বুধবার, ৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩
বুধবার, ৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

কোরআন ও হাদিসেও মাদককে নিষিদ্ধ করা হয়েছে- ময়মনসিংহে বিভাগীয় কমিশনার

ইউটিভি ডেস্ক রিপোর্ট।। প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ১০:৪৫ পিএম
কোরআন ও হাদিসেও মাদককে নিষিদ্ধ করা হয়েছে- ময়মনসিংহে বিভাগীয় কমিশনার

ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নানা আয়োজনের মধ্য দিয়ে, যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটির এবছরের প্রতিপাদ্য, ‘The evidence is clear; invest in prevention, break the cycle. Stop Organized Crime.’ দিবসটি উপলক্ষ্যে এদিন সকাল ৯টায় বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গন থেকে টাউন হল পর্যন্ত একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালি শেষে টাউন হল এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে দিবসটি উদযাপনের অংশ হিসেবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ বলেন কোরআন ও হাদিসেও মাদককে নিষিদ্ধ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে কেবল একদিনের প্রতীকী প্রতিবাদ যথেষ্ট নয়, উন্নত জীবন যাত্রার জন্য এর বিরুদ্ধে তীব্র সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাদকাসক্তি একজন ব্যক্তির নিজস্ব চিন্তা-চেতনা, ব্যক্তিত্ব, মনুষ্যত্ববোধ কেড়ে নেয়। ভালোমন্দের জ্ঞান হারিয়ে মাদকাসক্ত ব্যক্তি চুরি, ছিনতাই, এমনকি হত্যাকান্ডের মতো জঘন্য অপরাধে জড়িয়ে পড়ে।

প্রধান অতিথি আরো বলেন, মাদকের বিরুদ্ধে প্রথমেই প্রয়োজন প্রতিরোধ। মানসিকতার পরিবর্তন করা না গেলে কেবল শাস্তির মাধ্যমে মাদক থেকে ফেরানো কঠিন। তাই মাদকাসক্ত ব্যক্তির সুস্থ মানসিক পরিবর্তনের লক্ষ্যে কাজ করতে হবে। দেশের বাইরে থেকে মাদক প্রবেশের চ্যানেলগুলো বন্ধ করতে হবে। দেশের আপামর জনগণকে মাদকবিরোধী সামাজিক আন্দোলনে সম্পৃক্ত করতে হবে। মাদককে ঘৃণা করতে হবে, মাদকসেবীকে নয়। বরং মাদকাসক্তি থেকে পুনরুদ্ধারে সহায়তার হাত বাড়িয়ে দিতে হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে হাবিবা মীরার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. জাফরুল্ল্যাহ কাজল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া, অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ, জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাইফুল ইসলাম খান।

মাদকের প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করে আলোচকগণ সভার বিভিন্ন পর্বে বক্তব্য রাখেন। বিভিন্ন আলোচকের বক্তব্যে মাদক প্রতিরোধে ধর্মীয় অনুশাসন মেনে চলার কথা বলা হয়। মাদকের বিস্তার রোধে পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় সকল পর্যায়ে প্রতিরোধ গড়ে তোলা, সামাজিক সচেতনতা সৃষ্টি ও মাদকসেবীর প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেয়ার প্রতি গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আনোয়ার হোসেন। এছাড়া অন্যান্যদের মধ্যে স্কাউট সদস্য, মাদ্রাসা ও স্কুল কলেজের শিক্ষার্থী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সমাজকর্মী, এনজিও প্রতিনিধি, পুনর্বাসন কেন্দ্রের উদ্যোক্তা, জুলাই আন্দোলনের সমন্বয়ক ও প্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, সুশীল সমাজের প্রতিনিধি এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ সভায় উপস্থিত ছিলেন। আলোচনা সভাশেষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এম.এস.এ আরেফিন ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ।। প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ২:৪০ পিএম
এম.এস.এ আরেফিন ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত

ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ত্যাগী, পরিশ্রমী ও রাজপথের পরীক্ষিত নেতা এম.এস.এ আরেফিন।

এম.এস.এ আরেফিনের পিতার নাম মহিউদ্দিন মোঃ শফিকুল ইসলাম। তিনি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার ৩ নং কুশমাইল ইউনিয়নের কুশমাইল ধামর কাচারি (নায়েব বাড়ী) গ্রামের বাসিন্দা।

শিক্ষাজীবনে তিনি মেধাবী ছাত্র হিসেবে সুপরিচিত। তিনি ২০১৩ সালে ফুলবাড়িয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি এবং ২০১৫ সালে ফুলবাড়িয়া বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি আনন্দমোহন কলেজের গণিত বিভাগ থেকে ২০১৬-১৭ সেশনে বিএসসি (সম্মান) এবং একই বিভাগ থেকে এমএসসি (মাস্টার্স) ডিগ্রি অর্জন করেন।

রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে দীর্ঘদিন সক্রিয় থাকা এম.এস.এ আরেফিন পূর্বে ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ময়মনসিংহ জেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। বর্তমানে তিনি “লাইট অফ ট্রিমস ইউথ ডেভেলপমেন্ট সোসাইটি” ময়মনসিংহ জেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং রাজপথে সক্রিয় ভূমিকার স্বীকৃতি হিসেবে তাকে ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়েছে।

তার এই নির্বাচনে সহকর্মী, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীর মাঝে আনন্দের জোয়ার বইছে। তারা আশা প্রকাশ করেন, এম.এস.এ আরেফিন তার মেধা, যোগ্যতা ও নেতৃত্বের মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করে তুলবেন।

আছিফুজ্জামান অসীম ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ।। প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ১২:৩২ এম
আছিফুজ্জামান অসীম ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক

ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তরুণ, ত্যাগী ও রাজপথের পরীক্ষিত নেতা আছিফুজ্জামান অসীম। সংগঠনের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি ইতোমধ্যে নেতাকর্মীদের মাঝে আস্থা ও গ্রহণযোগ্যতা অর্জন করেছেন।

ছাত্র রাজনীতির ধারাবাহিকতায় আছিফুজ্জামান অসীম সবসময়ই গণতন্ত্র, ন্যায়বিচার এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে সোচ্চার ভূমিকা পালন করে আসছেন। তার নেতৃত্বে মহানগর ছাত্রদলের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।

সংগঠনের নেতাকর্মীরা জানান, আছিফুজ্জামান অসীম একজন পরিশ্রমী, সাহসী ও দায়িত্বশীল নেতা হিসেবে ইতোমধ্যে নিজেকে প্রমাণ করেছেন। ভবিষ্যতেও তিনি দলীয় কার্যক্রমকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

ময়মনসিংহে সরকারি হালট দখল, ভোগান্তিতে এলাকাবাসী- ইউএনও বরাবর অভিযোগ

মো: সোহেল মিয়া, ময়মনসিংহ।। প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬, ১০:২৫ পিএম
ময়মনসিংহে সরকারি হালট দখল, ভোগান্তিতে এলাকাবাসী- ইউএনও বরাবর অভিযোগ

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় সরকারি ‘হালট’ (চলাচলের রাস্তা) অবৈধ দখলমুক্ত করা এবং এর সঠিক সীমানা নির্ধারণের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর আবেদন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

আবেদন সূত্রে জানা গেছে, তারাকান্দা উপজেলার কাকনী মৌজার ১০৪৩ নং দাগে একটি সরকারি হালট বিদ্যমান। এই রাস্তাটি কাকনী ফকির মার্কেটের পেছন থেকে জয়নালের বাড়ি হয়ে কাকনী পরিবার কল্যাণ কেন্দ্রের পেছন পর্যন্ত বিস্তৃত। অভিযোগ উঠেছে যে, জনগুরুত্বপূর্ণ এই হালটটির অধিকাংশ অংশই বর্তমানে স্থানীয় প্রভাবশালী মহলের মাধ্যমে অবৈধভাবে দখল হয়ে আছে।

হালটটি দখল হয়ে যাওয়ায় স্থানীয় জনসাধারণ এবং স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রীদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। মূল রাস্তাটি ব্যবহারের অনুপযোগী হওয়ায় মানুষ নিরুপায় হয়ে ব্যক্তি মালিকানাধীন জমির ওপর দিয়ে ঘুরে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন। এতে করে প্রতিদিন শত শত মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন।

স্থানীয় বাসিন্দা আব্দুল করিম বলেন, “আগে এই রাস্তা দিয়ে সহজেই বাজার ও স্কুলে যাওয়া যেত। এখন দখল হয়ে যাওয়ায় আমাদের অনেক দূর ঘুরে যেতে হচ্ছে, বিশেষ করে শিশুদের খুব কষ্ট হচ্ছে।”

আরেক বাসিন্দা রহিমা বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা সাধারণ মানুষ। এই রাস্তা আমাদের একমাত্র ভরসা ছিল। এখন দখল হয়ে যাওয়ায় প্রতিদিনই সমস্যায় পড়তে হচ্ছে। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ চাই।”

এলাকাবাসীর পক্ষে আব্দুল হান্নান খান স্বাক্ষরিত এই আবেদনে বলা হয়েছে, দ্রুত সরকারি সার্ভেয়ার নিয়োগের মাধ্যমে জমি পরিমাপ করে হালটের সীমানা নির্ধারণ করা প্রয়োজন। একই সাথে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করে রাস্তাটি জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করার জোর দাবি জানানো হয়েছে।