মিঠামইনে উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৫ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার বেড়িবাঁধ এলাকায় নিজ বাগানবাড়িতে প্রবেশের সময় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রাতে জাহিদুল আলম জাহাঙ্গীর নিজ বাগানবাড়িতে প্রবেশ করছিলেন। এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা কয়েকজন সশস্ত্র দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করেন। পরে দ্রুত কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে মিঠামইন থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং আলামত সংগ্রহ করে। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে। একই সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
তবে তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ কিংবা কারা এ ঘটনায় জড়িত, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানাতে পারেনি পুলিশ।
এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।












