকান মালিক উৎপল মহন্তের অনুপস্থিতিতে শেখ ফরিদ মিয়া ও তার সহযোগীরা দোকানে গিয়ে কর্মচারীদের ভয়ভীতি ও হুমকি দিয়ে বের করে দেন। পরে দোকানটিতে জোরপূর্বক তালা ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।

এখানেই শেষ নয়। অভিযোগকারী পক্ষের দাবি, গত ১৪ আগস্ট ভোরে দোকানের ‘নিউ মাতৃ জুয়েলার্স’ লেখা সাইনবোর্ড রং দিয়ে ঢেকে সেখানে ‘এই দোকান ভাড়া দেওয়া হইবে’ লিখে দেওয়া হয়। পাশাপাশি দোকান ভাড়া দেওয়ার জন্য একটি মোবাইল নম্বরও লিখে দেওয়া হয়।

দোকান মালিকের দাবি, দোকানঘরসহ সংশ্লিষ্ট ভূমি বর্তমানে অগ্রণী ব্যাংক, বকশীগঞ্জ শাখায় বন্ধক রাখা রয়েছে। ফলে ব্যাংকে বন্ধকীকৃত সম্পত্তিতে এভাবে তালা ঝুলিয়ে দখল ও ভাড়া দেওয়ার ঘোষণা দেওয়ার ঘটনায় তারা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

এ ঘটনায় গত ১৪ আগস্ট জমির যৌথ মালিক ও উৎপল মহন্তের স্ত্রী সুমি মহন্ত বকশীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন। তবে অভিযোগটি এখনো মামলা বা এফআইআর হিসেবে নথিভুক্ত হয়নি বলে অভিযোগ করেছেন তিনি।

সুমি মহন্তের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরও আইনগত ব্যবস্থা গ্রহণের পরিবর্তে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হচ্ছে। এতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও দাবি করেন তিনি।

অভিযোগকারীদের দাবি, তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ায় পরিবারের আয়ের প্রধান উৎসও বন্ধ হয়ে গেছে। ফলে একদিকে সম্পত্তি ও ব্যবসা হারানোর শঙ্কা, অন্যদিকে নিরাপত্তাহীনতা দুই ধরনের চাপের মধ্যে রয়েছেন তারা।

তবে এসব অভিযোগের বিষয়ে শেখ ফরিদ মিয়া ও তার সহযোগীদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। একইভাবে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মকবুল হোসেনের বক্তব্যও এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই ও প্রকৃত ঘটনা উদঘাটনে প্রশাসনের নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

‎ময়মনসিংহ বিআরটিএতে বেপরোয়া পরিদর্শক বাবর, ঘুষ বাণিজ্য সিন্ডিকেটের গুরুতর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ।। প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ২:৫৫ এম
‎ময়মনসিংহ বিআরটিএতে বেপরোয়া পরিদর্শক বাবর, ঘুষ বাণিজ্য সিন্ডিকেটের গুরুতর অভিযোগ

‎ময়মনসিংহের বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কার্যালয়টি এখন সাধারণ সেবা প্রত্যাশীদের কাছে যেন এক আতঙ্কের নাম। অভিযোগ উঠেছে, এই কার্যালয়কে ঘিরে গড়ে ওঠা শক্তিশালী ঘুষ বাণিজ্য ও দালাল সিন্ডিকেটের অন্যতম নিয়ন্ত্রক হিসেবে কাজ করছেন মোটরযান পরিদর্শক জহির উদ্দিন বাবর। ত্রুটিপূর্ণ যানবাহনকে অর্থের বিনিময়ে ফিটনেস সনদ প্রদান, সাধারণ গ্রাহকদের অকারণ হয়রানি এবং দালালনির্ভর সেবা ব্যবস্থার মাধ্যমে সরকারি সেবাকে প্রশ্নবিদ্ধ করার অভিযোগ দীর্ঘদিন ধরেই ঘুরপাক খাচ্ছে।

‎অনুসন্ধানে উঠে এসেছে, নিজস্ব ১০-১৫ সদস্যের একটি চিহ্নিত দালাল চক্রের মাধ্যমে পরিচালিত হচ্ছে এই সিন্ডিকেট। অভিযোগ অনুযায়ী, এই চক্রের বাইরে থেকে কোনো সেবা পাওয়া কার্যত অসম্ভব হয়ে পড়েছে। ফলে সরকারি সেবাকেন্দ্রটি যেন সাধারণ মানুষের পরিবর্তে একটি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে চলে গেছে।

‎অনুসন্ধানে দেখা যায়, কোনো যানবাহন মালিক বা সাধারণ সেবা প্রার্থী নিয়ম অনুযায়ী সরাসরি আবেদন করলে শুরু হয় নানামুখী হয়রানি। কখনও ছোটখাটো ত্রুটি, আবার কখনও কাল্পনিক অজুহাত দেখিয়ে আবেদনপত্র ফেরত দেওয়া হয়। অথচ অভিযোগ রয়েছে, একই ব্যক্তি যখন জহির উদ্দিন বাবরের ঘনিষ্ঠ দালালদের মাধ্যমে নির্ধারিত অঙ্কের অর্থ পরিশোধ করেন, তখন কোনো ধরনের জটিলতা ছাড়াই অতি দ্রুত ফিটনেস সনদসহ প্রয়োজনীয় কাজ সম্পন্ন হয়ে যায়।

‎ভুক্তভোগীদের ভাষ্য, দালাল ছাড়া বিআরটিএতে কোনো ফাইলই নড়ে না।

‎সরকারি নথিতে বহিরাগতদের অবাধ বিচরণ

‎অনুসন্ধানে আরও উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। অভিযোগ রয়েছে, জহির উদ্দিন বাবরের কার্যালয়ের ভেতরে সরকারি নথিপত্র ও সংবেদনশীল ফাইলপত্র নিয়মিতভাবে ঘাঁটাঘাঁটি করছে বহিরাগত দালাল চক্রের সদস্যরা। যেখানে সাধারণ মানুষের প্রবেশাধিকার সীমিত, সেখানে পরিদর্শকের টেবিল, ড্রয়ার এবং গুরুত্বপূর্ণ ফাইল পর্যন্ত ব্যবহার করছে বহিরাগতরা।

‎সরকারি দপ্তরের গোপনীয়তা, নিরাপত্তা ও প্রশাসনিক শৃঙ্খলার বিষয়টি এখানে চরমভাবে উপেক্ষিত হচ্ছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের।‎

‎যোগদানের পর থেকেই কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ

‎স্থানীয় সূত্রের দাবি, ময়মনসিংহ বিআরটিএ কার্যালয়ে যোগদানের পর থেকেই সাধারণ মানুষকে জিম্মি করে কোটি কোটি টাকার অবৈধ লেনদেনের অভিযোগ উঠেছে জহির উদ্দিন বাবরের বিরুদ্ধে। পরিবহন মালিক ও সেবা প্রার্থীদের একটি বড় অংশ দাবি করছেন, ঘুষ ছাড়া এখানে সেবা পাওয়া এখন প্রায় অসম্ভব।

‎অভিযোগের পরও নেই তদন্ত, নেই দৃশ্যমান ব্যবস্থা

‎স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের অভিযোগ, এর আগেও জহির উদ্দিন বাবরের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি এবং ঘুষ বাণিজ্যের নানা তথ্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। কিন্তু রহস্যজনকভাবে তাঁর বিরুদ্ধে কোনো দৃশ্যমান বিভাগীয় বা আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এমনকি অভিযোগগুলো যাচাইয়ে কার্যকর তদন্ত কমিটি গঠনের উদ্যোগও দেখা যায়নি।

‎নাম প্রকাশে অনিচ্ছুক বিআরটিএর এক কর্মকর্তা বলেন, কোনো ব্যবস্থা না হওয়ায় অভিযুক্ত কর্মকর্তা ও তাঁর সিন্ডিকেট ধরে নিয়েছে, সংবাদ প্রকাশ হলেও তাদের কিছুই হবে না। বিচারহীনতার এই সংস্কৃতিই তাদের আরও বেপরোয়া করে তুলেছে।

‎এসব সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে গণমাধ্যম এর পক্ষ থেকে যোগাযোগ করা হলে মোটরযান পরিদর্শক জহির উদ্দিন বাবর তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন।

‎তিনি বলেন, আমি সম্পূর্ণ নিয়ম মেনে দায়িত্ব পালন করছি। দালাল চক্রের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই এবং সরকারি ফাইল বহিরাগতদের স্পর্শ করার সুযোগও নেই।

‎উচ্চপর্যায়ের তদন্তের দাবি

‎বিআরটিএর মতো একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সেবা প্রতিষ্ঠানে এমন অভিযোগ দেশের সড়ক নিরাপত্তা, প্রশাসনিক স্বচ্ছতা এবং সরকারের দুর্নীতিবিরোধী অবস্থান নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

‎ভুক্তভোগী সাধারণ মানুষ ও পরিবহন মালিকদের দাবি, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তে দ্রুত একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করতে হবে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বিআরটিএ কার্যালয়ে দালালমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

দুই-তিন বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে: ববি হাজ্জাজ

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ।। প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ৭:৪২ পিএম
দুই-তিন বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে: ববি হাজ্জাজ

আগামী দুই থেকে তিন বছরের মধ্যে দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় দৃশ্যমান ও গুণগত পরিবর্তন আনা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

রোববার (১৬ আগস্ট) ময়মনসিংহে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) মিলনায়তনে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‘প্রাথমিক শিক্ষায় শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহিতা ও স্থানীয় প্রশাসনের প্রতি পরিবর্তিত প্রত্যাশা’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করে ময়মনসিংহ বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয়।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রাথমিক শিক্ষার পরিবর্তনে যে স্বপ্ন ও দায়িত্ব দিয়েছেন, তা বাস্তবায়নে সরকার সুপরিকল্পিতভাবে কাজ করছে। সরকারের প্রথম ১৮০ দিনের পরিকল্পনা, পাইলটিং ও বাস্তবায়নের ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পরিবার উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

তিনি বলেন, কারিকুলাম উন্নয়ন, শিক্ষকদের প্রশিক্ষণ, নতুন শিক্ষক নীতিমালা প্রণয়ন, মূল্যবোধভিত্তিক শিক্ষা, সাংস্কৃতিক শিক্ষা, ক্রীড়া শিক্ষা এবং প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর সরকার গুরুত্ব দিচ্ছে।

ববি হাজ্জাজ বলেন, প্রধানমন্ত্রী পরিষ্কারভাবে নির্দেশনা দিয়েছেন কোনো শিশু যেন শ্রেণিকক্ষের বাইরে না থাকে। এ লক্ষ্য বাস্তবায়নে প্রতিটি প্রাথমিক শিক্ষার্থীর জন্য পুষ্টিকর মিড-ডে মিল, বিনামূল্যে ইউনিফর্ম, জুতা ও ব্যাগসহ বিভিন্ন সহায়তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

অবকাঠামো উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, সরকারের লক্ষ্য শুধু বিদ্যালয়ের ভবন নির্মাণ নয়; প্রতিটি বিদ্যালয়কে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা অর্জনের উপযোগী আধুনিক, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশে রূপান্তর করা। সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে প্রতিটি এলাকার ‘উজ্জ্বল নক্ষত্র’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, আগামী ছয় মাসের লক্ষ্যমাত্রাগুলোও যথাযথভাবে বাস্তবায়ন করা হবে। প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি ও সরকারের নির্বাচনী ইশতেহারে প্রাথমিক শিক্ষা নিয়ে করা অঙ্গীকার বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। মাঠপর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় প্রস্তুতি ও সক্ষমতা নিশ্চিত করেই এসব পরিবর্তন বিদ্যালয় পর্যায়ে বাস্তবায়ন করা হবে।

আগামী কারিকুলামে ইংরেজি লিখিত পরীক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতা বাড়াতে স্পিকিং টেস্ট চালুর পরিকল্পনার কথাও জানান ববি হাজ্জাজ। তিনি বলেন, শিক্ষার্থীদের তথ্য ব্যবস্থাপনা ও শিক্ষা কার্যক্রম আরও আধুনিক করতে একটি সমন্বিত আইটি ইকোসিস্টেম গড়ে তোলা হচ্ছে। এর আওতায় প্রতিটি শিক্ষার্থীর জন্য একটি করে ইউনিক আইডি থাকবে।

শিক্ষার্থীদের স্বাস্থ্য, নিরাপত্তা ও বিদ্যালয়ের পরিবেশ উন্নয়নে পৃথক ওয়াশ ব্লকের পরিবর্তে স্কুল ভবনের মধ্যেই প্রয়োজনীয় ওয়াশ ব্লক স্থাপনের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

স্কুল ফিডিং কার্যক্রম নিয়ে প্রতিমন্ত্রী বলেন, এ কার্যক্রমে যেসব ভুল-ত্রুটি হচ্ছে, তার তুলনায় এ নিয়ে অপপ্রচারই বেশি হচ্ছে। তবে সরকার প্রকৃত সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানে কাজ করছে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, সাধারণত মসজিদে এ ধরনের ঘটনা দেখা যায় না। এর অন্যতম কারণ মানুষ মসজিদকে নিজের প্রতিষ্ঠান মনে করে। কিন্তু সরকারি প্রাথমিক বিদ্যালয়কে অনেকেই নিজের প্রতিষ্ঠান হিসেবে মনে করেন না। অভিভাবক, শিক্ষক ও স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে সরকারি প্রাথমিক বিদ্যালয়কে সবার নিজের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

কর্মশালায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগের প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপপরিচালক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) মহাপরিচালক ফরিদ আহমেদ এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশনসের পরিচালক।

এ ছাড়া ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার পিটিআই সুপার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা কর্মশালায় উপস্থিত ছিলেন।