সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

ময়মনসিংহে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন, চলবে ২৯ এপ্রিল পর্যন্ত

আরিফ রব্বানী, ময়মনসিংহ।। প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৭:৩৪ পিএম
ময়মনসিংহে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন, চলবে ২৯ এপ্রিল পর্যন্ত

ময়মনসিংহে বিভাগীয় পর্যায়ে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচি আগামী ২৯ এপ্রিল পর্যন্ত চলবে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং ময়মনসিংহ বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের বাস্তবায়নে সপ্তাহব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধন উপলক্ষে সকালে স্বাস্থ্য বিভাগের পরিচালকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

র‍্যালি শেষে পরিচালকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. প্রদীপ কুমার সাহা।

সভায় সভাপতির বক্তব্যে ডা. প্রদীপ কুমার সাহা বলেন, “দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে পুষ্টি খাতে বৈষম্য দূর করা অত্যন্ত জরুরি। সুষম খাদ্য গ্রহণ, সচেতনতা বৃদ্ধি এবং পুষ্টিসেবার সহজলভ্যতা নিশ্চিত করতে পারলেই অপুষ্টি দূর করা সম্ভব।”

তিনি আরও বলেন, “শিশু, কিশোর-কিশোরী ও মাতৃস্বাস্থ্যের উন্নয়নে পুষ্টি কার্যক্রমকে আরও জোরদার করতে হবে। স্বাস্থ্যবান জাতি গড়তে পুষ্টির কোনো বিকল্প নেই।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় পরিচালক (পরিবার পরিকল্পনা) মো. মতিউর রহমান এবং বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. মনোরঞ্জন ধর।

এসময় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

রাসুর নেতৃত্বে যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় ময়মনসিংহে আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ।। প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬, ৮:৩৯ পিএম
রাসুর নেতৃত্বে যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় ময়মনসিংহে আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে ময়মনসিংহ মহানগরে বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

ময়মনসিংহ মহানগর যুবদলের ১ নম্বর সহসভাপতি মিনহাজুল ইসলাম রাসুর নেতৃত্বে আয়োজিত এ আনন্দ মিছিলে যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি অনুমোদনের মাধ্যমে সংগঠনের কার্যক্রমে নতুন গতি সঞ্চার হয়েছে। তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক দূরদর্শিতা, সাংগঠনিক দক্ষতা এবং তরুণ নেতৃত্ব বিকাশে তাঁর ভূমিকার প্রশংসা করেন।

এ সময় নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নসহ সকল নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের হাত ধরে যুবদল দেশের সর্বস্তরের যুবসমাজকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্র, ন্যায়বিচার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আরও কার্যকর ভূমিকা পালন করবে।

মহানগর যুবদলের ১ নম্বর সহসভাপতি মিনহাজুল ইসলাম রাসু বলেন, “যুবদল সবসময় জনগণের অধিকার আদায়ের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে। কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ ঘোষণার মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে এবং তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে।”

তিনি নবগঠিত কেন্দ্রীয় কমিটির সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন এবং সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দলের আদর্শ বাস্তবায়নে কাজ করার আহ্বান জানান।

পরে আনন্দ মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি সমর্থন ও শুভেচ্ছা জানান এবং যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। মিছিল ও সমাবেশে মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর অবশেষে তদন্তে নামছে শিক্ষা অফিস

মিঠামইনে স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে জমির মাটি আত্মসাতের অভিযোগ

মিঠামইন প্রতিনিধি।। প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬, ১১:২২ পিএম
মিঠামইনে স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে জমির মাটি আত্মসাতের অভিযোগ

কিশোরগঞ্জের মিঠামইনে হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে পুকুর খনন ও মাটি আত্মসাতের অভিযোগে অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অবশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে তদন্তের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর প্রশাসনের টনক নড়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

অভিযোগের কেন্দ্রে রয়েছেন হোসেনপুর গ্রামের মৃত রুহুল আমিন মাস্টারের ছেলে এবং হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন। ভূমি রেকর্ড অনুযায়ী, হোসেনপুর মৌজার এসএ খতিয়ান নং-১০ এবং দাগ নং-২০১৯-এর জমি বিদ্যালয়ের নামে রেকর্ডভুক্ত। কিন্তু অভিযোগ রয়েছে, প্রধান শিক্ষক জাকির হোসেন বিদ্যালয়ের ৪৮ শতাংশ জমির মাটি কেটে সেখানে পুকুর খনন করেছেন। কাটা মাটি তিনি নিজের বসতবাড়িতে নিয়ে গেছেন বলেও অভিযোগ করা হয়েছে।

এলাকাবাসীর দাবি, বিষয়টি নিয়ে জানতে চাইলে প্রথমে প্রধান শিক্ষক ভুল স্বীকার করে পুকুর ভরাটের আশ্বাস দেন। তবে পরে তিনি সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেননি।

এ ঘটনায় জমিদাতা মো. আবু হানিফ ভূঁইয়া ২০২৫ সালের ১৯ জানুয়ারি উপজেলা শিক্ষা অফিসারের কাছে প্রথম লিখিত অভিযোগ করেন। কোনো ব্যবস্থা না হওয়ায় একই বছরের ১৫ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর দ্বিতীয় দফা অভিযোগ দাখিল করেন। অভিযোগের পরও প্রায় ১০ মাস ধরে অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।

সম্প্রতি বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসকে সরেজমিন তদন্তের নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে শিক্ষা অফিস আগামী ১০ জুন হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাদেকুর রহমান বলেন, “বিষয়টি আমার নজরে এসেছে। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজ মিয়া আগামী ১০ জুন সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন দাখিল করবেন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিধি-বিধান অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তদন্তের সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করলেও এলাকাবাসীর দাবি, অভিযোগ দায়েরের প্রায় ১০ মাস পর তদন্ত শুরু হচ্ছে। তারা দ্রুত তদন্ত শেষ করে বিদ্যালয়ের জমি উদ্ধার, পুকুর ভরাট এবং দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ত্রিশালে ধর্ষণ মামলার বাদীকে প্রাণনাশের হুমকির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ।। প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬, ৫:৫৯ পিএম
ত্রিশালে ধর্ষণ মামলার বাদীকে প্রাণনাশের হুমকির অভিযোগ

ময়মনসিংহের ত্রিশালে ধর্ষণ মামলার এক বাদীকে প্রকাশ্যে গতিরোধ করে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী নারী। আসামি গ্রেপ্তার হওয়ার পরও তার সহযোগীদের এমন কর্মকাণ্ডে বিচারপ্রাপ্তি নিয়ে শঙ্কা ও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেছেন ওই নারী।

শুক্রবার (৫ জুন) সকালে ত্রিশাল থানায় দায়ের করা জিডি ও মামলা সূত্রে জানা যায়, গত ১০ এপ্রিল বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে ভুক্তভোগী নারী বাদী হয়ে ত্রিশাল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী-২০২৫) এর ৯(১) ধারায় একটি মামলা দায়ের করেন। মামলার আসামি মো. শামীম বর্তমানে কারাগারে রয়েছেন।

অভিযোগে বলা হয়েছে, আসামি গ্রেপ্তারের পর থেকেই ইমাম মেহেদী শ্যামল (৩৮) নামের এক ব্যক্তি এবং তার নেতৃত্বে কয়েকজন বাদীকে মামলা প্রত্যাহারের জন্য বিভিন্নভাবে চাপ দিয়ে আসছেন।

ভুক্তভোগী নারীর অভিযোগ, বিবাদীরা বিভিন্ন মোবাইল নম্বর থেকে একাধিকবার ফোন করে তাকে প্রাণনাশের হুমকি দেয়। সর্বশেষ গত ৩১ মে দুপুর ৩টার দিকে ত্রিশাল বাসস্ট্যান্ডসংলগ্ন ইউনাইটেড বাস কাউন্টারের সামনে তাকে গতিরোধ করেন ইমাম মেহেদী শ্যামল ও তার সঙ্গে থাকা অজ্ঞাতনামা ৪ থেকে ৫ জন ব্যক্তি। এ সময় মামলা প্রত্যাহার না করলে তাকে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়। পরে স্থানীয় লোকজনের হস্তক্ষেপে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

ভুক্তভোগী নারী বলেন, “আইনের আশ্রয় নেওয়ার কারণে আমি এখন আসামিপক্ষের লোকজনের রোষানলে পড়েছি। তারা প্রকাশ্যে আমাকে হুমকি দিচ্ছে। আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”

স্থানীয়দের ভাষ্য, বিচারাধীন মামলার বাদী বা সাক্ষীকে হুমকি দেওয়া বিচারপ্রক্রিয়াকে প্রভাবিত করার অপচেষ্টা এবং আইনের প্রতি চরম অবমাননার শামিল। দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ন্যায়বিচার ব্যাহত হতে পারে বলে মনে করছেন তারা।

এ বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ বলেন, “বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”