মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩

ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের পূর্ণাঙ্গ সভাপতি হলেন রিয়াজুল কবির মো. মামুন

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ।। প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৭:২৪ পিএম
ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের পূর্ণাঙ্গ সভাপতি হলেন রিয়াজুল কবির মো. মামুন

ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি রিয়াজুল কবির মো. মামুনকে ভারমুক্ত করে পূর্ণাঙ্গ সভাপতির দায়িত্ব দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।

সোমবার (৬ জুলাই) রাতে কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সিদ্ধান্ত অনুযায়ী রিয়াজুল কবির মো. মামুনকে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের পূর্ণাঙ্গ সভাপতির দায়িত্ব প্রদান করা হয়েছে।

দায়িত্ব পাওয়ার পর রিয়াজুল কবির মো. মামুন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদল তৃণমূল পর্যায়ে সক্রিয়ভাবে কাজ করবে। বিশেষ করে যুবকদের কর্মসংস্থান ও কল্যাণ নিশ্চিত করতে যুবনীতি বাস্তবায়নে সংগঠনের নেতাকর্মীরা কার্যকর ভূমিকা পালন করবেন।

তিনি আরও বলেন, মাদক, জুয়া ও সন্ত্রাস নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। পাশাপাশি সামাজিকভাবে এসব অপরাধ প্রতিরোধে জনসচেতনতা গড়ে তোলা হবে। একই সঙ্গে দেশবিরোধী অপশক্তির বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।

রিয়াজুল কবির মো. মামুন বলেন, ‘আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ’ এই আদর্শকে ধারণ করেই সংগঠনের কার্যক্রম পরিচালিত হবে।

উল্লেখ্য, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সাবেক সভাপতি রুকুনুজ্জামান রোকন দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিবের দায়িত্ব পাওয়ার পর ২০২৫ সালের ৩ জানুয়ারি রিয়াজুল কবির মো. মামুন ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। প্রায় দেড় বছর ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালনের পর কেন্দ্রীয় যুবদলের সিদ্ধান্তে তিনি এবার পূর্ণাঙ্গ সভাপতির দায়িত্ব লাভ করেন।

হামলার শিকার সাংবাদিক ওমর ফারুকের শারীরিক অবস্থার অবনতি, ঢাকা মেডিকেলে স্থানান্তর

মিঠামইন(কিশোরগঞ্জ) প্রতিনিধি।। প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১:৪৮ পিএম
হামলার শিকার সাংবাদিক ওমর ফারুকের শারীরিক অবস্থার অবনতি, ঢাকা মেডিকেলে স্থানান্তর

কিশোরগঞ্জের মিঠামইনে সন্ত্রাসী হামলার শিকার দৈনিক সকাল বেলা পত্রিকার বিশেষ প্রতিনিধি সাংবাদিক ওমর ফারুকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

জানা গেছে, গত ১ জুলাই সন্ধ্যা ৬টার দিকে মিঠামইন উপজেলার ধলাই-বগাদিয়া বাজারে পেশাগত দায়িত্ব পালন শেষে ফেরার পথে স্থানীয় সন্ত্রাসীরা সাংবাদিক ওমর ফারুকের ওপর হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় বাজারে উপস্থিত লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পরে স্থানীয়রা উদ্ধার করে তাঁকে প্রথমে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাঁর অবস্থার গুরুতর বিবেচনায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় সাংবাদিক মহলে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।

ময়মনসিংহের গৌরীপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ১

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ।। প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১২:৩২ পিএম
ময়মনসিংহের গৌরীপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ১

ময়মনসিংহের গৌরীপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আব্দুল বারেক আকন্দ ওরফে মজনু মুন্সি (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (৫ জুলাই) রাত পৌনে ১০টার দিকে উপজেলার ভাংনামারী ইউনিয়নের চন্দ্রপাড়া সড়কে এ ঘটনা ঘটে।

নিহত বারেক আকন্দ উপজেলার ৯ নম্বর ভাংনামারী ইউনিয়নের দুর্বারচর গ্রামের মৃত আব্বাস আলী আকন্দের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে বয়ড়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন বারেক আকন্দ। পথে চন্দ্রপাড়া সড়কে একদল দুর্বৃত্ত তার পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তিনি সড়কে লুটিয়ে পড়েন।

স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে মাজহারুল ইসলাম আকাশের দাবি, তার বাবার পথরোধ করে কয়েকজন ছিনতাইকারী। তিনি তাদের চিনে ফেলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা।

এদিকে, নিহতের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ঘটনার কারণ উদ্‌ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

ময়মনসিংহ জেলা প্রশাসক ও সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ

সরকারি পুকুরের জমিতে মার্কেট নির্মাণের অভিযোগ, তদন্ত দাবি

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ।। প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৯:৩৬ পিএম
সরকারি পুকুরের জমিতে মার্কেট নির্মাণের অভিযোগ, তদন্ত দাবি

ময়মনসিংহ নগরীর সি. কে. ঘোষ রোডে ১ নম্বর খতিয়ানের ৭১১০ দাগভুক্ত ০.২৬২০ একর সরকারি পুকুরের জমিতে মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে।

অভিযোগে বলা হয়েছে, জমিটির মালিকানা-সংক্রান্ত বিষয়টি মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন এবং এ বিষয়ে নিষেধাজ্ঞা বলবৎ থাকা সত্ত্বেও সেখানে নির্মাণকাজ চালিয়ে যাওয়া হচ্ছে।

এ ঘটনায় বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ময়মনসিংহের জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন নাগরিকরা।

অভিযোগের সত্যতা প্রমাণিত হলে আদালতের আদেশের যথাযথ বাস্তবায়ন এবং সরকারি সম্পদ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।