ময়মনসিংহে জমি সংক্রান্ত বিরোধে হত্যা মামলা: ৬ আসামি গ্রেপ্তার, তদন্ত অব্যাহত
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে সংঘটিত তাইজ উদ্দিন হত্যা মামলায় ৬ জন এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ফুলপুর থানায় দায়ের করা মামলা নং–০৭/২০২৬, ধারা: ১৪৩/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩০২/১১৪/৫০৬ পেনাল কোড অনুযায়ী এই গ্রেপ্তার কার্যক্রম পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, মোঃ বাবুল মিয়া, মোঃ হাসেম উদ্দিন, মোঃ হাবিবুর রহমান, মোঃ রুহুল আমিন, মোঃ আনারুল ইসলাম এবং মোছাঃ সেলিনা খাতুন।
ফুলপুর থানা সূত্রে আরও জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদ হাসানের নির্দেশনায় এবং তার সার্বিক তত্ত্বাবধানে এসআই সানাউল্লাহ সঙ্গীয় পুলিশ ফোর্সসহ একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। তথ্য প্রযুক্তির সহায়তায় গত ১১ ফেব্রুয়ারি ভোর রাতে অভিযান চালিয়ে ফুলপুর বাস স্ট্যান্ড এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, বরুয়াই এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে পূর্ব পরিকল্পিতভাবে সংঘটিত হামলায় গুরুতর আহত হন তাইজ উদ্দিন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় নিহতের পরিবার ফুলপুর থানায় হত্যা মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে।
গ্রেপ্তারের পর আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের যথাযথ আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে এবং ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।















