বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার ছাড়া প্রহসনের নির্বাচন হতে দেওয়া হবে না: সাংবাদিকবৃন্দ

ইউটিভি ডেস্ক রিপোর্ট।। প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৭:১৮ পিএম
ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার ছাড়া প্রহসনের নির্বাচন হতে দেওয়া হবে না: সাংবাদিকবৃন্দ

ময়মনসিংহ প্রেসক্লাবের বর্তমান কাঠামো, স্বচ্ছতার অভাব এবং সাংবাদিক সংগঠনগুলোর মধ্যকার বিভেদের কারণে প্রকৃত সাংবাদিকদের অধিকার ও মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে এমন অভিযোগ তুলে বিদ্যমান নীতিমালা সংস্কার ও পূর্ণাঙ্গ গঠনতন্ত্র প্রণয়ন ছাড়া কোনো ধরনের প্রহসনের নির্বাচন হতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন ময়মনসিংহে কর্মরত সাংবাদিকবৃন্দ।

সোমবার (৫ জানুয়ারি ২০২৬) তারিখ বিকাল ৫টায় ময়মনসিংহ বিভাগীয় নগরীর কাচারি ৪৭ রোডস্ত অস্থায়ী কার্যালয়ে ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে দেড় শতাধিক সাংবাদিকের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরেই অধিকাংশ পেশাদার সাংবাদিক প্রেসক্লাব সংস্কার করে এর হারানো অধিকার ও মর্যাদা ফিরিয়ে আনার জন্য আন্দোলন করে আসছেন। অপরদিকে, একটি অংশ নির্বাচনের বৈধতা নিয়ে উচ্চ আদালতে আইনি প্রতিকার চেয়েছে। এর ফলে প্রেসক্লাবের অভ্যন্তরে দখলদারিত্ব, স্বেচ্ছাচারিতা ও অপেশাদার কর্মকাণ্ডের কারণে ত্রিমুখী সংকট ও স্নায়ুযুদ্ধ বিরাজ করছে।

অধিকারবঞ্চিত সাংবাদিকরা দীর্ঘ বছর ধরে সংস্কারের দাবিতে আন্দোলন, সংগ্রাম, ঘেরাও, মানববন্ধন, স্মারকলিপি প্রদান ও সংবাদ প্রকাশসহ নানা কর্মসূচি পালন করে আসছেন। এরই ধারাবাহিকতায় অপেশাদার ও অসাংবাদিকদের সদস্যপদ বাতিল করে শুধুমাত্র পেশাদার সাংবাদিকদের নিয়ে “প্রেসক্লাব ফর প্রেসম্যান” গঠনের লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে তৎকালীন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মীরার মধ্যস্থতায় আলোচনা ও সমঝোতা প্রক্রিয়া শুরু হয় এবং একটি গঠনতন্ত্রের খসড়া প্রণয়ন করা হয়।

তবে দুঃখজনকভাবে আজ পর্যন্ত তা বাস্তবায়নের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বরং অসাংবাদিকদের সদস্যপদ প্রদান এবং পেশাদার সাংবাদিকদের তুচ্ছ অজুহাতে বহিষ্কারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

১৫১ সদস্যবিশিষ্ট প্রেসক্লাব সংস্কার কমিটির সভায় পূর্ববর্তী সিদ্ধান্ত অনুযায়ী গত বছর ময়মনসিংহ প্রেসকাবের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবরে শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে বিদ্যমান সংকট নিরসনের লক্ষ্যে লিখিতভাবে দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে ছিল সাংবাদিকদের সঠিক তালিকা প্রণয়ন, নীতিমালা অনুযায়ী খসড়া ভোটার তালিকা নির্ধারণ, পারস্পরিক আলোচনার মাধ্যমে একটি এডহক কমিটি গঠন এবং সম্মিলিতভাবে সাধারণ সভা আয়োজন।

বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, এসব দাবি দ্রুত বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

বিবৃতিতে স্বাক্ষর করেন, সাংবাদিক মোঃ আজগর হোসেন রবিন, শিবলী সাদিক খান, জহর লাল যে, মোঃ আরিফ রেওগীর, আবুল হোসাইন বিনয়, বদরুল আমীন, ইউসুফ খান লিটন, আলমগীর কবির উজ্জল, গোলাম কিবরিয়া পলাশ, সজিব রাজভর বিপিন, সুমন ভট্টাচার্য্য, আশিকুর রহমান মিঠু, আবু জাফর গিফারী, আবুল হোসেন পাশা, মোঃ আজাহারুল ইসলাম, তসলিম সরকার, মীর শওকত আহসান বাবুল, মীর খালেদ হাসান, আরিফ রব্বানী, সুলতান রহমান বাপ্পী, তারিকুল ইসলাম লিটন, আজাহারুল আলম।

এ ছাড়াও বিবৃতিকালে উপস্থিত ছিলেন, সৈয়দ মোর্শেদ কামাল মিজান, আমিনুল ইসলাম, সোহানুর রহমান সোহান, মাহমুদুল্লাহ রিয়াদ, দ্বীন ইসলাম, সেলিম সাজ্জাদ, আলমগীর, রনি, জুয়েল, স্বপন সরকার, জাহাঙ্গীর আলম, রোকসানা আক্তার, তাসলিমা রত্না, শিউলি রেখা, মমতাজ বেগম পপি, মোমেনা আক্তার, রাজিব সহ আরও অনেকে।

ময়মনসিংহে বোরো সংগ্রহ (ধান/চাল) কার্যক্রম সফল করতে পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আরিফ রব্বানী, ময়মনসিংহ।। প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ১২:৫২ এম
ময়মনসিংহে বোরো সংগ্রহ (ধান/চাল) কার্যক্রম সফল করতে পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ সদর উপজেলায় চলমান বোরো সংগ্রহ (ধান/চাল)-২০২৬ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ মে) সকালে উপজেলা খাদ্য বিভাগের উদ্যোগে উপজেলা সরকারি খাদ্য গুদামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আরিফুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ সদর আসনের জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি বলেন, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। বোরো সংগ্রহ কার্যক্রম স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে পরিচালনার মাধ্যমে কৃষকদের স্বার্থ সংরক্ষণে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম বলেন, সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে সংশ্লিষ্ট সকল দপ্তর সমন্বয়ের মাধ্যমে কাজ করছে। কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ কার্যক্রম আরও গতিশীল করতে মাঠপর্যায়ে তদারকি জোরদার করা হয়েছে বলেও তিনি জানান।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, খাদ্য বিভাগের প্রতিনিধিবৃন্দ, কৃষক ও মিলমালিকরা উপস্থিত ছিলেন।

উপজেলা খাদ্যবান্ধব কমিটির সদস্যসচিব ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রেজাউল ইসলাম জানান, চলতি বোরো মৌসুমে ময়মনসিংহে সরকারি খাদ্য গুদামে মোট ২,০১৬ মেট্রিক টন ধান, ৯,৫৯২ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ১,১২০ মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, সরকার নির্ধারিত মূল্যে প্রতি কেজি ধান ৩৪ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা দরে ক্রয় করা হবে।

সভা শেষে অতিথিবৃন্দ সংগ্রহ কার্যক্রম পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, সকলের সহযোগিতায় চলমান বোরো সংগ্রহ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হবে।

এর আগে জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ময়মনসিংহ কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগার (সিএসডি)-এ পৌঁছালে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কর্মকর্তা ও কর্মচারীরা। এ সময় মহানগর শ্রমিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। পরবর্তীতে সিএসডির ব্যবস্থাপক সংসদ সদস্যকে সংরক্ষণাগারের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

জেলার শ্রেষ্ঠ এসআই ও শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হলেন কোতোয়ালী থানার এসআই আসাদ

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।। প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬, ৫:১৩ পিএম
জেলার শ্রেষ্ঠ এসআই ও শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হলেন কোতোয়ালী থানার এসআই আসাদ

ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জেলার শ্রেষ্ঠ উপ-পরিদর্শক (এসআই) ও শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার এসআই আসাদ।

পেশাগত দায়িত্ব পালনে দক্ষতা, অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা এবং ওয়ারেন্ট তামিলে বিশেষ সাফল্যের স্বীকৃতি হিসেবে তিনি এ সম্মাননা অর্জন করেন।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, নির্ধারিত সময়ের মধ্যে অধিক সংখ্যক ওয়ারেন্ট তামিল এবং আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে জেলার শ্রেষ্ঠ এসআই ও শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে মনোনীত করা হয়।

এ উপলক্ষে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় শ্রেষ্ঠত্ব অর্জনকারী কর্মকর্তাদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।

সম্মাননা পাওয়ার পর এসআই আসাদ বলেন, এই অর্জন তার একার নয়, কোতোয়ালী মডেল থানার পুরো টিমের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও জনগণের জানমাল রক্ষা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে জানান।

জেলা পুলিশের এ স্বীকৃতিতে সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে আনন্দ ও সন্তোষ প্রকাশ পেয়েছে।

ময়মনসিংহ সদরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।। প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬, ১:৪২ এম
ময়মনসিংহ সদরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

এসময় বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশাসনের প্রতিনিধি এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম, ট্রাফিক ব্যবস্থাপনা এবং জননিরাপত্তা জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে ইউএনও আরিফুল ইসলাম বলেন, জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বদা সচেষ্ট রয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আরও সমন্বয় ও কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

সভা শুরুর আগে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির পক্ষ থেকে ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম তাকে স্বাগত জানান।