দুই পরিচয়পত্র নিয়ে সন্দেহ, এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ এলাকাবাসীর
ময়মনসিংহে সন্দেহজনক পরিচয়ের অভিযোগে এক ব্যক্তিকে আটক করে কোতোয়ালী মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় জনতা।
স্থানীয় সূত্রে জানা যায়, আটক ব্যক্তির কাছে থাকা দুটি পৃথক পরিচয়পত্র নিয়ে প্রশ্নের সৃষ্টি হয়েছে। তার সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুযায়ী তার নাম জিহাদ হাসান রাব্বি। তবে অপর একটি পরিচয়পত্রে, যা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচয়পত্র বলে দাবি করা হচ্ছে, সেখানে মো. আর্ক আহাম্মেদ নাম ব্যবহার করা হয়েছে।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে নানা ধরনের প্রশ্নের সৃষ্টি হয়েছে। তারা বিষয়টির নিরপেক্ষ তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাধ্যমে পরিচয়পত্র দুটির সত্যতা যাচাই এবং প্রকৃত পরিচয় উদঘাটনের দাবি জানিয়েছেন।
বর্তমানে ওই ব্যক্তি ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের হেফাজতে রয়েছেন। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটনের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, আটক ব্যক্তির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ বা উদ্ধার হওয়া পরিচয়পত্রের সত্যতা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। তদন্ত শেষে এ বিষয়ে প্রকৃত তথ্য জানা যাবে।











