জামালপুরের বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদসহ উপজেলা ধানুয়া কামালপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান উদয়সহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১)। এ সময় ১৫০ সিসির একটি সুজুকি মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৭৩ হাজার টাকা।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের পুলিশ সুপারের কার্যালয় থেকে আদালতে পাঠানো হয়। এর আগে শনিবার (২৪ অক্টোবর) রাতে বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের বৈষ্ণব পাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার অন্য চারজন হলেন বৈষ্ণব পাড়া গ্রামের সুজাত মিয়া (৩৭) ও মো. সিফাত (২০), গাজীপুরের মো. রুবেল মিয়া (২৭) এবং নিলক্ষিয়া মির্ধাপাড়া গ্রামের মো. ফুরকান হোসেন (১৯)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৈষ্ণব পাড়ায় সুজাত মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে লাউচাপড়া এলাকায় অভিযান চালিয়ে আরও একজনকে আটক করা হয়। অভিযানে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ২১৭ বোতল মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে বকশীগঞ্জ থানায় মামলা করা হয়েছে।
বকশীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবাইদুল ইসলাম শামীম বলেন, আমান উল্লাহ আমান উদয় ধানুয়া কামালপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন, সীমান্ত দিয়ে মাদক অনুপ্রবেশ এবং এর সঙ্গে জড়িত পুরো চক্রকে আইনের আওতায় আনা হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিজস্ব প্রতিবেদক।।