বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

হামলার শিকার সাংবাদিক ওমর ফারুকের শারীরিক অবস্থার অবনতি, ঢাকা মেডিকেলে স্থানান্তর

মিঠামইন(কিশোরগঞ্জ) প্রতিনিধি।। প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১:৪৮ পিএম
হামলার শিকার সাংবাদিক ওমর ফারুকের শারীরিক অবস্থার অবনতি, ঢাকা মেডিকেলে স্থানান্তর

কিশোরগঞ্জের মিঠামইনে সন্ত্রাসী হামলার শিকার দৈনিক সকাল বেলা পত্রিকার বিশেষ প্রতিনিধি সাংবাদিক ওমর ফারুকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

জানা গেছে, গত ১ জুলাই সন্ধ্যা ৬টার দিকে মিঠামইন উপজেলার ধলাই-বগাদিয়া বাজারে পেশাগত দায়িত্ব পালন শেষে ফেরার পথে স্থানীয় সন্ত্রাসীরা সাংবাদিক ওমর ফারুকের ওপর হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় বাজারে উপস্থিত লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পরে স্থানীয়রা উদ্ধার করে তাঁকে প্রথমে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাঁর অবস্থার গুরুতর বিবেচনায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় সাংবাদিক মহলে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।

ফুলবাড়ীয়ার শিবগঞ্জ বাজারে ব্যবসায়ী সমিতির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি।। প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১২:৫৯ পিএম
ফুলবাড়ীয়ার শিবগঞ্জ বাজারে ব্যবসায়ী সমিতির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ২ নং পুটিজানা ইউনিয়নের ঐতিহ্যবাহী শিবগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নবগঠিত কমিটির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শিবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ সভায় বাজারের ব্যবসায়ী, স্থানীয় সামাজিক সংগঠন, যুবসমাজ ও সর্বস্তরের এলাকাবাসী অংশ নেন।

অনুষ্ঠানের শিবগঞ্জ বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা বাজারের বিভিন্ন সমস্যা ও সুনির্দিষ্ট নানা দাবি তুলে ধরেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিবগঞ্জ বাজারের সামগ্রিক পরিবেশ উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে স্থানীয় যুবসমাজ ও সামাজিক সংগঠনগুলোকে সঙ্গে নিয়ে যৌথভাবে কাজ করা হবে।

শিবগঞ্জ বাজার পরিচালনা কমিটির সভাপতি মো: সেকান্দর আলী তরফদার-এর সভাপতিত্বে এবং নবগঠিত ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো: কামরুল তরফদার-এর পরিচালনায় সভায় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন:

হাফিজুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক, শিবগঞ্জ বাজার পরিচালনা কমিটি,

ডা: মো: আ: মান্নান, সাবেক সাধারণ সম্পাদক, শিবগঞ্জ বাজার পরিচালনা কমিটি

মো: আ: মতিন শাহা ফকির, সাবেক সভাপতি, শিবগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি

মো: ওয়াসিম মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক, শিবগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি

মো: হযরত মন্ডল, বর্তমান সভাপতি, শিবগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি

মো: আরিফ রাব্বানী, বর্তমান সাধারণ সম্পাদক, শিবগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি

বক্তারা শিবগঞ্জ বাজারের সার্বিক উন্নয়ন, ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং একটি ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিবগঞ্জ বাজারের যুবসমাজের পক্ষে রিফাত আহমেদ রিজভী বক্তব্য রাখেন। তিনি যুবসমাজকে ক্রীড়া ও গঠনমূলক কর্মকাণ্ডে যুক্ত রাখতে শিবগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে একটি ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব জানান।

সবশেষে, সকলের সার্বিক সহযোগিতা ও যৌথ প্রচেষ্টায় শিবগঞ্জ বাজারকে একটি আধুনিক ও ‘মডেল বাজার’ হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করে সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন।

অষ্টগ্রামে পূজা মণ্ডপের অর্থ নিয়ে বিরোধের অবসান, সমঝোতায় ৬ সদস্যের উপকমিটি

মোক্তার হোসেন গোলাপ।। প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৯:৪০ পিএম
অষ্টগ্রামে পূজা মণ্ডপের অর্থ নিয়ে বিরোধের অবসান, সমঝোতায় ৬ সদস্যের উপকমিটি

কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে পূজা মণ্ডপের অর্থ সংক্রান্ত বিরোধ ও এ নিয়ে প্রকাশিত সংবাদকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতির অবসান হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা শেষে সমঝোতার ভিত্তিতে পূজা পরিচালনা ও অনুদানের অর্থ সুষ্ঠুভাবে ব্যয় নিশ্চিত করতে ছয় সদস্যের একটি উপকমিটি গঠন করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) উপজেলা সম্প্রসারিত প্রশাসনিক ভবনের মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাসের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকনুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মজনু মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুল, সাংগঠনিক সম্পাদক এস এম শাহীন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম সাগর, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ অষ্টগ্রাম শাখার আহ্বায়ক দেবেশ চন্দ্র দাস ও সদস্যসচিব জীবন ময় শীল।

এ ছাড়া বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট অষ্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক অজিত দত্ত, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট অষ্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক অসীম বনিকসহ বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা সভায় অংশ নেন।

সভায় সংশ্লিষ্ট উভয় পক্ষের বক্তব্য ও সাক্ষীদের কথা শোনা হয়। পরে আলোচনার মাধ্যমে বিরোধের সৌহার্দ্যপূর্ণ সমাধানে পৌঁছানো হয়। পূজা পরিচালনা এবং অনুদানের অর্থ যথাযথভাবে ব্যয়ের লক্ষ্যে সর্বসম্মতিক্রমে একটি ছয় সদস্যের উপকমিটি গঠন করা হয়।

উপকমিটির আহ্বায়ক করা হয়েছে জীবন ময় শীলকে। কমিটির অন্য সদস্যরা হলেন অজিত দত্ত, অসীম বনিক, নজরুল ইসলাম সাগর, হেমচন্দ্র ঋষি দাস ও সুকুমার চন্দ্র দাস।

সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, এ সমঝোতার মাধ্যমে পূজা মণ্ডপের অর্থ সংক্রান্ত বিরোধের অবসান ঘটবে এবং ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট সবাই সমন্বিতভাবে কাজ করতে পারবেন।

‎গৌরীপুরে প্রায় ১০ লাখ টাকার গাঁজাসহ কারবারি গ্রেপ্তার

‎গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি।। প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ১২:০৯ পিএম
‎গৌরীপুরে প্রায় ১০ লাখ টাকার গাঁজাসহ কারবারি গ্রেপ্তার

ময়মনসিংহের গৌরীপুর থানা পুলিশ ৪৮ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। উদ্ধারকৃত এই সুবিশাল চালানের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ ৬০ হাজার টাকা।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চালানো এক বিশেষ অভিযানে মাদক চক্রের এই মূলহোতাকে হাতেনাতে ধরে পুলিশ।

‎পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোঃ কামরুল হাসানের সরাসরি নির্দেশনায় গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমানের নিরলস প্রচেষ্টায় অপরাধ নিয়ন্ত্রণে সফল এই সাঁড়াশি অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন গৌরীপুর থানার এসআই (নিঃ) মোস্তাফিজুর রহমান, সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে তিনি উজান কাশিয়ার চর (বালুর চর) এলাকায় অভিযান পরিচালনা করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে চতুর আসামীরা পালানোর চেষ্টা করলেও বসতঘর থেকে আঃ সালাম নামের এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে ৪৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। তবে একই চক্রের অপর সদস্য আল আমিন পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে যায়।

‎স্থানীয় অনুসন্ধানে জানা গেছে, গ্রেপ্তারকৃত সালাম ও পলাতক আল আমিন দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে বিশাল এই মাদকের নেটওয়ার্ক পরিচালনা করে আসছিল। সীমান্ত পেরিয়ে আসা মাদকের চালান জমা করে তারা জেলার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দিত। এদিকে পুলিশের এই ঝটিকা ও সফল অভিযানে স্বস্তি ফিরে এসেছে স্থানীয় জনমনে। মাদক নির্মূলে থানা পুলিশের এমন জিরো টলারেন্স নীতি ও তীক্ষ্ণ নজরদারিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি সাধারণ মানুষের আস্থা আরো সুদৃঢ় হয়েছে।

‎ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান জানান, উদ্ধারকৃত বিশাল মাদকের চালানের বিষয়ে গ্রেপ্তারকৃত সালাম ও পলাতক আল আমিনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। পলাতক আসামী আল আমিনকে গেপ্তারে এবং এই চক্রের পেছনের মদদদাতাদের খুঁজে বের করতে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রাখা হয়েছে।