ময়মনসিংহ-৩ আসনে বাসদ (মার্কসবাদী) প্রার্থীর মনোনয়ন দাখিল
ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ (মার্কসবাদী) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এ. কে. এম. আরিফুল হাসান জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানের নিকট আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেছেন।
মনোনয়ন দাখিল শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে এ. কে. এম. আরিফুল হাসান বলেন, দেশের চলমান সংকট উত্তরণে গণ-আন্দোলনের বিকল্প নেই। শ্রমজীবী মানুষ, কৃষক, ক্ষুদ্র ও ভ্রাম্যমাণ উদ্যোক্তাদের অধিকার প্রতিষ্ঠায় ময়মনসিংহ-৩ আসনে কাঁচি মার্কায় ভোট দিয়ে গণতান্ত্রিক শক্তিকে এগিয়ে নিতে হবে।
তিনি আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনে জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার মধ্য দিয়েই শোষণমুক্ত সমাজ গঠনের পথ সুগম হবে।
এ সময় উপস্থিত ছিলেন জুলাই গণঅভ্যুত্থানের সহযোদ্ধা আব্দুল্লাহ আল নাকিব, জেনাস ভৌমিক, ওমর ফারুকসহ জুলাই যোদ্ধারা। পাশাপাশি বাসদ (মার্কসবাদী) দলের জেলা কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক আন্দোলনের কর্মী এবং ক্ষুদ্র ও ভ্রাম্যমাণ উদ্যোক্তা সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপস্থিত নেতৃবৃন্দ বলেন, এ. কে. এম. আরিফুল হাসান দীর্ঘদিন ধরে শ্রমজীবী মানুষের অধিকার, গণতন্ত্র ও সামাজিক ন্যায়ের প্রশ্নে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। তাঁরা আশা প্রকাশ করেন, এই আসনে গণ-আন্দোলনের পক্ষে একটি শক্তিশালী অবস্থান তৈরি হবে।
মনোনয়ন দাখিল শেষে এ. কে. এম. আরিফুল হাসান উপস্থিত সকলকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং বলেন, আগামী দিনে ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়েই জনগণের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব। তাই গণ-আন্দোলনের শক্তি বিকশিত করতে কাঁচি মার্কায় ভোট প্রদানে আহবান করেন সকল কে।








