বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক

নিজস্ব প্রতিবেদক।। প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৮ পিএম
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষিবিদ গেস্ট হাউসের একটি কক্ষ থেকে ইয়াবা ও সেবনের সরঞ্জামসহ চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে গেস্ট হাউসের ৬ নম্বর কক্ষ থেকে তাঁদের আটক করা হয়। আটক চারজনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের একজন তৃতীয় শ্রেণির কর্মচারী রয়েছেন।

আটক ব্যক্তিরা হলেন বিশ্ববিদ্যালয়ের কৃষি ব্যবসা ও বিতরণ বিভাগের তৃতীয় শ্রেণির কর্মচারী লাবিব হাসান মিথুন, সামিউল আলীম, সামিউল ইবনে আশিকুর রহমান ও সোয়াদ। পুলিশ জানিয়েছে, তাঁদের কাছ থেকে ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা জানান, পুলিশ যাওয়ার আগে কক্ষের ভেতর থাকা ব্যক্তিরা ইয়াবার কিছু অংশ টয়লেটে ফ্লাশ করে নষ্ট করার চেষ্টা করেন।

গেস্ট হাউসের অফিসার ইনচার্জ সহকারী অধ্যাপক ড. অনিরুদ্ধ সরকার জানান, ৬ নম্বর কক্ষে সন্দেহজনক লোকজনের চলাচল ও মোটরসাইকেল রাখার বিষয়টি গেস্ট হাউসের স্টাফদের নজরে আসে। পরে তাঁকে বিষয়টি জানানো হলে তিনি সহকারী প্রক্টরের সঙ্গে যোগাযোগ করেন। এরপর প্রক্টরিয়াল ভিজিল্যান্স টিম ঘটনাস্থলে যায় এবং পুলিশকে খবর দেওয়া হয়।

তিনি বলেন, কক্ষটি খোলার পর চারজনকে পাওয়া যায়। তাঁদের মধ্যে বুকিংধারী বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ছাড়াও একজন এসি মেকানিক ও দুজন অপরিচিত ব্যক্তি ছিলেন। কক্ষের ভেতর তীব্র গন্ধ পাওয়া যায় এবং তাঁদের আচরণও সন্দেহজনক মনে হয়। পরে পুলিশ কক্ষ ও বাথরুমে তল্লাশি চালিয়ে ৪-৫টি ইয়াবা ও একটি কিট আলামত হিসেবে জব্দ করে।

গেস্ট হাউস কর্তৃপক্ষ জানায়, লাবিব হাসান মিথুন অসুস্থতার কথা উল্লেখ করে তিন দিন আগে এক দিনের জন্য ৬ নম্বর কক্ষটি বুকিং নেন। তবে পরে তিনি সেখানে তিন দিন অবস্থান করেন। কক্ষটির তদারকির দায়িত্বে থাকা ব্যক্তির সঙ্গে এ বিষয়ে কথা বলার চেষ্টা করা হলেও তিনি কোনো বক্তব্য দিতে রাজি হননি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম বলেন, সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে গেস্ট হাউসের একটি কক্ষে বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীর সঙ্গে বাইরে থেকে কয়েকজন লোক অবস্থান করছেন বলে খবর পান। পরে প্রক্টরিয়াল বডি ও ক্যাম্প পুলিশ ঘটনাস্থলে যায় এবং কোতোয়ালী থানার পুলিশকেও জানানো হয়। কয়েকবার ডাক দেওয়ার পর ৫ থেকে ১০ মিনিটের মধ্যে কক্ষের দরজা খোলা হয়। ভেতরে ইয়াবা সেবনের সরঞ্জাম পাওয়া যায় এবং পরে পুলিশ ইয়াবা উদ্ধার করে চারজনকে আটক করে।

তিনি বলেন, প্রচলিত আইন অনুযায়ী তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ময়মনসিংহ কোতোয়ালী থানার এসআই মাহবুব বলেন, চারজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। ঘটনার বিষয়ে নিয়ম অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সহকারী অধ্যাপক ড. মো. মাসুদ রানা বলেন, মাদকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। আবাসিক হলসহ ক্যাম্পাসের প্রতিটি এলাকায় মাদকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এনএসআই প্রতিবেদনে আটকে নিয়োগ, অনশনের পর ছাড় ২০ জনের, ঝুলে রইল ২ জন

নিজস্ব প্রতিবেদক।। প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ২:৩২ পিএম
এনএসআই প্রতিবেদনে আটকে নিয়োগ, অনশনের পর ছাড় ২০ জনের, ঝুলে রইল ২ জন

এনএসআইয়ের নেতিবাচক প্রতিবেদনের কারণে নিয়োগ আটকে থাকা ময়মনসিংহের চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত ২২ জন প্রাথমিক সহকারী শিক্ষক প্রার্থীর মধ্যে ২০ জন অবশেষে নিয়োগপত্র পেয়েছেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) দিনভর অনশনের পর মধ্যরাতে তাদের নিয়োগপত্র দেওয়া হয়। তবে বাকি দুজনের নিয়োগের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত ২০ জনের নিয়োগপত্র জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। দীর্ঘদিনের অনিশ্চয়তার পর নিয়োগপত্র হাতে পেয়ে স্বস্তি ফিরেছে ওই ২০ প্রার্থীর মধ্যে।

এর আগে এনএসআইয়ের প্রতিবেদনে নেতিবাচক তথ্য থাকার কথা জানিয়ে ময়মনসিংহ জেলার চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত ২২ জন প্রাথমিক সহকারী শিক্ষক প্রার্থীর নিয়োগ স্থগিত রাখা হয়। নিয়োগপত্র না পেয়ে বুধবার বেলা সোয়া ১১টা থেকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে অনশন শুরু করেন তারা।

অনশনরত প্রার্থীদের অভিযোগ, তাদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা বা রাজনৈতিক সংশ্লিষ্টতা না থাকা সত্ত্বেও নিয়োগপত্র দেওয়া হচ্ছিল না। এমনকি এনএসআইয়ের প্রতিবেদনে কী ধরনের নেতিবাচক তথ্য রয়েছে, সে বিষয়েও তাদের জানানো হয়নি।

নিয়োগপত্র পাওয়ার পর ফুলপুরের প্রার্থী কাজী অনিক বলেন, ‘মধ্যরাতে ওয়েবসাইটে নিয়োগপত্র প্রকাশ করা হয়েছে। নিয়োগপত্র পেয়ে আমরা খুশি। আজকেই যোগদান করব।’

তবে নিয়োগপত্র পাননি গফরগাঁওয়ের প্রার্থী জাহিদ হাসান। তিনি বলেন, ‘দিনভর জানার চেষ্টা করেছি, কেন আমাদের নিয়োগপত্র দেওয়া হয়নি। আমি রাজনৈতিক কোনো পদ-পদবিতে ছিলাম না। তবুও নিয়োগপত্র কেন পেলাম না, তা জানি না।’

ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে বুধবার রাতে ২০ জনকে নিয়োগপত্র দেওয়া হয়েছে। বাকি দুজনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। নিয়োগপত্র পাওয়া ২০ জন বৃহস্পতিবারই যোগদান করবেন।

পরানগঞ্জে গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী আটক

সোহেল মিয়া।। প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ২:১৪ পিএম
পরানগঞ্জে গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী আটক

ময়মনসিংহ সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের বীর বওলা গ্রামে অভিযান চালিয়ে গাঁজা গাছসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। কোতোয়ালী মডেল থানার এএসআই স্বপন আকন্দের নেতৃত্বে পুলিশের একটি দল বীর বওলা গ্রামে অভিযান চালায়। এ সময় গাঁজা গাছসহ ওই ব্যক্তিকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বীর বওলা গ্রামে গাঁজা চাষ ও বিক্রির খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে গাঁজা গাছ উদ্ধারসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মিঠামইনে প্রধান শিক্ষক রৌশন আরা চৌধুরীকে বিদায় সংবর্ধনা

মোক্তার হোসেন গোলাপ, মিঠামইন।। প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ২:০৬ পিএম
মিঠামইনে প্রধান শিক্ষক রৌশন আরা চৌধুরীকে বিদায় সংবর্ধনা

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রৌশন আরা চৌধুরীকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মাহফুজ মিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফরিদ উদ্দিন আহমেদ, সাবেক ইউপি চেয়ারম্যান আহমদ আলী চৌধুরী, ইউপিইও ড. আব্দুর রহিম এবং মিঠামইন বাজার বণিক সমিতির সভাপতি শাহরীল আলম তপন।

অনুষ্ঠানে বক্তব্য দেন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নুরুল আমিন, খলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ প্রধান শিক্ষক সমিতি মিঠামইন উপজেলা শাখার সাধারণ সম্পাদক দেওয়ান জহির ইয়ার চৌধুরী, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মিঠামইন শাখার সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, ম্যানেজিং কমিটির সদস্য নূরে আলম, প্রধান শিক্ষক শরাফ উদ্দিন, শিক্ষক গয়েস চন্দ্র দাস ও অভিভাবক তাজুল ইসলামসহ অনেকে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিদায়ী প্রধান শিক্ষক রৌশন আরা চৌধুরী আবেগঘন বক্তব্যে বলেন, ‘আমি চেষ্টা করেছি আমার দায়িত্ব সৎভাবে পালন করতে। এই বিদ্যালয়ের শিক্ষার্থী ও গ্রামের মানুষের ভালোবাসা আমি কখনো ভুলব না। আজকের এই সম্মান আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া।’

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের মানুষ হিসেবে গড়ে তোলাই একজন শিক্ষকের সবচেয়ে বড় দায়িত্ব। তোমরা সবাই ভালো মানুষ হবে, দেশ ও সমাজের জন্য কাজ করবে—এটাই আমার প্রত্যাশা।’

সাবেক শিক্ষার্থী নিয়াম আহমেদ অংকন বলেন, ‘আমাদের শিক্ষক শুধু শিক্ষক ছিলেন না, তিনি আমাদের অভিভাবকের মতো ছিলেন। তিনি আমাদের শাসন করেছেন, ভালোবাসা দিয়েছেন এবং জীবনে ভালো কিছু করার অনুপ্রেরণা দিয়েছেন। তাই আমরা তাকে সংবর্ধনার মাধ্যমে বিদায় দিতে চেয়েছি।’

পঞ্চম শ্রেণির ছাত্রী জান্নাত হোসেন ঈর্ষা বলেন, ‘ম্যাডামের কাছে আমরা শুধু পড়াশোনা নয়, শৃঙ্খলা ও নৈতিকতা শিখেছি। তিনি আমাদের জীবনের একজন আদর্শ শিক্ষক হয়ে থাকবেন।’

পরে ফুলের মালা পরিয়ে এবং ফুলেল শুভেচ্ছায় রৌশন আরা চৌধুরীকে বিদায় জানান শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিরা। আবেগঘন এ আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে সৃষ্টি হয় এক হৃদয়ছোঁয়া পরিবেশ।

উল্লেখ্য, রৌশন আরা চৌধুরী ১৯৮৭ সালে মিস্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি বিভিন্ন বিদ্যালয়ে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।