বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬, ২৭ ১৪৩২
বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬, ২৭ ১৪৩২

ময়মনসিংহে ১ হাজার পিস ইয়াবা ও নগদ ৫১ হাজার টাকাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ।। প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ১০:৪০ পিএম
ময়মনসিংহে ১ হাজার পিস ইয়াবা ও নগদ ৫১ হাজার টাকাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ময়মনসিংহ নগরীতে অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৫১ হাজার টাকাসহ পাঁচজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাতে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাফায়েতের নেতৃত্বে পরিচালিত অভিযানে নগরীর আকুয়া একাডেমি মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে পরিচিত ফরিদা (৪৫), তানজিল (২৮), মনির (৩২), শিহাব (২৬) ও অপর এক সহযোগী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হলে তাদের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৫১ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

কোতোয়ালী মডেল থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হবে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নগরীতে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

ময়মনসিংহ মেডিকেলে হামে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৯

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ।। প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ১২:০৯ এম
ময়মনসিংহ মেডিকেলে হামে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৯

হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল-এর আইসোলেশন ওয়ার্ডে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে মোট ৯ শিশুর মৃত্যু হলো।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ১৭ মার্চ নেত্রকোনা সদর থেকে আনা ৩ মাস বয়সী আদিবা নামের এক শিশুকে হামের লক্ষণ নিয়ে ভর্তি করা হয়। বুধবার সকাল ৮টার দিকে হামের লক্ষণ, নিউমোনিয়া, তীব্র অপুষ্টি ও হৃদযন্ত্রের অকার্যকারিতায় তার মৃত্যু হয়।

এছাড়া গত ১৮ মার্চ ত্রিশাল থেকে ৮ মাস বয়সী আরেক শিশুকে হামের লক্ষণ নিয়ে ভর্তি করা হয়। বুধবার ওই শিশুটিও সন্দেহভাজন হাম, জন্মগত হৃদরোগ, বৃদ্ধি ব্যর্থতা এবং হৃদযন্ত্রের অকার্যকারিতায় মারা যায়।

হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৬ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৭৬ শিশু।

হাসপাতাল কর্তৃপক্ষের তথ্যমতে, গত ১৭ মার্চ থেকে ৯ এপ্রিল সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মোট ৩২৪ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে ২৩৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এবং ৯ শিশুর মৃত্যু হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে আরও ২৬ শিশু।

হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকাল পারসন সহযোগী অধ্যাপক মোহা. গোলাম মাওলা বলেন, ৩ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের ভর্তি করা হচ্ছে, তবে ৬ মাস থেকে ১ বছর বয়সী শিশুর সংখ্যাই বেশি। তিনটি মেডিকেল টিম গঠন করে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম চালানো হচ্ছে।

 

স্বাস্থ্য বিশেষজ্ঞদের সতর্কতা:

চিকিৎসকরা বলছেন, হাম অত্যন্ত সংক্রামক রোগ। সময়মতো টিকা গ্রহণ এবং আক্রান্ত শিশুকে দ্রুত চিকিৎসার আওতায় আনা না হলে জটিলতা বাড়তে পারে। অভিভাবকদের শিশুদের জ্বর, চোখ লাল হওয়া, শরীরে ফুসকুড়ি দেখা দিলে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ময়মনসিংহে ছিনতাইয়ের সময় যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ।। প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ১০:২৩ পিএম
ময়মনসিংহে ছিনতাইয়ের সময় যুবক গ্রেফতার

ময়মনসিংহ নগরীর গাঙ্গিনাপাড়া এলাকায় ছিনতাইয়ের সময় মোঃ শিপন মিয়া (পিতা: মোঃ সুরুজ আলী) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলামের দিকনির্দেশনায় ১ নং পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এটিএসআই) মোঃ আতিকুর রহমানের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নগরীর গাঙ্গিনাপাড়া এলাকায় ছিনতাইয়ের চেষ্টা করার সময় স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায়, নগরীতে ছিনতাই, চুরি ও অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

ময়মনসিংহে সুদের টাকা না পেয়ে উদ্যোক্তার বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, স্ত্রী-সন্তানকে অপহরণের হুমকি!

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ।। প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ১০:২০ পিএম
ময়মনসিংহে সুদের টাকা না পেয়ে উদ্যোক্তার বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, স্ত্রী-সন্তানকে অপহরণের হুমকি!

ময়মনসিংহ সদর উপজেলার অষ্টধার ইউনিয়নে সুদের টাকা পরিশোধকে কেন্দ্র করে এক ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময় নগদ অর্থ, স্বর্ণালংকার, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও একটি ল্যাপটপ লুট করে নেওয়া হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী। একই সঙ্গে তার স্ত্রী ও সন্তানদের অপহরণের হুমকির অভিযোগও উঠেছে।

গত শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে সদর উপজেলার অষ্টধার ইউনিয়নের বাড়ইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

ভুক্তভোগী নাহিদ হাসান অষ্টধার ইউনিয়নের সেনেরচর গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে। তিনি ২০১৪ সাল থেকে ময়মনসিংহ সদর উপজেলার অষ্টধার ইউনিয়ন পরিষদের ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা হিসেবে কর্মরত আছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় চার মাস আগে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে নাহিদ হাসানকে স্থানীয় কয়েকজন দাদন ব্যবসায়ী জোরপূর্বক তুলে নিয়ে যায়। এ সময় তারা চড়া সুদের টাকা পরিশোধ না করলে তাকে হত্যা করে নদীতে ফেলে দেওয়ার হুমকি দেয় বলে অভিযোগ। পরে সেখান থেকে মুক্ত হয়ে আত্মরক্ষার্থে তিনি এলাকা ছেড়ে অন্যত্র চলে যান।

নাহিদ হাসানের দাবি, এরই মধ্যে তার বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের ভিজিডি কার্ডধারীদের সঞ্চয়ের টাকা ও পরিষদের মধুমতী ব্যাংকের অর্থ আত্মসাতের মিথ্যা অভিযোগ তুলে স্থানীয়দের ক্ষেপিয়ে তোলা হয়। পরে উত্তেজিত জনতাকে সঙ্গে নিয়ে তার নতুন বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়।

তিনি আরও অভিযোগ করেন, ঘটনার পর যেন তিনি মামলা করতে না পারেন সে উদ্দেশ্যে গত ৬ এপ্রিল বিভিন্ন গণমাধ্যমে তার বিরুদ্ধে ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়েছে। ওই সংবাদে অষ্টধার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আব্দুল বারেক আরজু মিথ্যা সাক্ষ্য দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। বিষয়টি নিয়ে এলাকায় সমালোচনার সৃষ্টি হয়েছে।

নাহিদ হাসানের অভিযোগ, স্থানীয় কয়েকজন দাদন ব্যবসায়ীর কাছ থেকে চড়া সুদে টাকা নেওয়ার পর মূল টাকা ও সুদের একটি অংশ পরিশোধ করলেও তারা অতিরিক্ত টাকা দাবি করছে। তিনি দাবি করেন, বিভিন্ন ব্যক্তি মিলে তার কাছে কয়েকগুণ বেশি টাকা দাবি করছেন। এসব টাকা দিতে অপারগতা প্রকাশ করায় তারা তার ওপর ক্ষিপ্ত হয়ে নানা ধরনের হুমকি দিচ্ছেন।

তার ভাষ্য অনুযায়ী, হামলার সময় ইউনিয়ন পরিষদের কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, স্বর্ণালংকার, নগদ অর্থ, সিসি ক্যামেরা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি লুট করে নেওয়া হয়।

বর্তমানে তিনি পরিবারসহ নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেছেন। দাদন ব্যবসায়ীদের ভয়ভীতির কারণে তিনি মামলা করতে পারছেন না বলেও অভিযোগ করেন।

অন্যদিকে অভিযোগ রয়েছে, অষ্টধার ইউনিয়ন পরিষদের নারী উদ্যোক্তা ও নাহিদ হাসানের স্ত্রী ইসরাত জাহান স্বর্ণা আক্তারকে নিয়েও বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করা হচ্ছে। তাকে স্বামীর বিরুদ্ধে অবস্থান নিতে এবং তালাক দিতে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। এমনকি তালাক না দিলে তাকে অপহরণ এবং তাদের দুই নাবালক সন্তানকে তুলে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করেছেন ভুক্তভোগী পরিবার।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কাউকে পাওয়া যায়নি।