রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

পিবিআইয়ের তদন্তে হত্যার নেপথ্যের চাঞ্চল্যকর তথ্য

গৌরীপুরে টিপু হত্যা মামলায় দুই ভাইয়ের ফাঁসির রায়

ইউটিভি ডেস্ক রিপোর্ট।। প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ৬:১৫ পিএম
গৌরীপুরে টিপু হত্যা মামলায় দুই ভাইয়ের ফাঁসির রায়

ময়মনসিংহের গৌরীপুরে টিপু সুলতান খান পাঠান হত্যা মামলায় দুই ভাই এলবার্ট ডেভিট রকি ও এলবার্ট ডেভিট সেন্টুর ফাঁসির রায় দিয়েছেন আদালত। পিবিআই ময়মনসিংহের অধিকতর তদন্তের পর বুধবার (২২ অক্টোবর ২০২৫) স্পেশাল জজ আদালত এই রায় ঘোষণা করেন।

বাদী মো. মোখলেছুর রহমান খান পাঠান জানান, তার ভাতিজা টিপু সুলতান গৌরীপুর পাটবাজার কালিপুর পূর্ব লাইনে ‘টিপু সুলতান জুয়েলার্স’ নামে স্বর্ণের দোকান পরিচালনা করতেন। ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর বিকেলে আসামি এলবার্ট ডেভিট সেন্টু স্বর্ণ বিক্রির উদ্দেশ্যে দোকানে আসে। টিপু স্বর্ণের মান যাচাই করে প্রতি ভরি ৬৫ হাজার টাকা দাম প্রস্তাব করলে সেন্টু ক্ষিপ্ত হয়ে দোকান ছেড়ে যায় এবং তার ভাই রকিকে খবর দেয়।

এর কিছুক্ষণ পর রকি, সেন্টু, একরামুল হোসেন মামুনসহ আরও কয়েকজন পূর্বপরিকল্পিতভাবে দোকানে এসে টিপুর সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। এসময় টিপুর আত্মীয় জহিরুল ইসলাম মিঠু ঘটনাস্থলে এসে মধ্যস্থতা করার চেষ্টা করলে আসামিরা ক্ষিপ্ত হয়ে তাকে আক্রমণ করে। সেন্টু প্রথমে মিঠুর হাতে ছুরি আঘাত করে, এরপর রকি বুকের বাম পাশে ছুরিকাঘাত করে। স্থানীয়রা মিঠুকে গুরুতর অবস্থায় গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর বাদী মোখলেছুর রহমান গৌরীপুর থানায় হত্যা মামলা (নং-১০, তারিখ ১৬ সেপ্টেম্বর ২০২২, ধারা ৩০২/৩৪) দায়ের করেন। প্রাথমিক তদন্ত শেষে থানাপুলিশ অভিযোগপত্র জমা দিলেও বাদী তাতে অসন্তুষ্ট হয়ে আদালতে নারাজি আবেদন করেন। আদালত পরে মামলাটির অধিকতর তদন্তের দায়িত্ব দেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ময়মনসিংহ জেলা শাখাকে।

পিবিআইয়ের পুলিশ সুপার মো. রকিবুল আক্তারের সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক (নিঃ) সালাহ উদ্দিন আহমেদ মামলাটি তদন্ত করে ২০২৪ সালের ১৭ ফেব্রুয়ারি সম্পূরক অভিযোগপত্র জমা দেন। এতে দুই ভাই এলবার্ট ডেভিট রকি (২৫) ও এলবার্ট ডেভিট সেন্টু (৪০)-এর বিরুদ্ধে সরাসরি হত্যার প্রমাণ পাওয়া যায়।

দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত দুই আসামিকে দোষী সাব্যস্ত করে ফাঁসির আদেশ প্রদান করেন।

নিকলীতে বীর বিক্রম মতিউর রহমানের নামে সড়ক ও চত্বরের নামকরণের সিদ্ধান্ত

মোক্তার হোসেন গোলাপ, হাওরাঞ্চল।। প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১০:১৫ পিএম
নিকলীতে বীর বিক্রম মতিউর রহমানের নামে সড়ক ও চত্বরের নামকরণের সিদ্ধান্ত

কিশোরগঞ্জের নিকলীতে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংরক্ষণে উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে নিকলীর বীর মুক্তিযোদ্ধা মরহুম মতিউর রহমান বীর বিক্রমের নামে একটি সড়ক ও একটি চত্বরের নামকরণের প্রস্তাব অনুমোদনের সিদ্ধান্ত নিয়েছে উপজেলা পরিষদ।

সিদ্ধান্ত অনুযায়ী, নিকলী নতুন বাজার থেকে কুর্শা বাজার পর্যন্ত সড়কটির নামকরণ করা হবে ‘মতিউর রহমান বীর বিক্রম সড়ক’। অন্যদিকে শহীদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয় মোড়ের নাম হবে ‘মতিউর রহমান বীর বিক্রম চত্বর’।

জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা মুর্শিদ আলীর আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় উত্থাপন করা হয়। গত ২৪ জুন ২০২৬ তারিখে অনুষ্ঠিত সভায় প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে পাস হয়।

এরই ধারাবাহিকতায় গত ১ নভেম্বর নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে কিশোরগঞ্জের জেলা প্রশাসক বরাবর একটি পত্র পাঠানো হয়েছে। ওই পত্রে প্রস্তাবিত সড়ক ও চত্বরের নামকরণের বিষয়ে প্রয়োজনীয় পরবর্তী কার্যক্রম দ্রুত গ্রহণের অনুরোধ জানানো হয়।

স্থানীয়দের মতে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান বীর বিক্রমের বীরত্বগাথা ও আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে মুক্তিযুদ্ধের স্থানীয় ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই নামকরণ।

‎ময়মনসিংহে আওয়ামী সন্ত্রাসী শাহীনের মটর ঘর থেকে চোরাই মালামাল উদ্ধার! নেপথ্যে কারা?

নিজস্ব প্রতিবেদক।। প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১২:১৬ পিএম
‎ময়মনসিংহে আওয়ামী সন্ত্রাসী শাহীনের মটর ঘর থেকে চোরাই মালামাল উদ্ধার! নেপথ্যে কারা?

ময়মনসিংহ সদরের ৭নং চর নিলক্ষীয়া ইউনিয়নে রাজগঞ্জ বাজার (সাহেব কাচারি) এলাকায় আওয়ামী সন্ত্রাসী সিদ্দিকুর রহমান শাহীনের মালিকানাধীন একটি মটর ঘর থেকে বিভিন্ন প্রকারের চোরাই মালামাল উদ্ধার করেছে স্থানীয়রা।

‎এ ঘটনায় (৬ নভেম্বর) সত্যের সন্ধান লোক সাংস্কৃতিক একাডেমির পরিচালক গোলাম রব্বানী (বাউল রব্বানী) থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে মটর ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা শফিকুল ইসলাম ও তাঁর ভাই সিদ্দিকুর রহমানের নাম উল্লেখ করেছেন।

‎ভুক্তভোগী বাউল শিল্পী গোলাম রব্বানী বলেন, আমি “সত্যের সন্ধান লোক সাংস্কৃতিক একাডেমি”র পরিচালক। আমার সারাজীবনে তিলে তিলে গড়া সকল বাদ্যযন্ত্র চুরি হয়েছে। একটা যন্ত্র রাঘবপুর বড়বাড়ির মৃত শামসুল হকের ছেলে সিদ্দিকুর রহমান শাহীনের মালিকানাধীন মটর ঘর থেকে এলাকাবাসী উদ্ধার করেছে। রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা শফিকুল ইসলাম ও সিদ্দিকুর রহমান চুরির সাথে জড়িত রয়েছে। আমার বিশ্বাস চুরি হওয়া মালামালগুলো পুলিশ দ্রুত উদ্ধার করতে সক্ষম হবে।

‎স্থানীয়রা জানান,  চলতি বছরেই এ এলাকায় অন্তত কোটি টাকার মালামাল চুরি সংঘটিত হয়েছে। চোর সনাক্ত না হওয়ায় একাধিক ভুক্তভোগী অজ্ঞাত নামে থানায় অভিযোগ করেছে, যা পুলিশের তদন্তাধীন রয়েছে। সম্প্রতি চোর চক্র সনাক্ত হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

‎এদিকে আদালতে বিচারাধীন মামলা জোরপূর্বক প্রত্যাহারে বাধ্য করতে চাঁদা দাবী, হত্যার হুমকি ও ‘মব’ সৃষ্টি, এক একর জমিতে মাছ চাষ ও নার্সারির কর্যক্রম বন্ধ রেখে ৬০ লাখ টাকা ক্ষতি সাধনে জাতীয় দৈনিক নতুন সময় পত্রিকার ময়মনসিংহ ব্যুরো চীফ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল চলতি বছরের পহেলা জানুয়ারী পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করেছেন। অদৃশ্য কারনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেননি পুলিশ।

‎জানা যায়, আওয়ামী সন্ত্রাসী সিদ্দিকুর রহমান শাহীনের নামে কোতোয়ালী মডেল থানায় সাংবাদিক নির্যাতনসহ একাধিক মামলা রয়েছে। ইতিপূর্বে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক নির্যাতন, চুরি, ছিনতাইসহ ভয়ংকর সন্ত্রাসী কর্মকাণ্ডের খবর দেশের বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে।

‎এ ঘটনার ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শিবিরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, কিছু মালামাল স্থানীয়রা উদ্ধার করেছে বলে অবগত হয়েছি। ঘটনার প্রেক্ষিতে লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মিঠামইনে ছোট ভাইকে ঠকানোর অভিযোগ, চুক্তিপত্রেও মিলছে না সমাধান

মোক্তার হোসেন গোলাপ, মিঠামইন (কিশোরগঞ্জ)।। প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১:৫৫ পিএম
মিঠামইনে ছোট ভাইকে ঠকানোর অভিযোগ, চুক্তিপত্রেও মিলছে না সমাধান

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় পৈতৃক সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়ে বড় ভাইদের বিরুদ্ধে ছোট ভাইকে বঞ্চিত করা, বসতবাড়ি দখলের চেষ্টা এবং ঘরের মালামাল সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে স্ট্যাম্পে আপস-মীমাংসার চুক্তিনামা সম্পাদিত হলেও তা কার্যকর হচ্ছে না বলে অভিযোগ করেছেন ছোট ভাই মো. শফিকুল ইসলাম। দীর্ঘদিন ধরে চলা এ বিরোধের সুষ্ঠু সমাধান না হওয়ায় উদ্বেগে রয়েছেন তিনি।

অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৮ অক্টোবর মৌলভীপাড়া গ্রামের মৃত হারিছ মিয়ার ছেলে মো. শফিকুল ইসলাম (৪৯) মিঠামইন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এতে একই বাবার সন্তান মাওলানা আহসান হাবিব (৫৭), তাঁর স্ত্রী মমতাজ বেগম (৫২) এবং ছেলে মুজাহিদ মিয়াকে (২২) বিবাদী করা হয়।

লিখিত অভিযোগে শফিকুল ইসলাম উল্লেখ করেন, ঢাকায় বসবাসের সুযোগে তাঁর মালিকানাধীন বসতবাড়ির আসবাবপত্র ও অন্যান্য মালামাল বিবাদীরা দখলে নেওয়ার চেষ্টা করেন। এ সময় তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেওয়া হয়। ঘরে থাকা কাঠের বক্স, চৌকি, ফ্যান, সিমেন্টের পিলারসহ বিভিন্ন মালামাল সরিয়ে নেওয়ার অভিযোগও করেন তিনি।

অন্যদিকে, অভিযোগের সঙ্গে সংযুক্ত ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে সম্পাদিত একটি অঙ্গীকারনামায় আপস-মীমাংসার বিষয় উল্লেখ রয়েছে। এতে প্রথম পক্ষ হিসেবে মো. শফিকুল ইসলাম এবং দ্বিতীয় পক্ষ হিসেবে মাওলানা আহসান হাবিব ও মাহবুব আলমের নাম রয়েছে। দলিল অনুযায়ী, বাড়িসংক্রান্ত বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে দুই লাখ টাকা লেনদেন এবং ৩৯৫ নম্বর দাগ থেকে তিন শতাংশ জমি দেওয়ার বিষয় উল্লেখ করা হয়েছে। নির্ধারিত অর্থ পরিশোধের পর দ্বিতীয় পক্ষের আর কোনো দাবি-দাওয়া থাকবে না বলেও অঙ্গীকারনামায় উল্লেখ রয়েছে।

শফিকুল ইসলামের অভিযোগ, আপস-মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও বাস্তবে চুক্তির শর্ত কার্যকর হচ্ছে না। বরং বিবাদীরা তাঁর বসতবাড়িতে প্রবেশ করে মালামাল সরিয়ে নিয়েছেন এবং তাঁকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। তিনি আরও অভিযোগ করেন, তাঁর বড় ভাই মাহবুব আলম ও আহসান হাবিব ওয়ারিশি সম্পত্তি থেকে তাঁকে বঞ্চিত করার চেষ্টা করছেন। এ অবস্থায় নিজের নিরাপত্তা ও পৈতৃক সম্পত্তির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, মাহবুব আলম কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ (এলএ) শাখায় উপ-প্রশাসনিক কর্মকর্তা হিসেবে এবং মাওলানা আহসান হাবিব তুমিজা খাতুন সরকারি উচ্চ বিদ্যালয়ে কর্মরত রয়েছেন।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা জানান, বিষয়টি পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের। উভয় পক্ষের বক্তব্য ও দলিলপত্র যাচাই করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করা প্রয়োজন।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।