বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

মিঠামইনে গোপদিঘী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম মীর

মোক্তার হোসেন গোলাপ, হাওর অঞ্চল প্রতিনিধি।। প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ২:৪২ পিএম
মিঠামইনে গোপদিঘী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম মীর

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার গোপদিঘী ইসলামিয়া দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন অ্যাডভোকেট রফিকুল ইসলাম মীর।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক আদেশে তাঁকে এ পদে মনোনয়ন দেওয়া হয়। বোর্ডের চেয়ারম্যানের নির্দেশক্রমে উপ-রেজিস্ট্রার (প্রশাসন) স্বাক্ষরিত ২৮ অক্টোবরের এক পত্রে মাদ্রাসাটির এডহক কমিটি গঠনের অনুমোদন দেওয়া হয়।

বোর্ডের ওই পত্রে উল্লেখ করা হয়, বিধি মোতাবেক কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার গোপদিঘী ইসলামিয়া দাখিল মাদ্রাসার এডহক কমিটি গঠনের অনুমতি দেওয়া হয়েছে। এতে অ্যাডভোকেট রফিকুল ইসলাম মীরকে সভাপতি হিসেবে মনোনীত করা হয়।

তাঁর সভাপতি হিসেবে মনোনীত হওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়। সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন নেতৃত্বে মাদ্রাসাটির শিক্ষা কার্যক্রমের উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি এবং সার্বিক পরিবেশ উন্নয়নে ইতিবাচক অগ্রগতি হবে।

নবমনোনীত সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম মীর মাদ্রাসার শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়নে সংশ্লিষ্ট শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং এলাকাবাসীর সহযোগিতা কামনা করেছেন।

ময়মনসিংহে পুলিশ ফাঁড়ির অভিযান: গ্রীল কাটার সরঞ্জামসহ হিমু গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ।। প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৯:৫৭ পিএম
ময়মনসিংহে পুলিশ ফাঁড়ির অভিযান: গ্রীল কাটার সরঞ্জামসহ হিমু গ্রেপ্তার

ময়মনসিংহ নগরীর গোয়ালকান্দি তিনকোনা পুকুর এলাকায় অভিযান চালিয়ে গ্রীল কাটার সরঞ্জাম ও দেশীয় অস্ত্রসহ মো. হিমু (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৮ অক্টোবর) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ নগরীর ২ নম্বর পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। অভিযানে ওই এলাকা থেকে হিমুকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হিমু ময়মনসিংহ নগরীর কাচিঝুলি মাস্টার রোড এলাকার জাকারিয়া ইসলামের ছেলে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে দেশীয় অস্ত্র ও গ্রীল কাটার সরঞ্জাম উদ্ধার করা হয়। তিনি গ্রীল কেটে চুরির সঙ্গে জড়িত কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট পুলিশি তদন্ত ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বিস্তারিত তথ্য নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

কিশোরগঞ্জে ২ হাজার ৪০০ টাকার জন্য প্রাণ গেল ইমরানের !

মোক্তার হোসেন গোলাপ।। প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৯:০৮ পিএম
কিশোরগঞ্জে ২ হাজার ৪০০ টাকার জন্য প্রাণ গেল ইমরানের !

কিশোরগঞ্জে মাত্র ২ হাজার ৪০০ টাকা পাওনাকে কেন্দ্র করে মো. ইমরান মিয়া (৩৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। গত ২৬ অক্টোবর সন্ধ্যায় জেলা সদরের মারিয়া ইউনিয়নের পেয়ারা ভাঙ্গা নাটবাড়ি মোড়ে কালামের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহত ইমরান মিয়া মারিয়া ইউনিয়নের কাতিয়াচর গ্রামের মৃত আব্দুল শাহিদের ছেলে। ঘটনার পর পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, কালামের কাছে ইমরানের ২ হাজার ৪০০ টাকা পাওনা ছিল। ওই টাকা চাইতে গত সোমবার সকালে কালামের বাড়িতে যান ইমরান। তবে কালামকে বাড়িতে না পেয়ে ফিরে আসেন তিনি। সকালে কেন তাঁর বাড়িতে গিয়েছিলেন এ নিয়ে ক্ষুব্ধ হয়ে সন্ধ্যায় কালাম ফোন করে ইমরানকে নিজের বাড়ির সামনে আসতে বলেন।

ইমরান সেখানে পৌঁছালে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে কালাম ধারালো ছুরি দিয়ে ইমরানের পেটে ও বুকে উপর্যুপরি তিনটি আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় কালামের স্ত্রী ইমরানকে ধরে রাখেন বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা। ছুরিকাঘাতে গুরুতর আহত ইমরান রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

পরে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর থেকে অভিযুক্ত কালাম পলাতক রয়েছেন। এদিকে, হত্যাকাণ্ডের পেছনে পার্শ্ববর্তী গ্রামের তানভীর আহমেদ ওরফে লিসনের পরিকল্পনা রয়েছে বলে দাবি করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি। তাঁদের অভিযোগ, লিসন মাদক সেবনের সঙ্গে জড়িত এবং এলাকায় বিভিন্ন অপকর্মে যুক্ত। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে কোনো তথ্য যাচাই করা সম্ভব হয়নি। হত্যাকাণ্ডে তাঁর সম্পৃক্ততার বিষয়টিও পুলিশের তদন্তে নিশ্চিত হওয়া প্রয়োজন।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত কালামকে গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। তদন্তের মাধ্যমে ঘটনার অন্যান্য বিষয় জানা যাবে।

বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদসহ ছাত্রদল নেতা আমান উদয়সহ গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক।। প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ২:০০ পিএম
বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদসহ ছাত্রদল নেতা আমান উদয়সহ গ্রেপ্তার ৫

জামালপুরের বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদসহ উপজেলা ধানুয়া কামালপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান উদয়সহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১)। এ সময় ১৫০ সিসির একটি সুজুকি মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৭৩ হাজার টাকা।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের পুলিশ সুপারের কার্যালয় থেকে আদালতে পাঠানো হয়। এর আগে শনিবার (২৪ অক্টোবর) রাতে বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের বৈষ্ণব পাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার অন্য চারজন হলেন বৈষ্ণব পাড়া গ্রামের সুজাত মিয়া (৩৭) ও মো. সিফাত (২০), গাজীপুরের মো. রুবেল মিয়া (২৭) এবং নিলক্ষিয়া মির্ধাপাড়া গ্রামের মো. ফুরকান হোসেন (১৯)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৈষ্ণব পাড়ায় সুজাত মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে লাউচাপড়া এলাকায় অভিযান চালিয়ে আরও একজনকে আটক করা হয়। অভিযানে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ২১৭ বোতল মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে বকশীগঞ্জ থানায় মামলা করা হয়েছে।

বকশীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবাইদুল ইসলাম শামীম বলেন, আমান উল্লাহ আমান উদয় ধানুয়া কামালপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন, সীমান্ত দিয়ে মাদক অনুপ্রবেশ এবং এর সঙ্গে জড়িত পুরো চক্রকে আইনের আওতায় আনা হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।