মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৭ ১৪৩২
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৭ ১৪৩২

বাংলাদেশ জিন্দাবাদ-জাতীয়তাবাদী চেতনায় সংস্কৃতির দীপ্ত উদযাপন

নবগঠিত জাসাস ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার পরিচিতি সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

ইউটিভি ডেস্ক রিপোর্ট।। প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫, ৩:০১ এম
নবগঠিত জাসাস ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার পরিচিতি সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

ময়মনসিংহ দক্ষিণ জেলা জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর নবগঠিত জেলা শাখার পরিচিতি সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে প্রাণবন্ত পরিবেশে। জাতীয়তাবাদী আদর্শে উজ্জীবিত এই আয়োজন একদিকে যেমন সাংগঠনিক শক্তির প্রতিফলন ঘটায়, অন্যদিকে স্থানীয় সাংস্কৃতিক চর্চাকেও নতুন গতিপথ দেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাকির হোসেন বাবলু, আহ্বায়ক, জাতীয়তাবাদী দল, ময়মনসিংহ দক্ষিণ জেলা। তিনি বলেন, “জাতীয়তাবাদী সাংস্কৃতিক আন্দোলন শুধু রাজনীতির বাহন নয়, এটি একটি মূল্যবোধ ও মানবিকতার প্রতিচ্ছবি। আজকের এই আয়োজন প্রমাণ করে যে জাসাস নবজাগরণের পথে এগিয়ে যাচ্ছে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ রোকনুজ্জামান সরকার রোকন, সদস্য সচিব, জাতীয়তাবাদী দল, ময়মনসিংহ দক্ষিণ জেলা এবং ফারহানা চৌধুরী বেবি, যুগ্ম আহ্বায়ক, জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

সভাপতিত্ব করেন খন্দকার মহিউদ্দিন আহমেদ মঈন, সভাপতি, জাসাস, ময়মনসিংহ দক্ষিণ জেলা।

সার্বিক সঞ্চালনায় ছিলেন সাব্বিরুল ইসলাম, সাধারণ সম্পাদক, জাসাস, ময়মনসিংহ দক্ষিণ জেলা।

আয়োজন জুড়ে চলে দেশের গান, আবৃত্তি ও গণসংগীত পরিবেশনা। নতুন প্রজন্মের শিল্পীরা ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’, সহ জাতীয়তাবাদী চেতনার গান পরিবেশন করেন, যা দর্শক-শ্রোতার হৃদয় ছুঁয়ে যায়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “সংস্কৃতি হল সমাজের আত্মা। জাসাস সেই আত্মার রক্ষাকবচ হয়ে কাজ করবে। সংস্কৃতি ছাড়া রাজনীতি বোধগম্য নয়। নবগঠিত কমিটি আগামী দিনে ময়মনসিংহে সাংস্কৃতিক বিপ্লব ঘটাবে।”

এই পরিচিতি সভায় শুধু সাংগঠনিক দিক থেকে নয়, সাংস্কৃতিক বন্ধন ও জাতীয়তাবাদী চেতনার বিকাশেও একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে বলে মত প্রকাশ করেন স্থানীয় বিশিষ্টজনেরা।

ময়মনসিংহের চর নিলক্ষীয়ায় বিএনপি’র আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক।। প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৬:৫৮ পিএম
ময়মনসিংহের চর নিলক্ষীয়ায় বিএনপি’র আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

ময়মনসিংহ সদরে ৭নং চর নিলক্ষীয়া ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে রাজগঞ্জ সাহেব কাচারি বাজারে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ মার্চ) মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুল হাসান রাসেলের সভাপতিত্বে ও মহসিন আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কোতোয়ালী বিএনপি’র আহ্বায়ক হেলাল আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালী বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াহিয়া হোসেন শাহীন, সদস্য সচিব, মোঃ আজহারুল ইসলাম বুলবুল সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদ সদস্য, আব্দুস ছালাম।

ইফতার পূর্ব মিলাদ ও মোনাজাত পাঠ করা হয়।

ময়মনসিংহ বিসিক শিল্পনগরীতে কয়েল কারখানায় আগুন, ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন দাবি

নিজস্ব প্রতিবেদক।। প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ১:৪৭ পিএম
ময়মনসিংহ বিসিক শিল্পনগরীতে কয়েল কারখানায় আগুন, ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন দাবি

ময়মনসিংহের বিসিক শিল্প নগরীর একটি কয়েল উৎপাদন কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের তিন ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ হয়।

শনিবার (৭ মার্চ) দিনগত রাত ৩টার দিকে বিসিক শিল্প নগরীতে ‘মেসার্স তাকওয়া মার্কেটিং নেটওয়ার্ক’ উৎপাদিত নাইটগার্ড মশার কয়েলের কারখানায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. হাফিজুর রহমান।

তিনি বলেন, রাত ৩টার দিকে ওই কয়েল উৎপাদন কারখানায় হঠাৎ করেই আগুন দেখতে পায় লোকজন। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে সদর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও বাকৃবি ফায়ার সার্ভিসের আরও দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণ করে। তবে সম্পূর্ণ নিয়ন্ত্রণ হয় সকাল ৬টার পর।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী বলেন, অগ্নিকাণ্ডে কারখানার অনেক অংশসহ উৎপাদিত কয়েল, উৎপাদন সামগ্রী, মটরসহ কারখানায় থাকা অন্য জিনিসপত্র পুড়ে গেছে। এতে আনুমানিক ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। যদিও কারখানার মালিকের দাবি, কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করছি। বিসিকে প্রচুর পরিমাণ শিল্প কারখানা রয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে যাওয়ার কারণে বড় ধরনের দুর্ঘটনা ছাড়াই আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ময়মনসিংহের উন্নয়নে তারেক রহমানের ওপর আস্থা রাখার আহ্বান এমপি ওয়াহিদের

ইউটিভি ডেস্ক রিপোর্ট।। প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬, ১০:২৮ পিএম
ময়মনসিংহের উন্নয়নে তারেক রহমানের ওপর আস্থা রাখার আহ্বান এমপি ওয়াহিদের

উন্নয়নের প্রশ্নে প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। তিনি বলেছেন, ময়মনসিংহের সার্বিক উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কথা হয়েছে এবং তিনি এ অঞ্চলের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ।

রোববার (৮ মার্চ) সন্ধ্যায় ময়মনসিংহ প্রেসক্লাবের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি ওয়াহিদ বলেন, নগরীর যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশাসন ইতোমধ্যে কাজ শুরু করেছে। প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

সভায় বিগত বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সাংবাদিকদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ঐতিহ্যবাহী ময়মনসিংহ প্রেসক্লাবের ভবনটি আমাদের আদর্শিক মা, সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অনুদানে নির্মিত হয়েছিল। তবে দীর্ঘদিন ধরে এ কাজের যথাযথ স্বীকৃতি ছিল না। সম্প্রতি কৃতজ্ঞতা স্বরূপ ক্লাবের দেয়ালে সেই নামফলক সংযোজন করা হয়েছে। এজন্য তিনি প্রেসক্লাব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

তিনি আরও বলেন, আগামী দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ সফরে এলে তাকে ময়মনসিংহ প্রেসক্লাবে নিয়ে আসার জন্য তিনি সর্বাত্মক চেষ্টা করবেন।

ময়মনসিংহ প্রেসক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন র‌্যাব-১৪-এর অধিনায়ক মো. নয়মুল হাসান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক একেএম মাহাবুবুল আলম মাহাবুব, মহানগর জামায়াতে ইসলামীর আমীর মো. কামরুল আহসান এমরুল, অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মো. গোলাম মাসুম প্রধান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান এবং অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেলুন উড়িয়ে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। অনুষ্ঠানে প্রেসক্লাবের সহসভাপতি নয়াব আলী, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ূম, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও অমিত রায়, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সালেহ মো. মূসাসহ নগরীর বিভিন্ন পর্যায়ের সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।