প্রকাশের সময়: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ । ২:০৬ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

মিঠামইনে প্রধান শিক্ষক রৌশন আরা চৌধুরীকে বিদায় সংবর্ধনা

মোক্তার হোসেন গোলাপ, মিঠামইন।।

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রৌশন আরা চৌধুরীকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মাহফুজ মিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফরিদ উদ্দিন আহমেদ, সাবেক ইউপি চেয়ারম্যান আহমদ আলী চৌধুরী, ইউপিইও ড. আব্দুর রহিম এবং মিঠামইন বাজার বণিক সমিতির সভাপতি শাহরীল আলম তপন।

অনুষ্ঠানে বক্তব্য দেন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নুরুল আমিন, খলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ প্রধান শিক্ষক সমিতি মিঠামইন উপজেলা শাখার সাধারণ সম্পাদক দেওয়ান জহির ইয়ার চৌধুরী, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মিঠামইন শাখার সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, ম্যানেজিং কমিটির সদস্য নূরে আলম, প্রধান শিক্ষক শরাফ উদ্দিন, শিক্ষক গয়েস চন্দ্র দাস ও অভিভাবক তাজুল ইসলামসহ অনেকে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিদায়ী প্রধান শিক্ষক রৌশন আরা চৌধুরী আবেগঘন বক্তব্যে বলেন, ‘আমি চেষ্টা করেছি আমার দায়িত্ব সৎভাবে পালন করতে। এই বিদ্যালয়ের শিক্ষার্থী ও গ্রামের মানুষের ভালোবাসা আমি কখনো ভুলব না। আজকের এই সম্মান আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া।’

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের মানুষ হিসেবে গড়ে তোলাই একজন শিক্ষকের সবচেয়ে বড় দায়িত্ব। তোমরা সবাই ভালো মানুষ হবে, দেশ ও সমাজের জন্য কাজ করবে—এটাই আমার প্রত্যাশা।’

সাবেক শিক্ষার্থী নিয়াম আহমেদ অংকন বলেন, ‘আমাদের শিক্ষক শুধু শিক্ষক ছিলেন না, তিনি আমাদের অভিভাবকের মতো ছিলেন। তিনি আমাদের শাসন করেছেন, ভালোবাসা দিয়েছেন এবং জীবনে ভালো কিছু করার অনুপ্রেরণা দিয়েছেন। তাই আমরা তাকে সংবর্ধনার মাধ্যমে বিদায় দিতে চেয়েছি।’

পঞ্চম শ্রেণির ছাত্রী জান্নাত হোসেন ঈর্ষা বলেন, ‘ম্যাডামের কাছে আমরা শুধু পড়াশোনা নয়, শৃঙ্খলা ও নৈতিকতা শিখেছি। তিনি আমাদের জীবনের একজন আদর্শ শিক্ষক হয়ে থাকবেন।’

পরে ফুলের মালা পরিয়ে এবং ফুলেল শুভেচ্ছায় রৌশন আরা চৌধুরীকে বিদায় জানান শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিরা। আবেগঘন এ আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে সৃষ্টি হয় এক হৃদয়ছোঁয়া পরিবেশ।

উল্লেখ্য, রৌশন আরা চৌধুরী ১৯৮৭ সালে মিস্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি বিভিন্ন বিদ্যালয়ে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।

চেয়ারম্যান: তানভীর হাসান তপু ভারপ্রাপ্ত সম্পাদক: মো: আতিকুল ইসলাম। বার্তাকক্ষ: newsutvbd@gmail.com. কপিরাইট © ইউটিভি বাংলাদেশ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন