ময়মনসিংহে গৃহবধূ ওপর হামলা, ঘরবাড়ি ভাঙচুর ও টাকা-স্বর্ণালংকার লুটের অভিযোগ!
ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানাধীন চর গোবিন্দপুর এলাকায় এক গৃহবধূ ও তার পরিবারের ওপর সন্ত্রাসী হামলা, মারধর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোছাঃ শরিফা খাতুন (৩৮) শুক্রবার (৭ নভেম্বর ২০২৫) কোতোয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জের ধরে একই এলাকার মনা মিয়ার ছেলে ১. মফিদুল ইসলাম (২৭), ২. পিচ্চি মিয়া (৩০), ৩. নজরুল (৪০), ৪. বাছির মিয়া (২২) সহ আরও ১০-১২ জন অজ্ঞাত ব্যক্তি শরিফা খাতুনের বসতবাড়িতে হামলা চালায়। শুক্রবার সকাল ৯টার দিকে তারা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তার বাড়িতে অনধিকার প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে।
এ সময় গৃহবধূ শরিফা খাতুন প্রতিবাদ করলে ১নং বিবাদী তাকে চুলের মুঠি ধরে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। তার মেয়ে সুমাইয়া আক্তার (১৭) ও ছেলে সোহেল মিয়া (২৩) এগিয়ে এলে তাদেরকেও বেধড়ক মারধর করা হয়। হামলাকারীরা ঘরে প্রবেশ করে সোকেসের ড্রয়ার ভেঙে ১ লাখ ৭৫ হাজার টাকা এবং প্রায় ২ ভরি স্বর্ণালংকার (মূল্য আনুমানিক ৪ লাখ ৩০ হাজার টাকা) লুট করে নেয়।
এছাড়াও তারা ঘরের আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ২ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি সাধন করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে শরিফা খাতুন ও তার পরিবার চিৎকার শুরু করলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। তারা হুমকি দিয়ে বলে,থানায় মামলা করলে তোদের মেরে ফেলব এবং মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে পাঠাব।”
ভুক্তভোগী পরিবারের দাবি, অভিযুক্তরা এলাকার চিহ্নিত দুষ্কৃতকারী, কোনো সালিশ বা সামাজিক বিচার মানে না। বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা ব্যর্থ হওয়ায় থানায় অভিযোগ করতে বিলম্ব হয়েছে।
ঘটনা সম্পর্কে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়রা ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।







