গৌরীপুরে স্বেচ্ছাসেবকলীগ নেতার নেতৃত্বে ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর আহত
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে সাদীর মিয়া নামে এক ব্যক্তিকে কুপিয়ে মারাত্মক জখম করার অভিযোগ উঠেছে উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা শান্ত চন্দ্র পন্ডিত ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। শুক্রবার (১৭ জুলাই) রাত ১০টা ৫০ মিনিটের দিকে গৌরীপুর কাঁচা বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
হামলার শিকার সাদীর মিয়া কোনাপাড়ার ফকর উদ্দিনের ছেলে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা চরম ক্ষোভ প্রকাশ করে দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ৩২ হাজার টাকা পাওনা নিয়ে স্বেচ্ছাসেবকলীগ নেতা শান্ত চন্দ্র পন্ডিতের সঙ্গে সাদীর মিয়ার বিরোধ চলছিল। শুক্রবার রাতে কাঁচা বাজারের সামনে পৌঁছালে শান্ত চন্দ্র পন্ডিতের নেতৃত্বে ৮-১০ জনের একটি সন্ত্রাসী দল দেশীয় রামদা ও চাকু নিয়ে সাদীর মিয়ার ওপর অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীরা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে জখম করে ফেলে রেখে যায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। কর্তব্যরত চিকিৎসক জানান, তাঁর অবস্থা গুরুতর। গুরুতর আহত অবস্থায় সাদীর মিয়াকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) হাবিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।








