ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ও ময়মনসিংহ মহানগর প্রেসক্লাবের যৌথ আয়োজনে সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জুন) বিকেল সাড়ে ৩টায় নগরীর কাচারী রোডস্থ ময়মনসিংহ মহানগর প্রেসক্লাবের দ্বিতীয় তলায় এ সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় সাংবাদিকতার বিভিন্ন ধারা, একজন পেশাদার সাংবাদিকের প্রয়োজনীয় গুণাবলি, দক্ষতা ও নৈতিকতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি আধুনিক সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলা, তথ্য যাচাই-বাছাই, অনুসন্ধানী প্রতিবেদন প্রস্তুত, ভাষা ও শব্দচয়ন, তথ্য অধিকার আইন এবং হলুদ সাংবাদিকতার ক্ষতিকর প্রভাব সম্পর্কেও অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়।
তিনদিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার (রু.দা.) ও ময়মনসিংহ আঞ্চলিক তথ্য অফিসের কর্মকর্তা মাসুদ মিয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিস, ময়মনসিংহের পরিচালক মীর আকরাম উদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক (ক্যারিয়ার ও প্রশিক্ষণ) কাজী শাম্মীনাজ আলম এবং উপপরিচালক (মহিলা ও সমন্বয়) গাজী শরিফা ইয়াছমিন।
দৈনিক লাল সবুজের দেশ-এর নির্বাহী সম্পাদক এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক শিবলী সাদিক খানের সভাপতিত্বে সমাপনী দিনের কর্মশালায় বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক বদরুল আমীন ও নুরুল ইসলাম জিহাদীসহ অন্যান্য অতিথিবৃন্দ।
ময়মনসিংহ থেকে প্রকাশিত পাক্ষিক সুবর্ণ বাংলা-এর সম্পাদক ও ময়মনসিংহ মহানগর প্রেসক্লাবের সভাপতি মো. আরিফ রেওগীর এবং দৈনিক লাল সবুজের দেশ-এর সিনিয়র স্টাফ রিপোর্টার ও ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার কমিটির যুগ্ম আহ্বায়ক জহুর লাল দে-এর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ প্রশিক্ষণে শতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের সনদ বিতরণের জন্য স্বনামধন্য অতিথিদের উপস্থিতিতে পরবর্তী তারিখ, সময় ও স্থান নির্ধারণ করে জানানো হবে বলে জানান কর্মশালার সভাপতি শিবলী সাদিক খান।
বিকেল ৫টা ৩০ মিনিটে আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণার মাধ্যমে কর্মশালার কার্যক্রম শেষ হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনদিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচির পরিসমাপ্তি ঘটে।











