শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

মাদক ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

গফরগাঁওয়ে নিগুয়ারী কৃষক দলের আলোচনা সভা ও প্রতিবাদ সমাবেশ

রাকিবুল হাসান আহাদ, বিশেষ প্রতিনিধি।। প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৯:৪৭ পিএম
গফরগাঁওয়ে নিগুয়ারী কৃষক দলের আলোচনা সভা ও প্রতিবাদ সমাবেশ

ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ে মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এলাকার শান্তি-শৃঙ্ঙ্খলা রক্ষা, মাদকমুক্ত সমাজ গঠন এবং যেকোনো ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বক্তারা।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে গফরগাঁও উপজেলার নিগুয়ারী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কুরচাই বাজার ঈদগাহ মাঠে ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

নিগুয়ারী ইউনিয়ন কৃষক দলের সভাপতি ইব্রাহিম মৃধার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সাবেক অন্যতম সদস্য ও নিগুয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ইয়াসিন খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন দক্ষিণ গফরগাঁও উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী আবদুল্লাহ খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল নেতা মকসুদ খান, স্বেচ্ছাসেবক দলের নিগুয়ারী ইউনিয়নের আহ্বায়ক পদপ্রার্থী রুহুল খান, স্বেচ্ছাসেবক দলের নেতা জামালসহ স্থানীয় নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে ইয়াসিন খান বলেন, দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠনে দলমত-নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, গফরগাঁওয়ের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা, স্থানীয় সংসদ সদস্য আখতারুজ্জামান বাচ্চুর হাতকে শক্তিশালী করা এবং নিগুয়ারী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভায় বক্তারা বলেন, ফ্যাসিবাদের অবশিষ্টাংশের যেকোনো নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। একই সঙ্গে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নির্মূলে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

অনুষ্ঠানে নিগুয়ারী ইউনিয়ন বিএনপি, কৃষক দল এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

অষ্টগ্রামে ধলেশ্বরী নদীতে ২৭০ কেজি মাছের পোনা অবমুক্ত

মোক্তার হোসেন গোলাপ, হাওর অঞ্চল।। প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১২:৩৩ পিএম
অষ্টগ্রামে ধলেশ্বরী নদীতে ২৭০ কেজি মাছের পোনা অবমুক্ত

কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধি ও মৎস্যসম্পদ সংরক্ষণের লক্ষ্যে ধলেশ্বরী নদীতে ২৭০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

গত ১৬ অক্টোবর দুপুরে উপজেলার কাস্তুল বাজার লঞ্চঘাট এলাকায় উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এ পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্ত করেন অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) অমিত পণ্ডিত, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নিজামুল হক নজরুল, সাংগঠনিক সম্পাদক এস এম শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মোয়াজ্জেম হোসেন ইয়াকুব এবং উপজেলা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম সাগরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশীয় প্রজাতির মাছের বংশবিস্তার, জীববৈচিত্র্য সংরক্ষণ ও প্রাকৃতিক জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ধলেশ্বরী নদীতে অবমুক্ত করা মাছের পোনাগুলো প্রাকৃতিক পরিবেশে বেড়ে উঠলে একদিকে যেমন স্থানীয় জনগোষ্ঠীর পুষ্টির চাহিদা পূরণে সহায়তা করবে, অন্যদিকে মৎস্যজীবীদের জীবিকা ও আর্থসামাজিক উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে।

বক্তারা আরও বলেন, হাওরাঞ্চলের নদী, খাল ও অন্যান্য মুক্ত জলাশয়ের মৎস্যসম্পদ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগণকেও সচেতন হতে হবে। দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও অবাধ বংশবিস্তার নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

ফুলবাড়ীয়ার শিবগঞ্জ বাজারে ব্যবসায়ী সমিতির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি।। প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১২:৫৯ পিএম
ফুলবাড়ীয়ার শিবগঞ্জ বাজারে ব্যবসায়ী সমিতির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ২ নং পুটিজানা ইউনিয়নের ঐতিহ্যবাহী শিবগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নবগঠিত কমিটির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শিবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ সভায় বাজারের ব্যবসায়ী, স্থানীয় সামাজিক সংগঠন, যুবসমাজ ও সর্বস্তরের এলাকাবাসী অংশ নেন।

অনুষ্ঠানের শিবগঞ্জ বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা বাজারের বিভিন্ন সমস্যা ও সুনির্দিষ্ট নানা দাবি তুলে ধরেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিবগঞ্জ বাজারের সামগ্রিক পরিবেশ উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে স্থানীয় যুবসমাজ ও সামাজিক সংগঠনগুলোকে সঙ্গে নিয়ে যৌথভাবে কাজ করা হবে।

শিবগঞ্জ বাজার পরিচালনা কমিটির সভাপতি মো: সেকান্দর আলী তরফদার-এর সভাপতিত্বে এবং নবগঠিত ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো: কামরুল তরফদার-এর পরিচালনায় সভায় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন:

হাফিজুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক, শিবগঞ্জ বাজার পরিচালনা কমিটি,

ডা: মো: আ: মান্নান, সাবেক সাধারণ সম্পাদক, শিবগঞ্জ বাজার পরিচালনা কমিটি

মো: আ: মতিন শাহা ফকির, সাবেক সভাপতি, শিবগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি

মো: ওয়াসিম মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক, শিবগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি

মো: হযরত মন্ডল, বর্তমান সভাপতি, শিবগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি

মো: আরিফ রাব্বানী, বর্তমান সাধারণ সম্পাদক, শিবগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি

বক্তারা শিবগঞ্জ বাজারের সার্বিক উন্নয়ন, ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং একটি ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিবগঞ্জ বাজারের যুবসমাজের পক্ষে রিফাত আহমেদ রিজভী বক্তব্য রাখেন। তিনি যুবসমাজকে ক্রীড়া ও গঠনমূলক কর্মকাণ্ডে যুক্ত রাখতে শিবগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে একটি ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব জানান।

সবশেষে, সকলের সার্বিক সহযোগিতা ও যৌথ প্রচেষ্টায় শিবগঞ্জ বাজারকে একটি আধুনিক ও ‘মডেল বাজার’ হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করে সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন।

অষ্টগ্রামে পূজা মণ্ডপের অর্থ নিয়ে বিরোধের অবসান, সমঝোতায় ৬ সদস্যের উপকমিটি

মোক্তার হোসেন গোলাপ।। প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৯:৪০ পিএম
অষ্টগ্রামে পূজা মণ্ডপের অর্থ নিয়ে বিরোধের অবসান, সমঝোতায় ৬ সদস্যের উপকমিটি

কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে পূজা মণ্ডপের অর্থ সংক্রান্ত বিরোধ ও এ নিয়ে প্রকাশিত সংবাদকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতির অবসান হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা শেষে সমঝোতার ভিত্তিতে পূজা পরিচালনা ও অনুদানের অর্থ সুষ্ঠুভাবে ব্যয় নিশ্চিত করতে ছয় সদস্যের একটি উপকমিটি গঠন করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) উপজেলা সম্প্রসারিত প্রশাসনিক ভবনের মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাসের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকনুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মজনু মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুল, সাংগঠনিক সম্পাদক এস এম শাহীন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম সাগর, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ অষ্টগ্রাম শাখার আহ্বায়ক দেবেশ চন্দ্র দাস ও সদস্যসচিব জীবন ময় শীল।

এ ছাড়া বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট অষ্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক অজিত দত্ত, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট অষ্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক অসীম বনিকসহ বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা সভায় অংশ নেন।

সভায় সংশ্লিষ্ট উভয় পক্ষের বক্তব্য ও সাক্ষীদের কথা শোনা হয়। পরে আলোচনার মাধ্যমে বিরোধের সৌহার্দ্যপূর্ণ সমাধানে পৌঁছানো হয়। পূজা পরিচালনা এবং অনুদানের অর্থ যথাযথভাবে ব্যয়ের লক্ষ্যে সর্বসম্মতিক্রমে একটি ছয় সদস্যের উপকমিটি গঠন করা হয়।

উপকমিটির আহ্বায়ক করা হয়েছে জীবন ময় শীলকে। কমিটির অন্য সদস্যরা হলেন অজিত দত্ত, অসীম বনিক, নজরুল ইসলাম সাগর, হেমচন্দ্র ঋষি দাস ও সুকুমার চন্দ্র দাস।

সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, এ সমঝোতার মাধ্যমে পূজা মণ্ডপের অর্থ সংক্রান্ত বিরোধের অবসান ঘটবে এবং ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট সবাই সমন্বিতভাবে কাজ করতে পারবেন।