শনিবার, ৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩

ময়মনসিংহ জেলা প্রশাসক ও সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ

সরকারি পুকুরের জমিতে মার্কেট নির্মাণের অভিযোগ, তদন্ত দাবি

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ।। প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৯:৩৬ পিএম
সরকারি পুকুরের জমিতে মার্কেট নির্মাণের অভিযোগ, তদন্ত দাবি

ময়মনসিংহ নগরীর সি. কে. ঘোষ রোডে ১ নম্বর খতিয়ানের ৭১১০ দাগভুক্ত ০.২৬২০ একর সরকারি পুকুরের জমিতে মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে।

অভিযোগে বলা হয়েছে, জমিটির মালিকানা-সংক্রান্ত বিষয়টি মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন এবং এ বিষয়ে নিষেধাজ্ঞা বলবৎ থাকা সত্ত্বেও সেখানে নির্মাণকাজ চালিয়ে যাওয়া হচ্ছে।

এ ঘটনায় বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ময়মনসিংহের জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন নাগরিকরা।

অভিযোগের সত্যতা প্রমাণিত হলে আদালতের আদেশের যথাযথ বাস্তবায়ন এবং সরকারি সম্পদ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

মিঠামইনে নিখোঁজ স্কুলছাত্রী কোহিনুরের সন্ধান মেলেনি, হত্যার অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ

মোক্তার হোসেন গোলাপ, মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি।। প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৩:১৫ এম
মিঠামইনে নিখোঁজ স্কুলছাত্রী কোহিনুরের সন্ধান মেলেনি, হত্যার অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় নিখোঁজ নবম শ্রেণির ছাত্রী কোহিনুর (১৬)-এর এখনো কোনো সন্ধান মেলেনি। পরিবারের দাবি, তাকে হত্যা করে মরদেহ গুম করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১১টায় মিঠামইন সদরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেন মিঠামইন মুক্তিযোদ্ধা আব্দুল হক সরকারি কলেজ, হাজী তায়েব উদ্দিন উচ্চ বিদ্যালয়, তমিজা খাতুন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় সচেতন নাগরিকরা।

নিখোঁজ কোহিনুরের মা নাহার বেগম অভিযোগ করে বলেন, তাঁর মেয়েকে হৃদয় নামে এক যুবক হত্যা করে মরদেহ গুম করেছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার দাবি করেন।

জানা যায়, তমিজা খাতুন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী কোহিনুর গত শনিবার (২৭ জুন) বিকেল ৪টার দিকে প্রাইভেট পড়তে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এ ঘটনায় তাঁর মা নাহার বেগম মিঠামইন থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।

কোহিনুর মিঠামইন হেলিপ্যাড সংলগ্ন মাইনুদ্দিনের কলোনিতে মা ও ভাইয়ের সঙ্গে ভাড়া বাসায় থাকত। তার বাবা মৃত ফজলু মিয়া।

পরিবারের দাবি, ঘটনার দিন বিকেলে প্রতিবেশীরা কোহিনুরকে অটোরিকশাচালক হৃদয়ের সঙ্গে কথা বলতে দেখেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, হৃদয়ের সঙ্গে কোহিনুরের পূর্বপরিচয় ও ব্যক্তিগত সম্পর্ক ছিল বলে এলাকায় আলোচনা রয়েছে। তবে এ বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক তদন্ত চলমান।

নাহার বেগম জানান, সন্ধ্যা পর্যন্ত মেয়ে বাড়ি না ফেরায় তিনি প্রাইভেট শিক্ষিকা কমল ম্যাডামের সঙ্গে যোগাযোগ করেন। তখন জানতে পারেন, সেদিন কোহিনুর প্রাইভেটে যায়নি। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করলেও তার কোনো সন্ধান পাননি।

এদিকে সোমবার (২৯ জুন) রাত প্রায় ১০টার দিকে ঘোড়াউত্রা নদীর তীরে হামিদপল্লীর পেছনে স্থানীয় লোকজন একটি মরদেহ ভাসতে দেখার দাবি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও মরদেহ উদ্ধার করতে পারেনি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। কোহিনুরের মা দাবি করেন, ভিডিওতে দেখা মরদেহটি তাঁর মেয়ের। তবে নদীর স্রোতের কারণে এখনো মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। পুলিশ ও স্থানীয়রা মরদেহ উদ্ধারে তল্লাশি অব্যাহত রেখেছে।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে হৃদয় নামে এক অটোরিকশাচালককে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই সঙ্গে নিখোঁজ ছাত্রীর সন্ধান এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ময়মনসিংহে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময়, ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ

শিবলী সাদিক খান, ময়মনসিংহ।। প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৯:৪৪ পিএম
ময়মনসিংহে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময়, ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ

ময়মনসিংহ সদর উপজেলায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের খেলাধুলা ও পরিবেশবান্ধব কর্মকাণ্ডে উৎসাহিত করতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী এবং প্রধানমন্ত্রী ঘোষিত আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২ জুলাই) ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং উপজেলা শিক্ষা অফিসের সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, বর্তমান সরকার ও প্রধানমন্ত্রী তারেক রহমান প্রাথমিক শিক্ষাকে যুগোপযোগী, বিজ্ঞানভিত্তিক ও প্রযুক্তিবান্ধব করতে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছেন। এর মূল লক্ষ্য হলো প্রাথমিক স্তর থেকেই শিশুদের দক্ষ, নৈতিক ও প্রযুক্তি-সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলা। তিনি বলেন, একটি শক্তিশালী জাতি গঠনের জন্য প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত করা অপরিহার্য। এ লক্ষ্যে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি এবং প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে ইউএনও আরিফুল ইসলাম প্রধান অতিথিকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তিনি শিক্ষকদের প্রতি শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পাঠদানে মনোযোগ এবং সার্বিক কল্যাণে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।

ময়মনসিংহ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীনের সঞ্চালনায় এবং উপজেলা প্রকৌশলী রাকিব উল হাসানের কারিগরি সহায়তায় আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোতোয়ালি থানা বিএনপির আহ্বায়ক হেলাল উদ্দিন, সদস্যসচিব আতাহারুল ইসলাম বুলবুল, বিএনপি নেতা মুঞ্জুরুল হক মুঞ্জুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠান শেষে উপজেলার ১৮৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে ক্রীড়া সামগ্রী এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়।

মিঠামইনে সাংবাদিক ওমর ফারুকের ওপর হত্যাচেষ্টার অভিযোগ, মাথায় গুরুতর জখম

মোক্তার হোসেন গোলাপ, মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি।। প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৫:১২ পিএম
মিঠামইনে সাংবাদিক ওমর ফারুকের ওপর হত্যাচেষ্টার অভিযোগ, মাথায় গুরুতর জখম

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় পেশাগত দায়িত্ব পালনকে কেন্দ্র করে দৈনিক সকাল বেলা পত্রিকার বিশেষ প্রতিনিধি সাংবাদিক ওমর ফারুকের ওপর হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ধলাই-বগাদিয়া বাজারে এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিক ওমর ফারুককে উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওমর ফারুক জানান, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড এবং স্থানীয় জেলে সাইদুল হত্যা মামলার বিভিন্ন দিক নিয়ে সংবাদ প্রকাশ করে আসছিলেন। সম্প্রতি তিনি ‘মাদক, চোর-ডাকাত ও সন্ত্রাস প্রতিরোধে চেয়ারম্যান প্রার্থীদের করণীয় কী?’ শিরোনামে নিজের ফেসবুক আইডি থেকে একটি লাইভ ভিডিও প্রচার করেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় একটি পক্ষ তার ওপর ক্ষুব্ধ হয় বলে অভিযোগ করেন তিনি।

তার অভিযোগ, এরই জেরে মঙ্গলবার সন্ধ্যায় ধলাই-বগাদিয়া বাজারে গেলে আজাহার ও আইয়ুব রেজা চৌধুরীর নেতৃত্বে ২৫ থেকে ৩০ জনের একটি দল তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

ওমর ফারুক বলেন, “পরিকল্পিতভাবে আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে। স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে উদ্ধার না করলে আমি হয়তো বেঁচে ফিরতে পারতাম না। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

তিনি জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় কিশোরগঞ্জে কর্মরত সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। একই সঙ্গে তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, “সাংবাদিকের ওপর হামলার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”