শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

জেলা প্রশাসককে প্রেসক্লাবের সভাপতির পদ ছেড়ে প্রহসনের নির্বাচন বাতিলের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন

ইউটিভি ডেস্ক রিপোর্ট।। প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৬:৫৪ পিএম
জেলা প্রশাসককে প্রেসক্লাবের সভাপতির পদ ছেড়ে প্রহসনের নির্বাচন বাতিলের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন

জেলা প্রশাসককে ময়মনসিংহ প্রেসক্লাবের সভাপতির পদ থেকে অবিলম্বে সরে যাওয়া এবং প্রয়োজনীয় সংস্কার ছাড়া তথাকথিত প্রহসনের নির্বাচন বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা। বুধবার (০৭ জানুয়ারি) বেলা ১২টায় ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার কমিটির উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার কমিটির আহ্বায়ক আজগর হোসেন রবিন এবং সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক আজহারুল আলম। কর্মসূচিতে বক্তব্য রাখেন সংস্কার কমিটির সদস্য সচিব শিবলী সাদিক খান, মুখ্য সংগঠক মোঃ আরিফ রেওগীর, আলমগীর কবির উজ্জল খান, গোলাম কিবরিয়া পলাশ, সুমন ভট্টাচার্য্য, নজরুল ইসলাম মিন্টু, রোকসানা আক্তার, তাসলিমা রত্না, সাদেকুর রহমান সাদেক, নাজমুল হাসান রাজু খান ও সেলিম সাজ্জাদ।

এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন মুখ্য সংগঠক জহর লাল দে, যুগ্ম আহ্বায়ক ইউসুফ খান লিটন, সংগঠক আরিফ রব্বানী, ইয়াহিয়া আরিফ, আবুল কালাম আজাদ, এজি জাফর, খায়রুল বাশার, নিহার রঞ্জন কুন্ডু, আব্দুস সাত্তার, আব্দুল হাকিম, আব্দুল মালেক, মোঃ আজাহারুল ইসলাম, মমতাজ বেগম পপি, মোমেনা আক্তার, দিলরুবা আক্তার, নূরুন নাহার মুক্তি, জামাল উদ্দিন, রাফিদুল ইসলাম সোহেল, দ্বীন ইসলাম, আতিকুর রহমান শাওন, শেখ সোহেল মিয়া, মোঃ জুয়েল, এহতেশামুল হক সুমন, মোঃ মাকছুদুল হুদা, মোছাঃ রিক্তা বেগম, মাসুদ রানা প্রমুখসহ প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার বিপুল সংখ্যক সাংবাদিক।

মানববন্ধনে বক্তারা বলেন, ময়মনসিংহ প্রেসক্লাবকে প্রকৃত অর্থে “প্রেসক্লাব ফর প্রেসম্যান” হিসেবে গড়ে তুলতে হলে সর্বপ্রথম কর্মরত পেশাদার সাংবাদিকদের একটি সঠিক ও স্বচ্ছ তালিকা প্রণয়ন করতে হবে। পাশাপাশি একটি যুগোপযোগী গঠনতন্ত্রের খসড়া তৈরি করে তা সাধারণ সভার মাধ্যমে অনুমোদন নিতে হবে এবং এরপর চূড়ান্ত ভোটার তালিকা প্রণয়ন করে একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে হবে।

বক্তারা আরও বলেন, একটি পেশাজীবী সাংবাদিক সংগঠন বা ক্লাবে শুধুমাত্র সাংবাদিকরাই সদস্য হতে পারেন। অসাংবাদিক ব্যক্তি যেমন, আমলা, আইনজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক ও ব্যবসায়ীদের প্রেসক্লাবের সদস্যপদ দেওয়া সম্পূর্ণ অযৌক্তিক ও নীতিবিরোধী। এতে করে সাংবাদিকদের পেশাগত স্বার্থ ক্ষুণ্ন হচ্ছে এবং প্রেসক্লাব তার মূল উদ্দেশ্য থেকে বিচ্যুত হচ্ছে।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে ময়মনসিংহ প্রেসক্লাবের আসন্ন তথাকথিত প্রহসনের নির্বাচন বন্ধ করার জন্য জোর দাবি জানান। তারা বলেন, সংস্কার ছাড়া নির্বাচন আয়োজন করা হলে তা কখনোই গ্রহণযোগ্য হবে না। বক্তারা এ বিষয়ে দ্রুত সুষ্ঠু সমাধান চেয়ে ময়মনসিংহ প্রেসক্লাবের সভাপতি পদে থাকা জেলা প্রশাসকের নিকট আহ্বান জানান।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি উপেক্ষা করে যদি বর্তমান ব্যবস্থার মধ্যেই নির্বাচন আয়োজন করা হয় এবং এ সংক্রান্ত কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়, তবে তার সম্পূর্ণ দায়-দায়িত্ব ময়মনসিংহ প্রেসক্লাবের সভাপতি হিসেবে জেলা প্রশাসককেই বহন করতে হবে। মানববন্ধন থেকে সাংবাদিকদের অধিকার রক্ষা ও প্রেসক্লাব সংস্কারের আন্দোলন অব্যাহত রাখার ঘোষণাও দেওয়া হয়।

ময়মনসিংহে পিকআপের ধাক্কায় বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ।। প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬, ২:৪৪ পিএম
ময়মনসিংহে পিকআপের ধাক্কায় বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু

ময়মনসিংহের শম্ভুগঞ্জের আলালপুর এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় একটি সিএনজি অটোরিকশার যাত্রী বাবা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলেন হালুয়াঘাট উপজেলার নলুয়া এলাকার জাহাঙ্গীর আলম (৩৫) ও তার তিন বছর বয়সী ছেলে রুহান।

স্থানীয় সূত্রে জানা যায়, শম্ভুগঞ্জের আলালপুর এলাকায় একটি পিকআপ ভ্যান সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিলে গুরুতর সড়ক দুর্ঘটনা ঘটে। এতে জাহাঙ্গীর আলম ও তার ছেলে রুহান গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনে। পরে মরদেহ উদ্ধারসহ প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়।

এ মর্মান্তিক দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। একই সঙ্গে স্থানীয়দের মধ্যে সড়ক নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

বিদ্যালয়ের জমি ‘দখল করে’ পুকুর খননের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে!

মিঠামইন প্রতিনিধি।। প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬, ১২:৩৫ এম
বিদ্যালয়ের জমি ‘দখল করে’ পুকুর খননের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে!

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে পুকুর খননের অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলা প্রশাসনকে দুই দফা লিখিত অভিযোগ দেওয়া হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেছেন অভিযোগকারী ও এলাকাবাসী।

অভিযুক্ত প্রধান শিক্ষক জাকির হোসেন নিজ গ্রাম হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। তিনি হোসেনপুর গ্রামের রুহুল আমিন মাস্টারের ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার হোসেনপুর মৌজার এসএ খতিয়ান নম্বর–১০ ও দাগ নম্বর–২০১৯ অনুযায়ী জমিটি হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামে রেকর্ডভুক্ত। অভিযোগ রয়েছে, প্রধান শিক্ষক জাকির হোসেন বিদ্যালয়ের প্রায় ৪৮ শতাংশ জমির মাটি কেটে পুকুর খনন করেছেন এবং কাটা মাটি নিজের বসতবাড়িতে নিয়ে গেছেন।

এলাকাবাসীর দাবি, পুকুর খননের বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক প্রথমে বিষয়টি স্বীকার করেন এবং খনন করা পুকুর ভরাট করে দেওয়ার আশ্বাস দেন। তবে পরে তিনি পুকুর ভরাট না করে নানা টালবাহানা শুরু করেন।

এ ঘটনায় এলাকাবাসীর পক্ষে জমিদাতা মো. আবু হানিফ ভূঁইয়া গত ১৯ জানুয়ারি ২০২৫ সালে মিঠামইন উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে প্রতিকার চেয়ে প্রথম লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরও কোনো পদক্ষেপ না নেওয়ায় তিনি পরবর্তীতে গত ১৫ নভেম্বর ২০২৫ সালে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর আবারও লিখিত অভিযোগ দেন।

অভিযোগকারীর ভাষ্য, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রধান শিক্ষক জাকির হোসেনের বিরুদ্ধে কোনো ধরনের প্রশাসনিক বা আইনি ব্যবস্থা গ্রহণ করেনি।

তবে অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক জাকির হোসেন প্রতিবেদককে বলেন, “পুকুর খননের বিষয়টি বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদের জানিয়েই করা হয়েছে। তখন তাদের কোনো আপত্তি ছিল না। এখন একটি পক্ষ আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।”

এ বিষয়ে প্রশাসনের পদক্ষেপ নিয়ে এলাকাবাসীর মধ্যে নানা প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে।

ট্রফির সঙ্গে বিজয়ীদের হাতে গাছের চারা

গৌরীপুরে ইছুলিয়া ও হাটশিড়া গ্রামের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, গৌরিপুর।। প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ৭:৩৫ পিএম
গৌরীপুরে ইছুলিয়া ও হাটশিড়া গ্রামের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ইছুলিয়া ও হাটশিড়া গ্রামের যুবসমাজের উদ্যোগে জাঁকজমকপূর্ণ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় তরুণদের খেলাধুলায় উদ্বুদ্ধ করা এবং গ্রামে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে এ ম্যাচের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২৮ মে) পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ইছুলিয়া গ্রামে অনুষ্ঠিত এ আয়োজনের পেছনে বিশেষ ভূমিকা পালন করে ২০২৪ সালে প্রতিষ্ঠিত স্থানীয় সামাজিক সংগঠন স্বপ্নসিঁড়ি ফ্রেন্ডস ক্লাব।

খেলায় ইছুলিয়া ও হাটশিড়া গ্রামের একঝাঁক প্রতিভাবান তরুণ খেলোয়াড় অংশ নেন। টানটান উত্তেজনায় ভরপুর ম্যাচটি উপভোগ করতে মাঠের চারপাশে ভিড় জমান স্থানীয় ক্রীড়ামোদী দর্শকরা। দুই দলের খেলোয়াড়দের দুর্দান্ত ড্রিবলিং, নিখুঁত পাসিং ও আক্রমণাত্মক ফুটবল শৈলী উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। নির্ধারিত সময়ে উভয় দলই দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দেয়।

খেলা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের ম্যাচের অন্যতম আকর্ষণ ছিল ব্যতিক্রমধর্মী পুরস্কার ব্যবস্থা। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে বিজয়ী ও রানার্স-আপ দলের জন্য ট্রফির পাশাপাশি রাখা হয় বিভিন্ন গাছের চারা।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আয়োজক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে জমকালো চ্যাম্পিয়ন ট্রফির পাশাপাশি সবুজ গাছের চারা তুলে দেন। এ সময় দুই দলের খেলোয়াড়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, যুবসমাজকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রেখে মাঠমুখী করা এবং পরিবেশ সংরক্ষণে সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই ট্রফির সঙ্গে গাছের চারা পুরস্কার দেওয়ার এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের ইতিবাচক ও পরিবেশবান্ধব ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।