কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার গোপদিঘী ইসলামিয়া দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন অ্যাডভোকেট রফিকুল ইসলাম মীর।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক আদেশে তাঁকে এ পদে মনোনয়ন দেওয়া হয়। বোর্ডের চেয়ারম্যানের নির্দেশক্রমে উপ-রেজিস্ট্রার (প্রশাসন) স্বাক্ষরিত ২৮ অক্টোবরের এক পত্রে মাদ্রাসাটির এডহক কমিটি গঠনের অনুমোদন দেওয়া হয়।
বোর্ডের ওই পত্রে উল্লেখ করা হয়, বিধি মোতাবেক কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার গোপদিঘী ইসলামিয়া দাখিল মাদ্রাসার এডহক কমিটি গঠনের অনুমতি দেওয়া হয়েছে। এতে অ্যাডভোকেট রফিকুল ইসলাম মীরকে সভাপতি হিসেবে মনোনীত করা হয়।
তাঁর সভাপতি হিসেবে মনোনীত হওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়। সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন নেতৃত্বে মাদ্রাসাটির শিক্ষা কার্যক্রমের উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি এবং সার্বিক পরিবেশ উন্নয়নে ইতিবাচক অগ্রগতি হবে।
নবমনোনীত সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম মীর মাদ্রাসার শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়নে সংশ্লিষ্ট শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং এলাকাবাসীর সহযোগিতা কামনা করেছেন।

মোক্তার হোসেন গোলাপ, হাওর অঞ্চল প্রতিনিধি।।