শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

ময়মনসিংহে মাদকের বিস্তার, বাড়ছে কিশোর গ্যাংয়ের তৎপরতা; উদ্বেগে নগরবাসী

ইউটিভি ডেস্ক রিপোর্ট।। প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৩:৩৩ পিএম
ময়মনসিংহে মাদকের বিস্তার, বাড়ছে কিশোর গ্যাংয়ের তৎপরতা; উদ্বেগে নগরবাসী

ময়মনসিংহে আশঙ্কাজনক হারে মাদক প্রবেশ ও বিস্তারের সঙ্গে সঙ্গে বাড়ছে মাদকাসক্তের সংখ্যা। বিশেষ করে কিশোর ও তরুণদের মধ্যে এর প্রভাব সবচেয়ে বেশি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অপরাধ বিশ্লেষক ও চিকিৎসকদের মতে, মাদকাসক্তির বিস্তার কিশোর গ্যাং গড়ে ওঠার অন্যতম বড় কারণ হয়ে দাঁড়িয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, শহরের পাটগুদাম, কৃষ্টপুর, মেডিকেল গেইট, বাঘমারা, পুরোহিতপাড়া, মালগুদাম, চরপাড়ার নয়াপাড়া, আকুয়া ভাঙাপুল ও সানকিপাড়ার জামতলাসহ বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের তৎপরতা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। অভিযোগ রয়েছে, এসব গ্যাংয়ের সদস্যদের অনেকের হাতে দেশীয় অস্ত্র, ছুরি ও চাকু দেখা যায় এবং তারা ছিনতাই, চাঁদাবাজি, দখলবাজি ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। কিছু ঘটনায় সহিংসতা ও নৃশংসতার অভিযোগও রয়েছে, যা নগরবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে।

স্থানীয় সূত্রের দাবি, সন্ধ্যার পর শহরের কিছু স্পর্শকাতর এলাকাসহ ময়মনসিংহ পতিতাপল্লী সংলগ্ন এলাকাতেও কিশোর গ্যাং সদস্যদের আনাগোনা দেখা যায়। বিভিন্ন এলাকা থেকে দলবদ্ধভাবে সেখানে প্রবেশের অভিযোগ রয়েছে। এদের একটি অংশ অস্ত্র বহন ও মাদকসেবনের সঙ্গে জড়িত বলেও অভিযোগ উঠেছে।

বিশেষজ্ঞদের মতে, মাদক কিশোরদের মানসিক ও নৈতিক অবক্ষয়ের দিকে ঠেলে দিচ্ছে। যাদের হাতে বই থাকার কথা, তাদের একটি অংশ মাদক পরিবহন ও বিক্রির মতো ঝুঁকিপূর্ণ কাজে জড়িয়ে পড়ছে। স্থানীয় প্রভাবশালী মহল, কথিত ‘বড়ভাই’, রাজনৈতিক ছত্রচ্ছায়া কিংবা বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট গোষ্ঠী এসব কিশোর গ্যাংকে ব্যবহার করছে বলেও অভিযোগ রয়েছে।

চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, ইয়াবাসহ বিভিন্ন মাদক নিয়মিত সেবনের ফলে কিশোর ও তরুণদের আবেগ, সহমর্মিতা ও মানবিকতা কমে যায়। তারা ক্রমশ সহিংস ও নিয়ন্ত্রণহীন আচরণের দিকে ঝুঁকে পড়ে। সূত্রমতে, ১৪ থেকে ৩০ বছর বয়সী তরুণদের একটি অংশ ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন মাদকে আসক্ত হয়ে পড়ছে। শহরের মাদক নিরাময় কেন্দ্রগুলোতেও এ ধরনের রোগীর সংখ্যা বাড়ছে বলে জানা গেছে।

অভিযোগ রয়েছে, এলাকার প্রভাবশালীদের হয়ে মাদক বিক্রি করতে গিয়ে অনেক কিশোর প্রথমে এ চক্রে জড়িয়ে পড়ে এবং পরে নিজেরাই মাদকাসক্ত হয়ে যায়। বিনামূল্যে মাদক পাওয়ার সুযোগও তাদের দ্রুত এই পথে টেনে নেয়। চিকিৎসকদের মতে, দীর্ঘদিন মাদকাসক্ত থাকলে স্বাভাবিক জীবনে ফিরে আসা অত্যন্ত কঠিন হয়ে পড়ে।

আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালনা করছে। পুলিশ, র‍্যাব ও গোয়েন্দা সংস্থার নিয়মিত অভিযানের পরও দৃশ্যমানভাবে অপরাধ কমেনি বলে সংশ্লিষ্টরা মনে করছেন। তাদের মতে, গ্রেপ্তার হওয়া অনেক অপরাধী প্রভাবশালী মহলের সহায়তায় জামিনে বের হয়ে আবারও অপরাধে জড়িয়ে পড়ছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তার মতে, সীমান্ত দিয়ে ইয়াবাসহ বিভিন্ন মাদকের প্রবেশ বন্ধ করা না গেলে কার্যকরভাবে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়। একই সঙ্গে নগরের কিছু এলাকায় প্রকাশ্যে মাদক কেনাবেচার অভিযোগও রয়েছে। বিশেষ করে শহরের কয়েকটি এলাকা মাদক ব্যবসার কেন্দ্র হিসেবে পরিচিত হয়ে উঠছে বলে অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তি বা অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

বিশেষজ্ঞরা মনে করেন, শুধু আইন প্রয়োগ করে এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। পরিবার, সমাজ, শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। কিশোরদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও শিক্ষামুখী কার্যক্রমে সম্পৃক্ত করার পাশাপাশি মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে। একই সঙ্গে মাদক ব্যবসার সঙ্গে জড়িত মূল হোতাদের বিরুদ্ধে কঠোর ও কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর জোর দিয়েছেন তারা।

অষ্টগ্রামে ‘হাওরাঞ্চল গ্রন্থাগার সংযোগ-২০২৬’ নিয়ে মতবিনিময়

মোক্তার হোসেন গোলাপ, হাওর অঞ্চল।। প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৭ পিএম
অষ্টগ্রামে ‘হাওরাঞ্চল গ্রন্থাগার সংযোগ-২০২৬’ নিয়ে মতবিনিময়

কিশোরগঞ্জের অষ্টগ্রামে হাওরাঞ্চলের বেসরকারি গ্রন্থাগারগুলোর উন্নয়ন ও পাঠাভ্যাস বৃদ্ধির লক্ষ্যে ‘হাওরাঞ্চল গ্রন্থাগার সংযোগ-২০২৬’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় হাওরাঞ্চলে ভাসমান নৌ-পাঠাগার স্থাপন, স্থানীয় পর্যায়ে পাঠক তৈরি এবং প্রান্তিক জনগোষ্ঠীর কাছে বই ও তথ্য-জ্ঞান পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে অষ্টগ্রাম জেলা পরিষদ ডাকবাংলোয় কিশোরগঞ্জ জেলা বেসরকারি গণগ্রন্থাগার সমিতির আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জাতীয় গ্রন্থকেন্দ্রের প্রাতিষ্ঠানিক ও কারিগরি সহযোগিতা এবং সুফিয়া-মান্নান ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কিশোরগঞ্জ জেলা বেসরকারি গণগ্রন্থাগার সমিতির সভাপতি মো. রুহুল আমীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক স্বপন কুমার বর্মনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় গ্রন্থকেন্দ্রের উপপরিচালক মো. ফরিদ উদ্দিন সরকার। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গ্রন্থকেন্দ্রের সহকারী পরিচালক মোহাম্মদ এনামুল হক।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সুফিয়া-মান্নান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোবারক হোসেন।

এ ছাড়া বক্তব্য দেন জাতীয় গ্রন্থকেন্দ্রের উপগ্রন্থাগারিক রাসেল রানা, অষ্টগ্রামের স্বপ্নীল গণগ্রন্থাগারের প্রতিষ্ঠাতা ও সভাপতি নজরুল ইসলাম সাগর, মিঠামইনের হাওর পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা ওমর ফারুকসহ অন্যরা।

সভায় বক্তারা বলেন, হাওরাঞ্চলের মানুষের মধ্যে বই পড়ার অভ্যাস বাড়াতে স্থানীয় পর্যায়ে গ্রন্থাগারগুলোর কার্যক্রম আরও গতিশীল করা প্রয়োজন। একই সঙ্গে দুর্গম হাওর এলাকার শিক্ষার্থী ও সাধারণ মানুষের কাছে বই ও তথ্য-জ্ঞান পৌঁছে দিতে ভাসমান নৌ-পাঠাগার চালুর উদ্যোগ নেওয়া যেতে পারে।

হাওরাঞ্চলের বেসরকারি গ্রন্থাগারগুলোর অবকাঠামোগত উন্নয়ন, পাঠক তৈরির উদ্যোগ, বই পড়ার সংস্কৃতি বিস্তৃত করা এবং প্রান্তিক জনগোষ্ঠীকে জ্ঞানভিত্তিক কার্যক্রমের সঙ্গে যুক্ত করার বিভিন্ন দিক নিয়েও সভায় আলোচনা করা হয়।

মিঠামইনে শিক্ষার্থীদের মারধরের অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ

মিঠামইন প্রতিনিধি।। প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১৮ পিএম
মিঠামইনে শিক্ষার্থীদের মারধরের অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঘাগড়া আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের শারীরিকভাবে আঘাত ও পেশাগত অসদাচরণের অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অজিত চন্দ্র বিশ্বাসের বিরুদ্ধে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বিক্ষোভের মুখে স্থানীয়দের সিদ্ধান্তে দুপুর ১২টার দিকে বিদ্যালয় ছুটি দেওয়া হয়।

স্থানীয় সূত্র ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১৫ সেপ্টেম্বর বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অজিত চন্দ্র বিশ্বাসের বিরুদ্ধে কয়েকজন শিক্ষার্থীকে বেত দিয়ে আঘাত করার অভিযোগ ওঠে। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরদিন বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল থেকে শিক্ষার্থীরা বিষয়টির প্রতিবাদে বিক্ষোভ শুরু করে।

শিক্ষার্থীদের অভিযোগ, শারীরিকভাবে আঘাত করার পাশাপাশি তাদের সঙ্গে অসদাচরণ করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায় তারা।

বিক্ষোভের একপর্যায়ে স্থানীয়রা বিষয়টি মীমাংসার উদ্যোগ নেন। সকাল ১১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এ নিয়ে আলোচনা হলেও শিক্ষার্থীদের দাবির মুখে কোনো সমাধান হয়নি। পরে স্থানীয়দের সিদ্ধান্তে দুপুর ১২টার দিকে বিদ্যালয় ছুটি দেওয়া হয়।

বিক্ষোভরত শিক্ষার্থীদের প্রধান দাবিগুলো হলো—শিক্ষার্থীদের ওপর শারীরিক আঘাত বন্ধ করা, বিদ্যালয় পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া।

তবে শিক্ষার্থীদের মারধরের অভিযোগ অস্বীকার করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অজিত চন্দ্র বিশ্বাস বলেন, কয়েকজন শিক্ষার্থী ক্লাস ফাঁকি দিয়ে বিদ্যালয়ের পাশের ব্রিজে গিয়ে ঘোরাফেরা করছিল। তখন তিনি তাদের ‘শুধু শাসন করেছেন’।

বিদ্যালয় ছুটির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, স্থানীয়দের সিদ্ধান্তে দুপুর ১২টার দিকে বিদ্যালয় ছুটি দেওয়া হয়েছে।

এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাদের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই ও ঘটনার বিষয়ে তদন্তের পর প্রকৃত ঘটনা স্পষ্ট হবে।

রূপগঞ্জে বিএনপির সভাপতির বাসায় কৃষকদলের অবৈধ পকেট কমিটির প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক।। প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪৯ এম
রূপগঞ্জে বিএনপির সভাপতির বাসায় কৃষকদলের অবৈধ পকেট কমিটির প্রতিবাদে সংবাদ সম্মেলন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনের বাসায় উপজেলা কৃষক দলের খসড়া কমিটি ঘোষণার তীব্র প্রতিবাদে এই নেতার বিরুদ্ধেই সংবাদ সম্মেলন করেছে নারায়ণগঞ্জ জেলা কৃষক দল। গত মঙ্গলবার বিকেলে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের হোড়গাঁও বাজারের কৃষক দলের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের সভাপতি ডা. শাহিন মিয়া বলেন, কয়েকদিন আগে রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনের বাসায় কৃষক দলের খসড়া কমিটি ঘোষণা করা হয়েছে, এমন একটি ভিডিও ও সংবাদ বিভিন্ন সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হয়। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাসুরউদ্দিন বাচ্ছুও উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, জেলা কৃষক দল এ বিষয়ে কিছুই জানে না। এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয়। এ ঘটনায় সুসংগঠিত কৃষক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। রূপগঞ্জ উপজেলা কৃষক দলের কমিটি বর্তমানে বিদ্যমান রয়েছে। আমি জেলা কৃষক দলের সভাপতি এবং উপজেলা কমিটির সভাপতি শাহ আলম বেপারী ও সাধারণ সম্পাদক ওবায়দুল। সারা বাংলাদেশের মধ্যে রূপগঞ্জ উপজেলা কৃষক দল সফল, উজ্জীবিত ও সুসংগঠিত। এটা একটা চক্রান্ত, এরা বিএনপির মঙ্গল চায় না। পূর্বের রূপগঞ্জ উপজেলা কৃষক দলের যে কমিটি ছিল, সেটিই এখনও বহাল রয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অঙ্গ ও সহযোগী সংগঠনের পূর্ণাঙ্গ বা খসড়া কমিটি গঠনের ক্ষেত্রে নির্দিষ্ট সাংগঠনিক বিধিবিধান এবং অভিভাবক কমিটির সম্মতি অপরিহার্য। মূল দলের সভাপতি বা সম্পাদকের বাসভবনে জেলা বা কেন্দ্রীয় অনুমোদন ছাড়া সহযোগী সংগঠনের খসড়া কমিটি ঘোষণার ঘটনা দলের মধ্যকার অভ্যন্তরীণ কোয়াটার-কোন্দল ও চেইন অব কমান্ড ভঙ্গের স্পষ্ট বহিঃপ্রকাশ। এতে স্থানীয় পর্যায়ের ত্যাগী নেতাকর্মীদের মাঝে হতাশা তৈরি হতে পারে, যা আগামী দিনের আন্দোলন-সংগ্রাম ও নির্বাচনী মাঠে প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করেন বিশেষজ্ঞরা।