নিকলীতে বীর বিক্রম মতিউর রহমানের নামে সড়ক ও চত্বরের নামকরণের সিদ্ধান্ত
কিশোরগঞ্জের নিকলীতে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংরক্ষণে উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে নিকলীর বীর মুক্তিযোদ্ধা মরহুম মতিউর রহমান বীর বিক্রমের নামে একটি সড়ক ও একটি চত্বরের নামকরণের প্রস্তাব অনুমোদনের সিদ্ধান্ত নিয়েছে উপজেলা পরিষদ।
সিদ্ধান্ত অনুযায়ী, নিকলী নতুন বাজার থেকে কুর্শা বাজার পর্যন্ত সড়কটির নামকরণ করা হবে ‘মতিউর রহমান বীর বিক্রম সড়ক’। অন্যদিকে শহীদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয় মোড়ের নাম হবে ‘মতিউর রহমান বীর বিক্রম চত্বর’।
জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা মুর্শিদ আলীর আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় উত্থাপন করা হয়। গত ২৪ জুন ২০২৬ তারিখে অনুষ্ঠিত সভায় প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে পাস হয়।
এরই ধারাবাহিকতায় গত ১ নভেম্বর নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে কিশোরগঞ্জের জেলা প্রশাসক বরাবর একটি পত্র পাঠানো হয়েছে। ওই পত্রে প্রস্তাবিত সড়ক ও চত্বরের নামকরণের বিষয়ে প্রয়োজনীয় পরবর্তী কার্যক্রম দ্রুত গ্রহণের অনুরোধ জানানো হয়।
স্থানীয়দের মতে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান বীর বিক্রমের বীরত্বগাথা ও আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে মুক্তিযুদ্ধের স্থানীয় ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই নামকরণ।








