বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে অটোরিকশা, প্রাণ গেল ৩ নারীর

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ।। প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬, ২:২৮ পিএম
ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে অটোরিকশা, প্রাণ গেল ৩ নারীর

ময়মনসিংহের মুক্তাগাছায় বালুভর্তি ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন নারী নিহত হয়েছেন। সোমবার (৪ মে) দুপুরে মুক্তাগাছা উপজেলার সত্রাশিয়া এলাকায় ময়মনসিংহ-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে সত্রাশিয়া এলাকায় একটি দ্রুতগতির বালুভর্তি ট্রাক বিপরীত দিক থেকে আসা যাত্রীবোঝাই একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। ট্রাকের প্রচণ্ড আঘাতে অটোরিকশাটি মুহূর্তেই দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার ভেতরে থাকা তিন নারী যাত্রী নিহত হন। এ ঘটনায় অটোরিকশার চালকসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

খবর পেয়ে বাংলাদেশ পুলিশ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সএর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান জানান, “ঘাতক ট্রাকটি অটোরিকশাটিকে সরাসরি চাপা দিলে এই প্রাণহানির ঘটনা ঘটে। মরদেহগুলো উদ্ধার করে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।”

দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পুলিশের তৎপরতায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসে।

ময়মনসিংহে ব্যাংক কর্মকর্তার ওপর হামলা ও চাঁদাবাজির ঘটনায় মূল অভিযুক্ত আটক

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ।। প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১২:৫৩ পিএম
ময়মনসিংহে ব্যাংক কর্মকর্তার ওপর হামলা ও চাঁদাবাজির ঘটনায় মূল অভিযুক্ত আটক

ময়মনসিংহ নগরীর চরপাড়া এলাকায় জনতা ব্যাংকের কর্মকর্তা মো. নজরুল ইসলামের ওপর হামলা ও চাঁদাবাজির ঘটনায় মূল অভিযুক্ত সাইফুল ওরফে সাইফুল মিয়াকে আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

অভিযোগ সূত্রে জানা যায়, একটি নির্মাণকাজকে কেন্দ্র করে নজরুল ইসলামের কাছে চাঁদা দাবি করে সাইফুল ও তার সহযোগীরা। চাঁদার দাবি পূরণে ব্যর্থ হয়ে তারা নজরুল ইসলামের ওপর হামলা চালায়। হামলায় তিনি আহত হন।

এ ঘটনায় ভুক্তভোগী নজরুল ইসলাম কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে মূল অভিযুক্ত সাইফুল ওরফে সাইফুল মিয়াকে আটক করে।

কোতোয়ালী মডেল থানা পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। তাদের দ্রুত আইনের আওতায় আনার জন্য পুলিশ কাজ করছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ময়মনসিংহে নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ।। প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১:৩৮ এম
ময়মনসিংহে নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিক নিহত

ময়মনসিংহ নগরীর কলেজ রোড এলাকায় নির্মাণাধীন একটি বহুতল ভবন থেকে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (১৭ জুন) কাজ করার সময় ভবনের অষ্টম তলার মাচাং ভেঙে নিচে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, কলেজ রোড এলাকার ১০ তলা নির্মাণাধীন এনায়েত চৌধুরী ভবনে নির্মাণকাজ চলাকালে অষ্টম তলায় কর্মরত দুই শ্রমিক হঠাৎ মাচাং ভেঙে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

তাৎক্ষণিকভাবে নিহত শ্রমিকদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঘটনার পর ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক রফিকুল ইসলাম ঘটনাস্থল ত্যাগ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাস্থলে সেফটি বেল্ট পাওয়া গেলেও শ্রমিকরা তা ব্যবহার করেননি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিরাপত্তা ব্যবস্থা যথাযথভাবে অনুসরণ না করায় হতাহতের ঘটনা ঘটেছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পুলিশ কর্মকর্তা বলেন, “দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। নিহতদের পরিচয় শনাক্ত এবং নির্মাণকাজে নিরাপত্তা বিধি মানা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শ্রমিকদের স্বজনদের খোঁজে কাজ করছে পুলিশ। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মিঠামইনের হাওরে নৌ-ডাকাতি: আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, নৌকা ও দেশীয় অস্ত্র উদ্ধার

মিঠামইন প্রতিনিধি।। প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৯:০৫ পিএম
মিঠামইনের হাওরে নৌ-ডাকাতি: আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, নৌকা ও দেশীয় অস্ত্র উদ্ধার

কিশোরগঞ্জের মিঠামইনের হাওরে যাত্রীবাহী নৌকায় সংঘটিত চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত নৌকা, লুণ্ঠিত মোবাইল ফোন এবং রামদা-বল্লমসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে কিশোরগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মিজানুর রহমান এসব তথ্য জানান। তিনি বলেন, জেলা পুলিশ ও থানা পুলিশের যৌথ অভিযানে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার সাভার, কামরাঙ্গীরচর এবং মিঠামইন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মিঠামইন উপজেলার কাটখাল কাজীপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে মো. জুলহাস উদ্দিন (৪৪), বজকপুর গ্রামের মো. হারেছ মিয়ার ছেলে ইছানুল হক ওরফে এহসানুল হক ফকির (২৬) এবং বড়কান্দা মধুপুর গ্রামের মধু মিয়ার ছেলে রুবেল মিয়া (৩১)।

পুলিশ সুপার জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় চুরি, মাদক ও অন্যান্য অপরাধে একাধিক মামলা রয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ৭ জুন মিঠামইন নৌঘাট থেকে ২০-২২ জন যাত্রী নিয়ে একটি নৌকা করিমগঞ্জের বালিখলা নৌঘাটের উদ্দেশে রওনা হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসানপুর ব্রিজের দক্ষিণ পাশে বৈরী আবহাওয়ার কারণে নৌকাটি প্রায় ২০ মিনিট অবস্থান করে। পরে আবহাওয়া স্বাভাবিক হলে নৌকাটি পুনরায় যাত্রা শুরু করে। এ সময় ১০-১২ জনের একটি মুখোশধারী ডাকাত দল ইঞ্জিনচালিত নৌকায় এসে যাত্রীবাহী নৌকার গতি রোধ করে।

ডাকাতরা অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে তাদের মোবাইল ফোন ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ১৫ জুন নৌকার মাঝি জামাল মিয়া বাদী হয়ে মিঠামইন থানায় একটি মামলা দায়ের করেন।

পুলিশ সুপার আরও জানান, মামলা দায়েরের পর মিঠামইন থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে অভিযান শুরু করে। অভিযানের প্রথম ধাপে ১৫ জুন দুপুরে ঢাকার সাভার এলাকা থেকে ইছানুল হককে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কামরাঙ্গীরচর থেকে মো. জুলহাস উদ্দিনকে আটক করা হয়।

তাদের জিজ্ঞাসাবাদ ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ডাকাত দলের নেটওয়ার্ক শনাক্ত করে ওই রাতেই মিঠামইন এলাকায় অভিযান চালিয়ে দলের আরেক সদস্য রুবেল মিয়াকে গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে ডাকাতদের গোপন আস্তানা থেকে লুণ্ঠিত পাঁচটি মোবাইল ফোন (এর মধ্যে একটি বাটন ফোন), ডাকাতিতে ব্যবহৃত ইঞ্জিনচালিত নৌকা, রামদা, লোহার রড এবং ছোট-বড় ২০টি বল্লম উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশ সুপার।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নাজমুস সাকিব এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরিফুল হক উপস্থিত ছিলেন।