মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জাকির হোসেন

ইউটিভি ডেস্ক রিপোর্ট।। প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৫২ পিএম
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জাকির হোসেন

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল (মমেক) এর নতুন পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জাকির হোসেন। দায়িত্ব গ্রহণ উপলক্ষে হাসপাতালের উপ-পরিচালক, সহকারী পরিচালক, মেডিকেল কলেজের অধ্যক্ষ, চিকিৎসক ও কর্মচারীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে আন্তরিক অভ্যর্থনা জানান।

দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত পরিচালক হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি রোগীদের সেবার মানোন্নয়ন, হাসপাতালের শৃঙ্খলা বজায় রাখা এবং আধুনিক চিকিৎসা সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করা, চিকিৎসাসেবার গুণগত মান বৃদ্ধি এবং হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও শৃঙ্খলা প্রতিষ্ঠাই তাঁর প্রধান লক্ষ্য। পাশাপাশি রোগীদের জন্য পর্যাপ্ত ওষুধ সরবরাহ, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন এবং অবকাঠামোগত উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

হাসপাতাল সংশ্লিষ্ট ও সাধারণ মানুষ আশা প্রকাশ করে বলেন, নতুন পরিচালকের নেতৃত্বে হাসপাতালের সেবার মান আরও উন্নত হবে। তারা আশা করেন, রোগীরা আরও উন্নত ও সহজলভ্য চিকিৎসাসেবা পাবেন এবং প্রতিষ্ঠানটি একটি আধুনিক ও সুশৃঙ্খল চিকিৎসাকেন্দ্র হিসেবে গড়ে উঠবে।

উল্লেখ্য, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের অন্যতম প্রধান এই চিকিৎসাকেন্দ্রে প্রতিদিন বিপুলসংখ্যক রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন। নতুন পরিচালকের দায়িত্ব গ্রহণের মাধ্যমে হাসপাতালের সার্বিক কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।

পুরনো ঢাকায় সাবেক কাউন্সিলর মামুনের বিরুদ্ধে দখল-চাঁদাবাজির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা।। প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬, ৫:৩০ পিএম
পুরনো ঢাকায় সাবেক কাউন্সিলর মামুনের বিরুদ্ধে দখল-চাঁদাবাজির অভিযোগ

পুরনো ঢাকায় সাবেক ওয়ার্ড কাউন্সিলর মামুনের বিরুদ্ধে দখলবাণিজ্য ও চাঁদাবাজির গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় ব্যবসায়ী ও ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি প্রভাব বিস্তার করে নবাবপুর, ফুলবাড়িয়া ও সিদ্দিক বাজার এলাকায় একচ্ছত্র আধিপত্য কায়েম করেছেন।

অভিযোগ রয়েছে, নবাবপুর এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের শুভ বসাক তার ওয়ারিশ সূত্রে পাওয়া জমিতে নির্মাণকাজ শুরু করলে মামুনের নেতৃত্বে একদল সন্ত্রাসী তার কাছে ৫ কোটি টাকা চাঁদা দাবি করে। এ ঘটনায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামুনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলার সিআর নম্বর ১৯৩৪/২০২৪ এবং এতে পেনাল কোডের ৩২৩/৩৭৯/৩৮৫/৩৮৭/৪২৭/৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ‘শরীফ আদমী’র পরিচয়ের আড়ালে মামুন দীর্ঘদিন ধরে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন। তিনি বংশাল থানা বিএনপির যুগ্ম সম্পাদক পদ ব্যবহার করে ক্ষমতার অপব্যবহার করছেন বলেও সমালোচনা রয়েছে। তার বিরুদ্ধে কথা বলতে স্থানীয়রা ভয় পান বলেও অভিযোগ ওঠে।

জানা গেছে, তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং নবাবপুর দোকান মালিক সমিতির স্বঘোষিত সভাপতি হিসেবে পরিচিত। স্থানীয়দের ভাষ্যমতে, চব্বিশের গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগে মামুন ও তার ঘনিষ্ঠরা জাকের সুপার মার্কেট, সিটি প্লাজা ও নগর প্লাজাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মার্কেটের নিয়ন্ত্রণ নেন। ব্যবসায়ীদের অভিযোগ, দোকান বরাদ্দ, ভাড়া নির্ধারণ ও পুনর্বিন্যাসের নামে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে।

অভিযোগ রয়েছে, মামুনের ভাই ফারুক, কাশ্মীর লিটন, শুক্কুর, মনু ও মোক্তার হোসেনের নেতৃত্বে একটি সিন্ডিকেট এলাকায় দখল ও চাঁদাবাজির কার্যক্রম পরিচালনা করছে। এতে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

শুধু মার্কেট নয়, পরিবহন খাতেও চাঁদাবাজির অভিযোগ উঠেছে। দক্ষিণবঙ্গগামী বিভিন্ন পরিবহন—ইমাদ পরিবহন, গোল্ডেন লাইন, ইলিশ, দোলা, প্রচেষ্টা, মহানগর, আনন্দ, মাওয়া এক্সপ্রেস, তাহসিন এন্টারপ্রাইজ, স্বাধীন এন্টারপ্রাইজ, নবকলি এক্সপ্রেস, টুঙ্গীপাড়া এক্সপ্রেস, বসুমতী ট্রান্সপোর্ট লিমিটেড ও গাংচিল এক্সপ্রেস থেকে নিয়মিত চাঁদা আদায় করা হয় বলে অভিযোগ সংশ্লিষ্ট সূত্রগুলোর।

এছাড়া ফুলবাড়িয়ার ১৪/১ কাজী আবদুল হামিদ লেনের আল হায়াত ম্যানসন মার্কেট এবং সিদ্দিক বাজারের টুকু টাওয়ার মার্কেট নিয়ন্ত্রণে নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

ভুক্তভোগীদের দাবি, ২০২৪ সালের ৮ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের তিনদিন পর সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্র নিয়ে এসে শুভ বসাকের নির্মাণকাজ বন্ধ করে দেয় এবং নন-জুডিশিয়াল স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার চেষ্টা চালায়। এ সময় শুভ বসাক অচেতন হয়ে পড়লে তার কাছে থাকা ১ লাখ ৭ হাজার টাকা ও দুই ভরি ওজনের স্বর্ণের চেইন নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করা হয়। এ ঘটনার বিচার দাবিতে সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষ থেকে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচিও পালিত হয়েছে।

স্থানীয়দের ভাষ্যমতে, ২০১০ সালে তৎকালীন কাউন্সিলর ও যুবদল নেতা হাজি আহম্মদ হোসেন হত্যাকাণ্ডের পর মামুনের উত্থান ঘটে। এর আগে তিনি আহম্মদ হোসেনের অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। এরপর ধীরে ধীরে তিনি এলাকায় প্রভাব বিস্তার করেন বলে দাবি স্থানীয়দের।

এদিকে, সম্প্রতি দৈনিক লাল সবুজের দেশ ও পাক্ষিক অপরাধ জগত ম্যাগাজিনের সাংবাদিক এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের ঢাকা মহানগর শাখার কল্যাণ সম্পাদক রিয়াজ আহমেদ মামুনের বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর হুমকির মুখে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, মামুন সাংবাদিক রিয়াজ আহমেদের বিরুদ্ধে বংশাল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১২৪৮, তারিখ ২৩/০৪/২০২৬) করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালান।

স্থানীয়দের দাবি, দলের ভাবমূর্তি রক্ষায় মামুনের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা বললেও রাজধানীতে এমন কর্মকাণ্ড দল ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।

ময়মনসিংহে এনসিপিতে যোগ দিলেন নাগরিক ঐক্যসহ বিভিন্ন দলের ৩০ নেতাকর্মী

আরিফ রব্বানী, ময়মনসিংহ।। প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ১১:৩৪ পিএম
ময়মনসিংহে এনসিপিতে যোগ দিলেন নাগরিক ঐক্যসহ বিভিন্ন দলের ৩০ নেতাকর্মী

ময়মনসিংহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে জেলার ত্রিশাল উপজেলার নাগরিক ঐক্যসহ বিভিন্ন রাজনৈতিক দলের ৩০ জন নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগদান করেছেন।

শুক্রবার (১৫ মে) সকাল ১১টায় নগরীর ১৪৭ কাচারি রোডস্থ ময়মনসিংহ জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কার্যালয়ে ত্রিশাল উপজেলা নাগরিক ঐক্যের আহ্বায়ক কপিল উদ্দিনের নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে তারা যোগদান করেন।

যোগদান উপলক্ষে দলীয় কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ময়মনসিংহ জেলা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট এটিএম মাহবুব উল আলম ও সদস্য সচিব মো. জসিম উদ্দিনসহ নেতাকর্মীরা নবাগতদের ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনার মাধ্যমে বরণ করে নেন।

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট এটিএম মাহবুব উল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নবাগত নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন এনসিপি ময়মনসিংহ মহানগর শাখার যুগ্ম সদস্য সচিব সোহেল আহমদ, ময়মনসিংহ জেলা যুবশক্তির আহ্বায়ক ফয়সাল ফার্নিম, জেলা নারীশক্তির সদস্য উম্মে সালমা বৃষ্টি প্রমুখ। নবাগতদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা নাগরিক ঐক্যের সাবেক আহ্বায়ক ও নবযোগদানকারী এনসিপি নেতা মো. কফিন উদ্দিন।

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট এটিএম মাহবুব উল আলম বলেন, “ময়মনসিংহের ইতিহাস আন্দোলন-সংগ্রামের ইতিহাস। সূর্যসেন ও প্রীতিলতার মতো বিপ্লবীদের চেতনা ধারণ করেই এনসিপি ময়মনসিংহকে আরও সুসংগঠিত করবে।”

নতুন যোগদানকারীদের উদ্দেশে তিনি বলেন, “এনসিপির পতাকাতলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি ময়মনসিংহে হামের প্রকোপ বৃদ্ধির বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি এবং পর্যাপ্ত চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে অ্যাডভোকেট এটিএম মাহবুব উল আলম বলেন, “প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও এনসিপি সারা দেশের মতো ময়মনসিংহ জেলাতেও সকলের সহযোগিতায় সাংগঠনিক শক্তি বৃদ্ধি করছে।”

জুলাই আন্দোলনে নারীদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি নারী নেতৃত্বকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

এসময় তিনি আরও বলেন, “জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়নে কোনো ধরনের আপস করা হবে না। প্রয়োজনে নতুন আন্দোলনের সূচনা ময়মনসিংহ থেকেই হবে।” পাশাপাশি মানুষের অধিকার প্রতিষ্ঠা ও মানবিক বাংলাদেশের প্রত্যয়ে নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

এনসিপির ময়মনসিংহ জেলা শাখার সদস্য সচিব জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন, মানুষের অধিকার, ন্যায়বিচার ও মানবিক রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে সকল দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, এই যোগদান শুধু সাংগঠনিক শক্তি বৃদ্ধি নয়, বরং একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গঠনের প্রত্যয়। ময়মনসিংহে এনসিপির অগ্রযাত্রা আরও শক্তিশালী ও গতিশীল হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।

নতুন নেতৃবৃন্দের যোগদানকে কেন্দ্র করে অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে বিভিন্ন রাজনৈতিক দল থেকে আগত নেতাকর্মীদের ফুল দিয়ে ও মিষ্টিমুখ করিয়ে বরণ করা হয়।

অ্যাডভোকেট এটিএম মাহবুব উল আলম বলেন, “সন্ত্রাস ও চাঁদাবাজ ছাড়া সব দলের লোকজন এনসিপিতে যোগ দিতে পারবেন। প্রতিদিন বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে বিভিন্ন দলের নেতাকর্মীরা আমাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন। আমরা বিচ্ছিন্নভাবে অনেককে নিয়েছি। আজ থেকে নিয়মিত যোগদান অনুষ্ঠান অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, “আজ ত্রিশালের নাগরিক ঐক্যসহ বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গসংগঠনের ৩০ জন নেতাকর্মী এনসিপিতে যোগদান করেছেন। সবাইকে সঙ্গে নিয়ে আমরা সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত একটি মডেল ময়মনসিংহ গড়ে তুলবো।”

ময়মনসিংহে মোটরসাইকেল চোরচক্রের হোতা ‘চোরা মানিক’ সহ আটক ৩, চুরি হওয়া বাইক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ।। প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ২:৩৩ পিএম
ময়মনসিংহে মোটরসাইকেল চোরচক্রের হোতা ‘চোরা মানিক’ সহ আটক ৩, চুরি হওয়া বাইক উদ্ধার

ময়মনসিংহ নগরীর হেরা মার্কেট থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পিবিআই ময়মনসিংহ। এ ঘটনায় ২৮ মামলার কুখ্যাত মোটরসাইকেল চোর ‘ফ্রিডম মানিক’সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

পিবিআই সূত্র জানায়, বৃহস্পতিবার (১৫ মে) ভোর ৪টা ৫ মিনিটে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সতিষা এলাকা থেকে কুখ্যাত মোটরসাইকেল চোর ফ্রিডম মানিক ওরফে চোরা মানিক ওরফে মোস্তাফিজুর রহমান মানিক চৌধুরী (৩৯) কে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাই মোটরসাইকেলের রং পরিবর্তনকারী সোহেল মিয়া (২৩) কে শাহবাজপুর এলাকা থেকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী পালামন্দর এলাকা থেকে আশিক মিয়া (২৭) এর বাড়ি হতে চোরাই মোটরসাইকেল উদ্ধার করে জব্দ করা হয়।

ঘটনার বিবরণে জানা যায়, গত ২৯ এপ্রিল বিকেলে আলামিন শরীফ সিফাত তার ব্যবহৃত নীল রঙের সুজুকি জিক্সার ১৫৫ সিসি মোটরসাইকেলটি ময়মনসিংহ নগরীর হেরা মার্কেটের সামনে পার্কিং করে ওয়াশরুমে যান। পরে ফিরে এসে মোটরসাইকেলটি না পেয়ে খোঁজাখুঁজি করেন। পরবর্তীতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, অজ্ঞাত চোরচক্র মোটরসাইকেলের লক ভেঙে সেটি চুরি করে নিয়ে যায়।

ঘটনার পর অ্যাডিশনাল আইজিপি পিবিআই মোঃ মোস্তফা কামালের তত্ত্বাবধানে এবং পিবিআই ময়মনসিংহের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় একটি বিশেষ টিম গঠন করা হয়। পিবিআইয়ের ছায়া তদন্তে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এআই প্রযুক্তির সহায়তায় ছবি বিশ্লেষণ করা হয়। পরে তথ্যপ্রযুক্তি ও মোবাইল কল রেকর্ড (সিডিআর) বিশ্লেষণের মাধ্যমে চোরা মানিককে শনাক্ত করা হয়।

পিবিআই জানায়, গ্রেফতারকৃত মানিকের বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ২৮টি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চুরি চক্রের সঙ্গে জড়িত।

অদ্য ১৫ মে গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে পিবিআই ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বলেন, “পিবিআইয়ের ঐকান্তিক প্রচেষ্টায় দ্রুত সময়ে চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। এতে ময়মনসিংহ শহরে মোটরসাইকেল চুরি প্রতিরোধে ইতিবাচক প্রভাব পড়বে বলে আমরা আশাবাদী।”