কিশোরগঞ্জে ২ হাজার ৪০০ টাকার জন্য প্রাণ গেল ইমরানের !
কিশোরগঞ্জে মাত্র ২ হাজার ৪০০ টাকা পাওনাকে কেন্দ্র করে মো. ইমরান মিয়া (৩৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। গত ২৬ অক্টোবর সন্ধ্যায় জেলা সদরের মারিয়া ইউনিয়নের পেয়ারা ভাঙ্গা নাটবাড়ি মোড়ে কালামের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
নিহত ইমরান মিয়া মারিয়া ইউনিয়নের কাতিয়াচর গ্রামের মৃত আব্দুল শাহিদের ছেলে। ঘটনার পর পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, কালামের কাছে ইমরানের ২ হাজার ৪০০ টাকা পাওনা ছিল। ওই টাকা চাইতে গত সোমবার সকালে কালামের বাড়িতে যান ইমরান। তবে কালামকে বাড়িতে না পেয়ে ফিরে আসেন তিনি। সকালে কেন তাঁর বাড়িতে গিয়েছিলেন এ নিয়ে ক্ষুব্ধ হয়ে সন্ধ্যায় কালাম ফোন করে ইমরানকে নিজের বাড়ির সামনে আসতে বলেন।
ইমরান সেখানে পৌঁছালে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে কালাম ধারালো ছুরি দিয়ে ইমরানের পেটে ও বুকে উপর্যুপরি তিনটি আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় কালামের স্ত্রী ইমরানকে ধরে রাখেন বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা। ছুরিকাঘাতে গুরুতর আহত ইমরান রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।
পরে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর থেকে অভিযুক্ত কালাম পলাতক রয়েছেন। এদিকে, হত্যাকাণ্ডের পেছনে পার্শ্ববর্তী গ্রামের তানভীর আহমেদ ওরফে লিসনের পরিকল্পনা রয়েছে বলে দাবি করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি। তাঁদের অভিযোগ, লিসন মাদক সেবনের সঙ্গে জড়িত এবং এলাকায় বিভিন্ন অপকর্মে যুক্ত। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে কোনো তথ্য যাচাই করা সম্ভব হয়নি। হত্যাকাণ্ডে তাঁর সম্পৃক্ততার বিষয়টিও পুলিশের তদন্তে নিশ্চিত হওয়া প্রয়োজন।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত কালামকে গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। তদন্তের মাধ্যমে ঘটনার অন্যান্য বিষয় জানা যাবে।





