বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

অবৈধ অস্ত্র ও মাদক চোরাচালানে জড়িত তিনজন গ্রেপ্তার: বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার

ইউটিভি ডেস্ক রিপোর্ট।। প্রকাশিত: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ২:৫৩ পিএম
অবৈধ অস্ত্র ও মাদক চোরাচালানে জড়িত তিনজন গ্রেপ্তার: বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার

গত ২৪ ডিসেম্বর ২০২৪ তারিখ রাত ৯টায় ময়মনসিংহের শিল্প এলাকা, মাসকান্দা থেকে অবৈধ অস্ত্র ও মাদক চোরাচালানে জড়িত তিনজন ব্যক্তিকে যৌথ বাহিনীর অভিযান চলাকালে গ্রেপ্তার করা হয়েছে।

 

বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, এই চক্রের প্রধান মো. নাদিম তার নিজ বাসায় মাদক প্রস্তুত করতেন এবং তা স্থানীয় মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করতেন। অভিযানে তার বাড়ি থেকে মাদক প্রস্তুতির বিভিন্ন উপকরণ এবং বিপুল পরিমাণ অবৈধ সামগ্রী উদ্ধার করা হয়। জব্দকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ১টি চাকু, ৩টি ড্যাগার, ১টি চাপাতি, ১টি রামদা, ৫ প্যাকেট এয়ারগান বুলেট এবং ৬৯০ পিস ইয়াবা ট্যাবলেট। উদ্ধারকৃত আলামতগুলো মাদক ও অস্ত্র চোরাচালানের ভয়াবহতার পরিচায়ক।

 

যৌথ বাহিনী অভিযান পরিচালনার সময় পুরো এলাকাটি ঘিরে ফেলে এবং অভিযুক্তদের গ্রেপ্তার করে। এলাকাটি সুরক্ষিত করে তল্লাশি চালানো হয়, যেখানে মাদক ও অস্ত্র প্রস্তুত এবং সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। অভিযানের সময় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হলেও যৌথ বাহিনীর তৎপরতায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। গ্রেপ্তারকৃতদের মধ্যে প্রধান অভিযুক্ত মো. নাদিম ছাড়াও আরও দুইজন সহযোগী রয়েছে, যারা এই অপরাধমূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করছিল।

 

অভিযান শেষে গ্রেপ্তারকৃত তিনজন ব্যক্তি এবং উদ্ধারকৃত সব সামগ্রী থানায় হস্তান্তর করা হয়েছে। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। এ ধরনের সফল অভিযান যৌথ বাহিনীর দক্ষতা এবং মাদক ও অবৈধ অস্ত্র চোরাচালানের বিরুদ্ধে তাদের দৃঢ় প্রতিশ্রুতি প্রকাশ করে। এই কার্যক্রম অবৈধ চোরাচালান ও অপরাধ দমনে জনগণের আস্থা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যৌথ বাহিনীর এই প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ময়মনসিংহে প্লাস্টিক বর্জ্য রিসাইক্লিং নিয়ে জেলা প্রশাসনের মতবিনিময় সভা

শিবলী সাদিক খান।। প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১১:১৩ পিএম
ময়মনসিংহে প্লাস্টিক বর্জ্য রিসাইক্লিং নিয়ে জেলা প্রশাসনের মতবিনিময় সভা

প্লাস্টিক বোতল ও ক্ষতিকর প্লাস্টিক বর্জ্য রিসাইক্লিং কার্যক্রমকে আরও গতিশীল করতে ময়মনসিংহে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।

সভায় প্লাস্টিক দূষণ প্রতিরোধে কাজ করা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় প্লাস্টিক বর্জ্য সংগ্রহ, পুনর্ব্যবহার, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়নে বিভিন্ন মতামত ও প্রস্তাব তুলে ধরা হয়।

বক্তারা বলেন, প্লাস্টিক দূষণ রোধে সরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা ও তরুণ স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণ জরুরি। জেলা প্রশাসনের সঙ্গে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ একটি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য ময়মনসিংহ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভা শেষে যত্রতত্র প্লাস্টিক বর্জ্য না ফেলার আহ্বান জানানো হয়। একই সঙ্গে প্লাস্টিক বর্জ্য রিসাইক্লিং কার্যক্রমে অংশ নিয়ে পরিবেশ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

রূপালী লাইফের ‘স্মার্ট রূপালী ডিভিশন’-এর জবা প্রজেক্টের ইনচার্জ হলেন এফ এম আব্বাস উদ্দিন

নিজস্ব প্রতিবেদক।। প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৯:১৮ পিএম
রূপালী লাইফের ‘স্মার্ট রূপালী ডিভিশন’-এর জবা প্রজেক্টের ইনচার্জ হলেন এফ এম আব্বাস উদ্দিন

রূপালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র ‘স্মার্ট রূপালী ডিভিশন’-এর অধীন ‘জবা প্রজেক্ট’-এর ইনচার্জ হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন এফ এম আব্বাস উদ্দিন। তিনি একই প্রতিষ্ঠানে এজেন্সি ডিরেক্টর হিসেবেও দায়িত্ব পালন করছেন।

নতুন দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় এফ এম আব্বাস উদ্দিন বলেন, “রূপালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র স্মার্ট রূপালী ডিভিশনের জবা প্রজেক্টের ইনচার্জ হিসেবে আমাকে দায়িত্ব প্রদান করায় সম্মানিত সিএমও ও সিইও মহোদয়দের প্রতি জানাই আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা। পাশাপাশি জানাই জবা ফুলের শুভেচ্ছা।”

এ সময় তিনি প্রতিষ্ঠানের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) আবু মো. শফিকুল ইসলাম শাওন এবং চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) মো. গোলাম কিবরিয়াকে জবা ফুলের শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, ‘নিরাপদ পরিবার, সমৃদ্ধ আগামী’ এবং ‘নিরাপদ জীবনের নিশ্চয়তা’—এই স্লোগানকে সামনে রেখে রূপালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি দীর্ঘদিন ধরে বীমা খাতে আস্থা, নিরাপত্তা ও ভবিষ্যতের নিশ্চয়তা নিয়ে কাজ করে আসছে।

গফরগাঁওয়ে দিগন্ত ঘোষের বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে সম্পর্ক ও প্রতারণার অভিযোগ

রাকিবুল হাসান আহাদ।। প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৮:০৩ পিএম
গফরগাঁওয়ে দিগন্ত ঘোষের বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে সম্পর্ক ও প্রতারণার অভিযোগ

ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার রেলওয়ে স্টেশন রোড এলাকার ঢাকা মিষ্টান্ন ভাণ্ডারের সঙ্গে সংশ্লিষ্ট দিগন্ত ঘোষের বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে প্রতারণা ও ব্যক্তিগত সম্পর্কের অপব্যবহারের অভিযোগ উঠেছে।

অভিযোগকারীদের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে বিভিন্ন নারীর সঙ্গে পরিচয়ের পর তাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন দিগন্ত ঘোষ। এ সময় ধারণ করা কিছু ব্যক্তিগত ভিডিও ও অন্যান্য উপকরণ নিয়ে কয়েকজন অভিযোগকারী উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের দাবি, এসবের কিছু সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিযোগকারী জানান, তারা প্রতারণার শিকার হয়েছেন এবং এ ঘটনায় সামাজিক ও পারিবারিকভাবে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন। তারা বিষয়টি নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে দিগন্ত ঘোষ বলেন, “মেয়েরা আমাকে পছন্দ করে বলেই আমার কাছে আসে।” তবে অভিযোগের অন্যান্য বিষয়ে তিনি বিস্তারিত মন্তব্য করেননি।

এ ঘটনায় থানায় কোনো মামলা বা জিডি হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়দের দাবি, অভিযোগগুলো তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করা হোক।