পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ
পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ময়মনসিংহের ত্রিশালে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে ত্রিশাল উপজেলা শ্রমিক দলের সভাপতি ফিরোজ নূন ও সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন শোভার নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি জাতীয় সংসদ সদস্য ডা. মাহাবুবুর রহমান লিটন এমপির বাসভবনের সামনে থেকে শুরু হয়। মিছিলটি মাদানী সিএনজি পাম্প এলাকা প্রদক্ষিণ করে পুনরায় ডা. লিটনের বাসভবনের সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে শ্রমিক দলের নেতারা বক্তব্য দেন।
সমাবেশে বক্তারা বলেন, দেশের শান্তি, গণতন্ত্র ও স্থিতিশীলতা নষ্ট করার লক্ষ্যে কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য কিংবা ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। জনগণের জানমাল ও দেশের সার্বিক নিরাপত্তা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। তবে জনগণের নিরাপত্তা ও জাতীয় স্বার্থের প্রশ্নে সবাইকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। কোনো মহল যেন পরিকল্পিতভাবে দেশের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে ত্রিশাল উপজেলা শ্রমিক দলের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।











