ময়মনসিংহ থেকে পরিবর্তনের বার্তা
বেকারত্ব দূর, দুর্নীতি ও মাদকমুক্ত দেশ গড়াতে চায় বিএনপি: তারেক রহমান
ময়মনসিংহে নির্বাচনী জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বেকার সমস্যা সমাধানে কর্মসংস্থান সৃষ্টি এবং দুর্নীতি ও মাদকমুক্ত বাংলাদেশ গড়তে চায় বিএনপি।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকাল ৪টার দিকে নগরীর সার্কিট হাউস মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার বাস্তব অভিজ্ঞতা বিএনপির রয়েছে। সবাই ঐক্যবদ্ধ থাকলে দেশে সুশাসন প্রতিষ্ঠা হবে এবং দেশ এগিয়ে যাবে।
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে স্বাস্থ্যখাতের উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। নারী, পুরুষ ও শিশুসহ সব নাগরিক যেন ঘরে ঘরে চিকিৎসাসেবা পায়, সে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নির্বাচনী প্রচারের অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে সড়কপথে ময়মনসিংহে পৌঁছান তারেক রহমান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী জুবাইদা রহমান। এর মাধ্যমে প্রায় ২২ বছর পর তিনি ময়মনসিংহ সফরে আসেন।
সমাবেশকে কেন্দ্র করে ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা এবং মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে সার্কিট হাউস মাঠে সমবেত হন। পাশাপাশি জামালপুর, নেত্রকোনা ও শেরপুর জেলা থেকেও বাসযোগে নেতাকর্মীরা সমাবেশে যোগ দেন। দুপুর আড়াইটার পর মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
এছাড়াও সমাবেশে ময়মনসিংহ বিভাগের ২৪টি সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থীরা উপস্থিত ছিলেন।








