কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি এ এইচ এম জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যাকাণ্ডকে কেন্দ্র করে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিহতের স্ত্রী তাসলিমা আক্তারের সঙ্গে কথিত ভাড়াটে খুনি হেলালের ফোনালাপের দাবি করে একটি স্ক্রিনশট ও ভিডিও ছড়িয়ে পড়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত, হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও গণমিছিল করেছেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (২৪ অক্টোবর) বিকেলে মিঠামইন উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে গণমিছিলটি শুরু হয়। এতে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং নিহত জাহাঙ্গীরের স্বজনেরা অংশ নেন। মিছিলে নিহত নেতার স্ত্রী তাসলিমা আক্তারও উপস্থিত ছিলেন।
মিছিল থেকে ‘শহীদ জাহিদুল আলম জাহাঙ্গীর আমাদের নেতা, আমাদের অহংকার’ স্লোগান দেওয়া হয়। এ সময় হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন, জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান অংশগ্রহণকারীরা।
গণমিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফরিদ উদ্দিন আহমেদ, বিএনপি নেতা পলাশ, মিঠামইন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আফতাব উদ্দিন ভূঁইয়া, অষ্টগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, নিহতের বড় ভাই শাহরিয়ার আলম তপন, মিঠামইন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিয়া এবং ইটনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সায়েদ আহমদসহ অন্য নেতারা।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া স্ক্রিনশট ও ভিডিওতে নিহতের স্ত্রীর সঙ্গে হত্যাকাণ্ডে জড়িত বলে অভিযুক্ত হেলালের ফোনালাপের দাবি করা হচ্ছে। তবে ছড়িয়ে পড়া এসব তথ্যের সত্যতা এবং কথিত ফোনালাপের বিষয়টি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
স্থানীয় বিএনপি নেতাদের দাবি, কথিত ফোনালাপের বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হলে হত্যাকাণ্ডের নেপথ্যে কারা জড়িত, তা বেরিয়ে আসতে পারে। এ জন্য তাঁরা সংশ্লিষ্ট কল রেকর্ড ও অন্যান্য ডিজিটাল তথ্য যাচাই করে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, উপজেলা বিএনপির সভাপতি এ এইচ এম জাহিদুল আলম জাহাঙ্গীরের মৃত্যুর ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভ বিরাজ করছে। দলীয় নেতাকর্মীদের অভিযোগ, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তাঁরা হত্যার রহস্য উদ্ঘাটন, সব অভিযুক্তকে গ্রেপ্তার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

মোক্তার হোসেন গোলাপ, হাওর অঞ্চল।।