নির্বাচন নিয়ে অনাস্থা, তবু ভোটের মাঠে নামছে জাতীয় পার্টি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গুরুতর অনাস্থার কথা প্রকাশ্যে তুলে ধরলেও শেষ পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণের পথেই হাঁটছে জাতীয় পার্টি (জাপা)। ‘পাতানো নির্বাচন’ হওয়ার আশঙ্কার কথা উল্লেখ করে দলটি জানিয়েছে, প্রাথমিকভাবে তারা ভোটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং সংসদের ৩০০টি আসনেই প্রার্থী দেবে।
বুধবার (১৭ ডিসেম্বর) থেকে জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে।
রাজধানীর কাকরাইলস্থ জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে শীর্ষ নেতাদের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান দলের মহাসচিব শামীম পাটোয়ারী।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচন ঘিরে ইলেকশন ইঞ্জিনিয়ারিং, ভোটের পর ভোট কিংবা তথাকথিত ‘মিডিয়া ভোট’-এর মতো বিষয়গুলো নিয়ে উদ্বেগ রয়েছে। তবে দল হিসেবে জাতীয় পার্টি নির্বাচনী প্রক্রিয়ার বাইরে থাকতে চায় না বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, জাতীয় পার্টি একটি ভোটনির্ভর রাজনৈতিক দল এবং নেতাকর্মীদের মধ্যে নির্বাচনে অংশ নেওয়ার প্রবল আগ্রহ রয়েছে। তবে নির্বাচনকালীন পরিবেশ ও নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত না হলে দলীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনার ইঙ্গিতও দেন তিনি।
জাতীয় পার্টির এমন অবস্থান নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রার আলোচনা সৃষ্টি করেছে।








