বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

ময়মনসিংহে বিএনপি নেতা বডি মাসুদ গ্রেফতার, ১২ লাখ টাকার ভারতীয় চোরাই জিরা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ।। প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৬:১৮ পিএম
ময়মনসিংহে বিএনপি নেতা বডি মাসুদ গ্রেফতার, ১২ লাখ টাকার ভারতীয় চোরাই জিরা উদ্ধার

ময়মনসিংহ মহানগরের ৩৩নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক বডি মাসুদকে ১২ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাই জিরাসহ গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার রঘুরামপুর টানপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার কামরুল হাসানের নির্দেশনায় কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মাদ শিবিরুল ইসলামের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় এসআই মহসিন আলম, এসআই রিপন, এসআই কামরুজ্জামান ও এসআই হাফিজসহ সঙ্গীয় ফোর্স অংশ নেয়।

অভিযানে মাসুদের বসতবাড়ির টিনশেড গোডাউন থেকে প্রায় ১,২০০ কেজি ওজনের (প্রায় ৪০ বস্তা) ভারতীয় চোরাই জিরা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১২ লাখ টাকা।

কোতোয়ালী মডেল থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত জিরা অবৈধভাবে দেশে আনা হয়েছিল। এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনা: সিএনজি বাঁচাতে গিয়ে বাস উল্টে আহত ১৫, চালকের অবস্থা আশঙ্কাজনক

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ।। প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৪:৫১ পিএম
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনা: সিএনজি বাঁচাতে গিয়ে বাস উল্টে আহত ১৫, চালকের অবস্থা আশঙ্কাজনক

ময়মনসিংহের নান্দাইলে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে ধানখেতে উল্টে যাওয়ার ঘটনায় চালকসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বুধবার (২২ এপ্রিল) সকাল সোয়া ১০টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের মেরেঙ্গা বাজার সংলগ্ন কাউয়ারগাতী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ‘এমকে সুপার’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে কাউয়ারগাতী এলাকায় বিপরীত দিক থেকে আসা নান্দাইল চৌরাস্তাগামী একটি বেপরোয়া গতির সিএনজিচালিত অটোরিকশাকে বাঁচাতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি মহাসড়কের পাশে একটি বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা দিয়ে পাশের ধানখেতে উল্টে পড়ে যায়।

দুর্ঘটনায় বাসটির সামনের অংশ ও বৈদ্যুতিক খুঁটি দুমড়ে-মুচড়ে যায়। এতে বাসচালক বাদশাহ মিয়া (৩৫), কেন্দুয়া উপজেলার রয়েলবাড়ি আমতলা গ্রামের তাহের আলীর ছেলে আবুল কালাম (৪৫), একই উপজেলার তারা মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৫) এবং কিশোরগঞ্জের গাইটাল এলাকার মৃত আব্দুল কদ্দুসের ছেলে সুমন মিয়াসহ আরও অন্তত ১০ জন যাত্রী আহত হন।

স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে বাসচালক বাদশাহ মিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিচালিত অটোরিকশাটির বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পরপরই অটোরিকশার চালক গাড়িসহ ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

খবর পেয়ে নান্দাইল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জীবন কুমার রায় জানান, দুর্ঘটনায় গুরুতর আহত চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে একজন ময়মনসিংহ জেলা সদর এবং তিনজন কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি আছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

তিনি আরও জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ময়মনসিংহে সিএনজিতে চাঁদাবাজির অভিযোগ, হামলায় চালক আহত- গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ।। প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৩:০৯ এম
ময়মনসিংহে সিএনজিতে চাঁদাবাজির অভিযোগ, হামলায় চালক আহত- গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

ময়মনসিংহ নগরীতে সিএনজি অটোরিকশা থেকে চাঁদাবাজির অভিযোগে ‘দুকোল’ নামে এক ব্যক্তির বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে চালকদের মধ্যে। সম্প্রতি তার হামলায় রমজান নামে এক সিএনজি চালক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নগরীর মাসকান্দা বাইপাস, চরপাড়া ও টাউন হল মোড় এলাকায় সিএনজি চালকদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করা হচ্ছে। অভিযুক্ত দুকোল অতীতে একটি চাঁদাবাজি মামলার আসামি বলেও দাবি করেন স্থানীয়রা।

অভিযোগ রয়েছে, সাম্প্রতিক এই হামলার ঘটনায় রমজান নামের এক চালক গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন সিএনজি চালকরা। তারা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করে দ্রুত অভিযুক্তকে গ্রেফতারের দাবি জানান।

চালকদের দাবি, বিভিন্ন সময় রাজনৈতিক পরিচয় ব্যবহার করে দুকোল এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট রাজনৈতিক নেতাদের বক্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে, আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানায়, অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে। তবে এখনো তাকে আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে স্থানীয়দের প্রশ্ন- দীর্ঘদিন ধরে প্রকাশ্যে চাঁদাবাজির অভিযোগ থাকলেও কেন অভিযুক্তকে আইনের আওতায় আনা যাচ্ছে না?

ময়মনসিংহে মিথ্যা অভিযোগকে কেন্দ্র করে হামলা-লুটপাট, যুবদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ।। প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ১১:১০ পিএম
ময়মনসিংহে মিথ্যা অভিযোগকে কেন্দ্র করে হামলা-লুটপাট, যুবদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের গুজিখাঁ গ্রামে এক নারী ও তার পরিবারের ওপর মিথ্যা অভিযোগকে কেন্দ্র করে দফায় দফায় হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় যুবদল নেতা আইনুল হকসহ ৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৩-৪ জনকে আসামি করে গৌরীপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর-১৬, তারিখ ১৭ এপ্রিল ২০২৬।

মামলার অভিযোগে জানা যায়, ৩৫ বছর বয়সী জরিনা নামে এক নারীর সঙ্গে ১১ বছর বয়সী এক কিশোরের ছবি তুলে নাটকীয়ভাবে যৌন হয়রানির অভিযোগ সাজিয়ে নিরীহ রেখা বেগমের পরিবারকে ফাঁসানো হয়। এ ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্তরা তাদের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়।

ভুক্তভোগী রেখা বেগম জানান, অভিযুক্তদের ভয়ভীতির কারণে তিনি স্বামী, সন্তান ও শাশুড়িকে নিয়ে প্রায় আট মাস ধরে সদর উপজেলার রাঘবপুর গ্রামে বাবার বাড়িতে অবস্থান করছেন। তার স্বামী পেশায় ভ্যানচালক। তিনি অভিযোগ করেন, “আমাদের মতো দরিদ্র পরিবারের ওপর মিথ্যা অপবাদ দিয়ে নির্যাতন চালানো হয়েছে। আমি আসামিদের গ্রেফতার ও ন্যায়বিচার চাই।”

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, অভিযুক্ত আইনুল হক এলাকায় প্রভাবশালী ব্যক্তি এবং একটি ইটভাটার মালিক। রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে বিভিন্ন বিরোধে একক সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছেন, যা এলাকায় অস্থিরতা সৃষ্টি করছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আইনুল হক সুনির্দিষ্ট কোনো বক্তব্য না দিয়ে বলেন, “এটা আমার এলাকা, এখানে সব সিদ্ধান্ত আমিই নেই।”

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান জানান, অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। লুট হওয়া ভ্যানগাড়ি উদ্ধার করে ভুক্তভোগীর কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।