শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

গফরগাঁও-মাওনা সড়ক প্রকল্পে ভূমি অধিগ্রহণে হরিলুটের অভিযোগ, নেপথ্যে অসাধু কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশের দাবি

শিবলী সাদিক খান।। প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ১০:৪২ পিএম
গফরগাঁও-মাওনা সড়ক প্রকল্পে ভূমি অধিগ্রহণে হরিলুটের অভিযোগ, নেপথ্যে অসাধু কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশের দাবি

ময়মনসিংহের গফরগাঁও-মাওনা সড়ক প্রকল্পের ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা লুটপাটের অভিযোগ উঠেছে। প্রকল্পের আওতাভুক্ত বিভিন্ন মৌজায় ভুয়া কাগজপত্র, কৃত্রিম স্থাপনা ও অধিগ্রহণের সীমানার বাইরে থাকা স্থাপনা দেখিয়ে বিপুল অঙ্কের সরকারি ক্ষতিপূরণ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে একটি সংঘবদ্ধ দালাল চক্রের বিরুদ্ধে। অভিযোগ উঠেছে, চক্রটির সঙ্গে ভূমি অধিগ্রহণ কার্যক্রমের সংশ্লিষ্ট কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশ রয়েছে।

ক্ষতিগ্রস্ত ভূমির মালিকদের অভিযোগ, দ্রুত ক্ষতিপূরণের টাকা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে ভূমি ও স্থাপনার প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে দালাল চক্র। পরে কৌশলে ৮ ধারার নোটিশে নিজেদের বা নিজেদের ঘনিষ্ঠ ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত করে কৃত্রিম স্থাপনা ও কথিত ভুয়া কাগজপত্রের মাধ্যমে অতিরিক্ত ক্ষতিপূরণ আদায় করা হয়েছে। এতে প্রকৃত ভূমির মালিকেরা যেমন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তেমনি সরকারের বিপুল অর্থ অপচয় ও আত্মসাতের আশঙ্কা তৈরি হয়েছে।

অনুসন্ধানে পাওয়া অভিযোগ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গফরগাঁও-মাওনা সড়ক প্রকল্পের ২০২৪ সালের এলএ কেস নম্বর-১০-এর আওতাধীন তললি মৌজায় একটি মুরগির খামার দেখিয়ে প্রায় ৬ কোটি ৭৫ লাখ টাকার ক্ষতিপূরণের চেক উত্তোলনের অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, ভূমি অধিগ্রহণের আগে সেখানে ওই খামারের অস্তিত্ব ছিল না। অধিক ক্ষতিপূরণ আদায়ের উদ্দেশ্যে অধিগ্রহণ কার্যক্রমের সময় রাতারাতি বাঁশ দিয়ে খামারটি তৈরি করা হয়েছিল বলে অভিযোগ করেছেন তারা।

স্থানীয়দের অভিযোগ, এ ঘটনায় ভূমির মালিক হাদিউল এবং দালাল হিসেবে অভিযুক্ত ফেরদৌসসহ একটি চক্র জড়িত। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

একই প্রকল্পের পুরাদিয়ারটেক মৌজায় একটি ডিপ টিউবওয়েলের ক্ষতিপূরণ বাবদ প্রায় দেড় কোটি টাকা নির্ধারণ করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, ওই অর্থ উত্তোলনের প্রক্রিয়ায় ফেরদৌস ও নুরুল আমিনসহ সংশ্লিষ্ট কয়েকজনের নাম রয়েছে। অন্যদিকে একই প্রকল্পের সাদুয়া মৌজায় আরেকটি ডিপ টিউবওয়েলের জন্য ৫০ লাখ টাকার কম ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। একই ধরনের স্থাপনার ক্ষেত্রে ক্ষতিপূরণের অঙ্কে এত বড় ব্যবধান কেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, ফেরদৌস, জালাল মাস্টার, কামরুল, আক্তারুল আলমসহ কয়েকজন এবং পাঁচ নারীসহ একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে ভূমি অধিগ্রহণকে কেন্দ্র করে সক্রিয় রয়েছে। অভিযোগ রয়েছে, চক্রটি প্রথমে প্রকৃত ভূমির মালিকদের ক্ষতিপূরণের টাকা পেতে নানা জটিলতা ও হয়রানির ভয় দেখায়। এরপর আগাম অর্থের বিনিময়ে দালালদের নিজেদের লোক বা অংশীদার হিসেবে দেখিয়ে ভূমি ও স্থাপনার কাগজপত্র তৈরি করা হয়।

পরবর্তী সময়ে এসব কাগজপত্রের ভিত্তিতে ৮ ধারার নোটিশে দালাল চক্রের সদস্যদের নাম অন্তর্ভুক্ত করা হয় বলে অভিযোগ। এরপর কৃত্রিম স্থাপনা, পুকুর, জলাশয়, খাল ও অন্যান্য অবকাঠামো দেখিয়ে অতিরিক্ত ক্ষতিপূরণ নির্ধারণ এবং তা উত্তোলনের চেষ্টা করা হয়।

অভিযোগকারীদের দাবি, বিভিন্ন মৌজায় একই কৌশলে বিপুল পরিমাণ সরকারি অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে। এরই মধ্যে কিছু অর্থ উত্তোলন করা হয়েছে এবং আরও কয়েকটি ফাইল হালনাগাদ করে ক্ষতিপূরণের টাকা উত্তোলনের প্রক্রিয়া চলছে বলেও অভিযোগ রয়েছে।

শুধু ভুয়া কাগজপত্র বা কৃত্রিম স্থাপনাই নয়, প্রকল্পের অধিগ্রহণের সীমানার বাইরে থাকা স্থাপনা, পুকুর ও জলাশয়কে অধিগ্রহণের আওতাভুক্ত দেখিয়ে ক্ষতিপূরণ আদায়ের অভিযোগও রয়েছে।

সংশ্লিষ্টদের দাবি, প্রকল্পের মূল নকশা, অধিগ্রহণের সীমানা এবং মাঠপর্যায়ের বাস্তব চিত্র মিলিয়ে দেখা হলে এসব অভিযোগের সত্যতা যাচাই করা সম্ভব। একই সঙ্গে ক্ষতিপূরণ নির্ধারণের আগে ও পরে স্থাপনার ছবি, পরিমাপের নথি এবং মূল্যায়ন প্রতিবেদন যাচাই করলেই কথিত কৃত্রিম স্থাপনা তৈরির বিষয়টিও স্পষ্ট হতে পারে।

সচেতন মহলের মতে, ভূমি অধিগ্রহণের ৮ ধারার নোটিশ, ক্ষতিপূরণ নির্ধারণের তালিকা, চেক বিতরণের রেজিস্টার এবং সংশ্লিষ্ট ব্যাংক লেনদেনের তথ্য পর্যালোচনা করা হলে প্রকৃত মালিকের পরিবর্তে কারা ক্ষতিপূরণের অর্থ পেয়েছেন, তার একটি পরিষ্কার চিত্র পাওয়া যেতে পারে।

অভিযোগকারীদের দাবি, গফরগাঁও-মাওনা সড়ক প্রকল্পেই শুধু নয়, ময়মনসিংহ ও গাজীপুর জেলার অতীতের বিভিন্ন ভূমি অধিগ্রহণ প্রকল্পেও একই ধরনের একটি সংঘবদ্ধ চক্র সক্রিয় ছিল।

তাদের ভাষ্য, প্রকৃত ক্ষতিগ্রস্ত ভূমির মালিকদের ক্ষতিপূরণের অর্থ পেতে নানা হয়রানি ও জটিলতার ভয় দেখিয়ে দালাল চক্র তাদের ওপর প্রভাব বিস্তার করে। পরে পরিবারের ঘনিষ্ঠজন বা অংশীদার হিসেবে নিজেদের লোকদের কাগজপত্রে অন্তর্ভুক্ত করে ক্ষতিপূরণের অর্থের অংশ নেওয়া হয়। অভিযোগ রয়েছে, কোথাও কোথাও দালালদের নাম ৮ ধারার নোটিশে অন্তর্ভুক্ত করে তাদের নামেই চেক হস্তান্তর করা হয়েছে।

এতে প্রকৃত মালিকেরা তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি সরকারের অর্থেরও ব্যাপক অপচয় হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।

স্থানীয়দের আরও অভিযোগ, কথিত দালাল চক্র নিজেদের প্রভাব বিস্তারের জন্য বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও প্রভাবশালী ব্যক্তির নাম ব্যবহার করে। তাদের নাম ভাঙিয়ে সংশ্লিষ্ট দপ্তরে প্রভাব বিস্তারের চেষ্টা করা হয়। ফলে সাধারণ ভূমির মালিকদের মধ্যে এক ধরনের ভয় ও আতঙ্ক তৈরি হয়েছে। অনেক ভুক্তভোগী হয়রানি বা ক্ষতির আশঙ্কায় প্রকাশ্যে অভিযোগ করতেও সাহস পান না বলে দাবি করেছেন স্থানীয়রা।

একাধিক জাতীয় ও স্থানীয় সংবাদমাধ্যমে এ-সংক্রান্ত অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশিত হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ ক্ষতিগ্রস্তদের। এতে ভূমি অধিগ্রহণ কার্যক্রমের স্বচ্ছতা ও প্রশাসনের দায়িত্বশীল ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।

ক্ষতিগ্রস্ত ভূমির মালিক ও সচেতন মহলের দাবি, গফরগাঁও-মাওনা সড়ক প্রকল্পের ভূমি অধিগ্রহণ কার্যক্রম নিয়ে উচ্চপর্যায়ের স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত করতে হবে। তদন্তের আওতায় আনতে হবে ৮ ধারার নোটিশ, ক্ষতিপূরণ নির্ধারণের প্রক্রিয়া, স্থাপনার মূল্যায়ন, চেক বিতরণের তালিকা, ব্যাংক লেনদেন এবং প্রকল্পের অধিগ্রহণের মূল নকশা।

একই সঙ্গে অধিগ্রহণের সীমানার বাইরে থাকা কোনো স্থাপনা বা জলাশয়কে ক্ষতিপূরণের আওতায় আনা হয়েছে কি না, কৃত্রিম স্থাপনা তৈরি করে অতিরিক্ত অর্থ নেওয়া হয়েছে কি না এবং প্রকৃত মালিকের পরিবর্তে অন্য কেউ ক্ষতিপূরণের অর্থ পেয়েছেন কি না এসব বিষয়ও তদন্তের দাবি জানিয়েছেন তারা।

অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িত ব্যক্তি, দালাল চক্র এবং তাদের সহযোগী কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আত্মসাৎ বা অপচয় হওয়া সরকারি অর্থ উদ্ধারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

এদিকে, ভূমি অধিগ্রহণ অফিসে দালালদের ব্যাপারে সতর্কতামূলক সাইনবোর্ড টানানো হলেও অভিযোগে উল্লিখিত কয়েকজনকে ওই অফিসে নিয়মিত যাতায়াত করতে দেখা যায় বলে স্থানীয়দের দাবি। প্রকল্পটির সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা-কর্মচারী বর্তমানে বদলিজনিত কারণে অন্যত্র কর্মরত থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

তবে প্রতিবেদনে উত্থাপিত অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তি, ভূমি অধিগ্রহণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং প্রশাসনের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।

অনুসন্ধান অব্যাহত রয়েছে। গফরগাঁও-মাওনা সড়ক প্রকল্পের অন্যান্য মৌজায় ভূমি অধিগ্রহণে অনিয়ম, ক্ষতিপূরণ নির্ধারণে অসঙ্গতি এবং কথিত দালাল চক্রের তৎপরতার তথ্য-প্রমাণ যাচাই করে ধারাবাহিকভাবে পরবর্তী প্রতিবেদন প্রকাশ করা হবে।

মিঠামইনে শিক্ষার্থীদের মারধরের অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ

মিঠামইন প্রতিনিধি।। প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১৮ পিএম
মিঠামইনে শিক্ষার্থীদের মারধরের অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঘাগড়া আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের শারীরিকভাবে আঘাত ও পেশাগত অসদাচরণের অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অজিত চন্দ্র বিশ্বাসের বিরুদ্ধে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বিক্ষোভের মুখে স্থানীয়দের সিদ্ধান্তে দুপুর ১২টার দিকে বিদ্যালয় ছুটি দেওয়া হয়।

স্থানীয় সূত্র ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১৫ সেপ্টেম্বর বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অজিত চন্দ্র বিশ্বাসের বিরুদ্ধে কয়েকজন শিক্ষার্থীকে বেত দিয়ে আঘাত করার অভিযোগ ওঠে। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরদিন বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল থেকে শিক্ষার্থীরা বিষয়টির প্রতিবাদে বিক্ষোভ শুরু করে।

শিক্ষার্থীদের অভিযোগ, শারীরিকভাবে আঘাত করার পাশাপাশি তাদের সঙ্গে অসদাচরণ করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায় তারা।

বিক্ষোভের একপর্যায়ে স্থানীয়রা বিষয়টি মীমাংসার উদ্যোগ নেন। সকাল ১১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এ নিয়ে আলোচনা হলেও শিক্ষার্থীদের দাবির মুখে কোনো সমাধান হয়নি। পরে স্থানীয়দের সিদ্ধান্তে দুপুর ১২টার দিকে বিদ্যালয় ছুটি দেওয়া হয়।

বিক্ষোভরত শিক্ষার্থীদের প্রধান দাবিগুলো হলো—শিক্ষার্থীদের ওপর শারীরিক আঘাত বন্ধ করা, বিদ্যালয় পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া।

তবে শিক্ষার্থীদের মারধরের অভিযোগ অস্বীকার করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অজিত চন্দ্র বিশ্বাস বলেন, কয়েকজন শিক্ষার্থী ক্লাস ফাঁকি দিয়ে বিদ্যালয়ের পাশের ব্রিজে গিয়ে ঘোরাফেরা করছিল। তখন তিনি তাদের ‘শুধু শাসন করেছেন’।

বিদ্যালয় ছুটির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, স্থানীয়দের সিদ্ধান্তে দুপুর ১২টার দিকে বিদ্যালয় ছুটি দেওয়া হয়েছে।

এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাদের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই ও ঘটনার বিষয়ে তদন্তের পর প্রকৃত ঘটনা স্পষ্ট হবে।

রূপগঞ্জে বিএনপির সভাপতির বাসায় কৃষকদলের অবৈধ পকেট কমিটির প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক।। প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪৯ এম
রূপগঞ্জে বিএনপির সভাপতির বাসায় কৃষকদলের অবৈধ পকেট কমিটির প্রতিবাদে সংবাদ সম্মেলন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনের বাসায় উপজেলা কৃষক দলের খসড়া কমিটি ঘোষণার তীব্র প্রতিবাদে এই নেতার বিরুদ্ধেই সংবাদ সম্মেলন করেছে নারায়ণগঞ্জ জেলা কৃষক দল। গত মঙ্গলবার বিকেলে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের হোড়গাঁও বাজারের কৃষক দলের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের সভাপতি ডা. শাহিন মিয়া বলেন, কয়েকদিন আগে রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনের বাসায় কৃষক দলের খসড়া কমিটি ঘোষণা করা হয়েছে, এমন একটি ভিডিও ও সংবাদ বিভিন্ন সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হয়। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাসুরউদ্দিন বাচ্ছুও উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, জেলা কৃষক দল এ বিষয়ে কিছুই জানে না। এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয়। এ ঘটনায় সুসংগঠিত কৃষক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। রূপগঞ্জ উপজেলা কৃষক দলের কমিটি বর্তমানে বিদ্যমান রয়েছে। আমি জেলা কৃষক দলের সভাপতি এবং উপজেলা কমিটির সভাপতি শাহ আলম বেপারী ও সাধারণ সম্পাদক ওবায়দুল। সারা বাংলাদেশের মধ্যে রূপগঞ্জ উপজেলা কৃষক দল সফল, উজ্জীবিত ও সুসংগঠিত। এটা একটা চক্রান্ত, এরা বিএনপির মঙ্গল চায় না। পূর্বের রূপগঞ্জ উপজেলা কৃষক দলের যে কমিটি ছিল, সেটিই এখনও বহাল রয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অঙ্গ ও সহযোগী সংগঠনের পূর্ণাঙ্গ বা খসড়া কমিটি গঠনের ক্ষেত্রে নির্দিষ্ট সাংগঠনিক বিধিবিধান এবং অভিভাবক কমিটির সম্মতি অপরিহার্য। মূল দলের সভাপতি বা সম্পাদকের বাসভবনে জেলা বা কেন্দ্রীয় অনুমোদন ছাড়া সহযোগী সংগঠনের খসড়া কমিটি ঘোষণার ঘটনা দলের মধ্যকার অভ্যন্তরীণ কোয়াটার-কোন্দল ও চেইন অব কমান্ড ভঙ্গের স্পষ্ট বহিঃপ্রকাশ। এতে স্থানীয় পর্যায়ের ত্যাগী নেতাকর্মীদের মাঝে হতাশা তৈরি হতে পারে, যা আগামী দিনের আন্দোলন-সংগ্রাম ও নির্বাচনী মাঠে প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করেন বিশেষজ্ঞরা।

‎ময়মনসিংহ মেডিকেলে আগুন, হুড়োহুড়িতে শিশুসহ নিহত ৬; আহত অন্তত ২০

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ।। প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৬ পিএম
‎ময়মনসিংহ মেডিকেলে আগুন, হুড়োহুড়িতে শিশুসহ নিহত ৬; আহত অন্তত ২০

‎ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের নতুন আটতলা ভবনে আগুন লাগার ঘটনায় আতঙ্কে রোগী ও স্বজনদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। দ্রুত ভবন থেকে বের হতে গিয়ে পদদলিত ও ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।

‎সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন আটতলা ভবনের লিফটের কন্ট্রোল রুমে আগুনের সূত্রপাত হয়। আগুনের পাশাপাশি কন্ট্রোল রুম থেকে ধোঁয়া ভবনের বিভিন্ন তলায় ছড়িয়ে পড়লে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। অনেকে দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নামতে গেলে হুড়োহুড়ির সৃষ্টি হয়। এ সময় পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটে।

‎নিহতদের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন নেত্রকোনার পূর্বধলার হাজেরা বেগম (৫০), ময়মনসিংহের ফুলবাড়িয়ার শাহজাহান (৪০), রমজান (৩৮), জাহানারা (৫০) এবং তারাকান্দার কুলসুমা (৩৫)। নিহত অপরজন এক বছর বয়সী অজ্ঞাতনামা শিশু।

‎অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবদুল্লাহ আল-মামুন ছয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

‎তবে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. জাকিউল ইসলাম সোমবার রাত সাড়ে ১০টা পর্যন্ত আগুনে সরাসরি মৃত্যুর কোনো ঘটনা স্বীকার করেননি। হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা এক কর্মকর্তা জানান, আগুনের ঘটনায় হুড়োহুড়ি করে নামতে গিয়ে এবং ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।

‎ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী জানান, লিফটের কন্ট্রোলার মেশিনের বোর্ডে বৈদ্যুতিক শর্টসার্কিট ও অতিরিক্ত উত্তাপের কারণে আগুনের সূত্রপাত হতে পারে। কন্ট্রোল রুম থেকে বের হওয়া ধোঁয়া ভবনের বিভিন্ন তলায় ছড়িয়ে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

‎খবর পেয়ে ময়মনসিংহ সদর, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ত্রিশাল ও ঈশ্বরগঞ্জসহ পাঁচটি ফায়ার স্টেশনের ১০টি ইউনিট ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা ভবনের বিভিন্ন তলায় তল্লাশি চালিয়ে আগুনের অবস্থান শনাক্ত করেন। পরে সন্ধ্যা পৌনে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

‎ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন খান বলেন, আগুন লাগার কারণ ও সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত কমিটি গঠন করা হবে।