মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ।। প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৮:৫৯ পিএম
ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

‘প্রশিক্ষণ সবার জন্যই প্রযোজ্য। এটি জ্ঞান ও দক্ষতাকে নিয়মিত হালনাগাদ করে পেশাগত সক্ষমতা বাড়াতে সহায়তা করে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ও ময়মনসিংহ মহানগর প্রেসক্লাবের যৌথ আয়োজনে সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নে তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ জুন) বিকেল সাড়ে ৩টায় নগরীর কাচারি রোডস্থ ময়মনসিংহ মহানগর প্রেসক্লাবের দ্বিতীয় তলায় এ কর্মশালার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিস, ময়মনসিংহের পরিচালক মীর আকরাম উদ্দিন আহমদ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার (রু/দা) ও ময়মনসিংহ আঞ্চলিক তথ্য অফিসের কর্মকর্তা মাসুদ মিয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক (ক্যারিয়ার ও প্রশিক্ষণ) কাজী শামীমাজ আলম এবং উপপরিচালক (মহিলা ও সমন্বয়) গাজী শরিফা ইয়াছমিন।

দৈনিক লাল সবুজের দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক শিবলী সাদিক খানের সভাপতিত্বে এবং দৈনিক জনতার খবর পত্রিকার স্টাফ রিপোর্টার মো. জাহাঙ্গীর আকন্দের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক বদরুল আমীন, এটিএম মহবুব-উল-আলম, অ্যাডভোকেট লিটন দাস, মোশারফ হোসেন সরকার, মফিজ উদ্দিন, রোকসানা আক্তার ও তাসলিমা রত্না প্রমুখ।

কর্মশালায় সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, তথ্য অধিকার আইন সম্পর্কে সচেতনতা, হলুদ সাংবাদিকতার ক্ষতিকর প্রভাব এবং আধুনিক সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

আয়োজকরা জানান, প্রশিক্ষণ কর্মশালাটি আগামী ১৫ জুন ২০২৬ পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে অনুষ্ঠিত হবে।

ময়মনসিংহ থেকে প্রকাশিত পাক্ষিক সুবর্ণ বাংলা পত্রিকার সম্পাদক ও ময়মনসিংহ মহানগর প্রেসক্লাবের সভাপতি মো. আরিফ রেওগীর এবং দৈনিক লাল সবুজের দেশ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার ও ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার কমিটির যুগ্ম আহ্বায়ক জহুর লাল দের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ কর্মশালায় সংবাদ প্রতিবেদন রচনা, ভাষা ও শব্দচয়ন, অনুসন্ধানী প্রতিবেদন তৈরি, নৈতিক সাংবাদিকতা, তথ্য যাচাই-বাছাই এবং পেশাগত দক্ষতা উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

বক্তারা আশা প্রকাশ করেন, বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় এ প্রশিক্ষণ কর্মশালা সাংবাদিকদের জ্ঞান, দক্ষতা ও পেশাগত সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ময়মনসিংহে প্লাস্টিক বর্জ্য রিসাইক্লিং নিয়ে জেলা প্রশাসনের মতবিনিময় সভা

শিবলী সাদিক খান।। প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১১:১৩ পিএম
ময়মনসিংহে প্লাস্টিক বর্জ্য রিসাইক্লিং নিয়ে জেলা প্রশাসনের মতবিনিময় সভা

প্লাস্টিক বোতল ও ক্ষতিকর প্লাস্টিক বর্জ্য রিসাইক্লিং কার্যক্রমকে আরও গতিশীল করতে ময়মনসিংহে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।

সভায় প্লাস্টিক দূষণ প্রতিরোধে কাজ করা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় প্লাস্টিক বর্জ্য সংগ্রহ, পুনর্ব্যবহার, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়নে বিভিন্ন মতামত ও প্রস্তাব তুলে ধরা হয়।

বক্তারা বলেন, প্লাস্টিক দূষণ রোধে সরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা ও তরুণ স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণ জরুরি। জেলা প্রশাসনের সঙ্গে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ একটি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য ময়মনসিংহ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভা শেষে যত্রতত্র প্লাস্টিক বর্জ্য না ফেলার আহ্বান জানানো হয়। একই সঙ্গে প্লাস্টিক বর্জ্য রিসাইক্লিং কার্যক্রমে অংশ নিয়ে পরিবেশ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

রূপালী লাইফের ‘স্মার্ট রূপালী ডিভিশন’-এর জবা প্রজেক্টের ইনচার্জ হলেন এফ এম আব্বাস উদ্দিন

নিজস্ব প্রতিবেদক।। প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৯:১৮ পিএম
রূপালী লাইফের ‘স্মার্ট রূপালী ডিভিশন’-এর জবা প্রজেক্টের ইনচার্জ হলেন এফ এম আব্বাস উদ্দিন

রূপালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র ‘স্মার্ট রূপালী ডিভিশন’-এর অধীন ‘জবা প্রজেক্ট’-এর ইনচার্জ হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন এফ এম আব্বাস উদ্দিন। তিনি একই প্রতিষ্ঠানে এজেন্সি ডিরেক্টর হিসেবেও দায়িত্ব পালন করছেন।

নতুন দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় এফ এম আব্বাস উদ্দিন বলেন, “রূপালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র স্মার্ট রূপালী ডিভিশনের জবা প্রজেক্টের ইনচার্জ হিসেবে আমাকে দায়িত্ব প্রদান করায় সম্মানিত সিএমও ও সিইও মহোদয়দের প্রতি জানাই আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা। পাশাপাশি জানাই জবা ফুলের শুভেচ্ছা।”

এ সময় তিনি প্রতিষ্ঠানের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) আবু মো. শফিকুল ইসলাম শাওন এবং চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) মো. গোলাম কিবরিয়াকে জবা ফুলের শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, ‘নিরাপদ পরিবার, সমৃদ্ধ আগামী’ এবং ‘নিরাপদ জীবনের নিশ্চয়তা’—এই স্লোগানকে সামনে রেখে রূপালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি দীর্ঘদিন ধরে বীমা খাতে আস্থা, নিরাপত্তা ও ভবিষ্যতের নিশ্চয়তা নিয়ে কাজ করে আসছে।

গফরগাঁওয়ে দিগন্ত ঘোষের বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে সম্পর্ক ও প্রতারণার অভিযোগ

রাকিবুল হাসান আহাদ।। প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৮:০৩ পিএম
গফরগাঁওয়ে দিগন্ত ঘোষের বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে সম্পর্ক ও প্রতারণার অভিযোগ

ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার রেলওয়ে স্টেশন রোড এলাকার ঢাকা মিষ্টান্ন ভাণ্ডারের সঙ্গে সংশ্লিষ্ট দিগন্ত ঘোষের বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে প্রতারণা ও ব্যক্তিগত সম্পর্কের অপব্যবহারের অভিযোগ উঠেছে।

অভিযোগকারীদের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে বিভিন্ন নারীর সঙ্গে পরিচয়ের পর তাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন দিগন্ত ঘোষ। এ সময় ধারণ করা কিছু ব্যক্তিগত ভিডিও ও অন্যান্য উপকরণ নিয়ে কয়েকজন অভিযোগকারী উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের দাবি, এসবের কিছু সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিযোগকারী জানান, তারা প্রতারণার শিকার হয়েছেন এবং এ ঘটনায় সামাজিক ও পারিবারিকভাবে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন। তারা বিষয়টি নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে দিগন্ত ঘোষ বলেন, “মেয়েরা আমাকে পছন্দ করে বলেই আমার কাছে আসে।” তবে অভিযোগের অন্যান্য বিষয়ে তিনি বিস্তারিত মন্তব্য করেননি।

এ ঘটনায় থানায় কোনো মামলা বা জিডি হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়দের দাবি, অভিযোগগুলো তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করা হোক।