বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩
বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

ময়মনসিংহে অতিরিক্ত চাঁদা আদায়ের প্রতিবাদে সিএনজি ও মাহেন্দ্র চালকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ।। প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬, ৮:০৩ পিএম
ময়মনসিংহে অতিরিক্ত চাঁদা আদায়ের প্রতিবাদে সিএনজি ও মাহেন্দ্র চালকদের মানববন্ধন

ময়মনসিংহে সিএনজি ও মাহেন্দ্র স্ট্যান্ডে অতিরিক্ত চাঁদা আদায়ের প্রতিবাদে এবং চালক-শ্রমিকদের ওপর হামলার বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। অভিযুক্ত ইনসান গংদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান পরিবহন শ্রমিকরা।

শনিবার (৯ মে) বিকেলে “ময়মনসিংহ সিএনজি ও মাহেন্দ্র ড্রাইভার ও কর্মচারীবৃন্দ”-এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে অংশ নেওয়া চালকরা অভিযোগ করেন, স্ট্যান্ডে অতিরিক্ত ১০০ টাকা করে চাঁদা দাবি করা হচ্ছে। এ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ড্রাইভার রানা ও লাইনম্যান কালনের ওপর হামলা চালানো হয়। হামলার জন্য ইনসান ও তার সহযোগীদের দায়ী করেন তারা।

বিক্ষোভে চালকরা বলেন, দীর্ঘদিন ধরে স্ট্যান্ডে অবৈধভাবে অতিরিক্ত চাঁদা আদায় করা হচ্ছে। এতে সাধারণ শ্রমিকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। প্রতিবাদ করলেই হামলা ও হুমকির শিকার হতে হচ্ছে।

এ সময় বক্তারা কয়েকটি দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—

১. স্ট্যান্ডে অবৈধ ও অতিরিক্ত চাঁদা আদায় বন্ধ করা,

২. চালক রানা ও লাইনম্যান কালনের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার,

৩. দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা,

৪. পরিবহন শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা।

এ বিষয়ে মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেয়েছে পুলিশ। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া

ঘুষ-দুর্নীতির স্বর্গরাজ্য ভালুকার কাচিনা ইউনিয়ন ভূমি অফিস,নায়েব মুফিজুলের কাছে জিম্মি সেবাগ্রহীতারা

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।। প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬, ৫:৩০ পিএম
ঘুষ-দুর্নীতির স্বর্গরাজ্য ভালুকার কাচিনা ইউনিয়ন ভূমি অফিস,নায়েব মুফিজুলের কাছে জিম্মি সেবাগ্রহীতারা

ময়মনসিংহের ভালুকা উপজেলার কাচিনা ইউনিয়ন ভূমি অফিস ঘুষ ও দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে।এখানে অনিয়মটা যেন নিয়ম,প্রতিনিয়তই হয়রানির শিকার হচ্ছে সেবা গ্রহীতারা, ওই অফিসের ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা (তহসিলদার) মোহাম্মদ মফিজুল ইসলাম টাকা ছাড়া কোন কাজই করেন না। ভূমি সংক্রান্ত যে কোন সেবার বিনিময়ে তিনি হাতিয়ে নিচ্ছেন টাকা। অফিসে গ্রাহকদের হয়রানি নিত্তনৈমত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে ইউনিয়ন ভূমি অফিসের নায়েব মফিজুল ইসলামের ঘুষ ও দুর্নীতির বিষয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। সহকারী ভূমি কর্মকর্তার কাছে রীতিমত জিম্মি হয়ে পড়েছে সেবাগ্রহীতারা এমন অভিযোগ রয়েছে বিভিন্ন মহলে।

সরেজমিনে জানা গেছে, কাচিনা ইউনিয়ন ভূমি অফিসে নামজারি, জমাভাগ, খাজনা আদায়, জমির পর্চা (খসড়া) তুলা সহ ভূমি সংক্রান্ত সকল কাজে সরকারি নিয়মকে তোয়াক্কা না করে অনৈতিক ভাবে বাড়তি টাকা নেয়া হচ্ছে। চুক্তির টাকা ছাড়া কোন ফাইলই নড়ে না। টাকা না দিলে নির্ধারিত সময়ে কোন কাজ আদায় করা যায় না। এই ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা গ্রাহক থেকে বাড়তি টাকা নেয়ার পরও বিভিন্ন ভাবে হয়রারি করছে এমনটাই অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের অগোচরে মাঠ পর্যায়ের কাচিনা ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন অনিয়ম, দুর্নীতিতে জড়িয়ে পড়ছে বলে জমির কাজে আসা ভূক্তভোগীরা বলছেন।

ভূমি অফিসে আসা নাম প্রকাশে অনিচ্ছুক একজন গ্রাহক জানান, এই অফিসের কর্মকর্তা মোঃ মফিজুল ইসলাম ভূমি অফিসে কাজে আসা গ্রাহকদের কাজ সম্পাদনের বিষয়ে টাকার বিনিময়ে চুক্তি করেন। আর এই চুক্তি করার জন্য তিনি রেখেছেন একটি দালাল সিন্ডিকেট। অতিরিক্ত টাকা দেওয়ার পরও

সেবা প্রাপ্তির ২০ শতাংশ লোকই চরম হয়রানির শিকার হচ্ছে। আজ না-কাল এভাবে সময়ক্ষেপন করে গ্রাহকদের হয়রানি করছে। সরকারি নীতিমালা উপেক্ষা করে অতিরিক্ত হারে দাবিকৃত উৎকোচ না দিলে সেবা গ্রহীতারা পান না তাদের কাঙ্খিত সেবা।

ভুক্তভোগীরা জানান, দুর্নীতির একটি অভিনব কৌশল এখানে ব্যবহার করা হয়। বিশেষ করে নামজারি বা খারিজের আবেদনের ক্ষেত্রে কেউ যদি নিয়ম মেনে সরাসরি আবেদন করেন এবং ঘুষ না দেন, তখন এই ভূমি অফিস থেকে সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে পাঠানো তদন্ত প্রতিবেদনে ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দেওয়া হয়। যেমন—জমির দাগ নম্বর ভুল লেখা বা হোল্ডিং নম্বর নেই বলে উল্লেখ করা হয়।

এই ভুল প্রতিবেদনের কারণে এসিল্যান্ড অফিস থেকে আবেদনটি সরাসরি বাতিল করে দেওয়া হয়। এরপর ভুক্তভোগী যখন পুনরায় ভূমি অফিসে যোগাযোগ করেন, তখন তাকে দালালদের মাধ্যমে ‘স্যারকে খুশি’ করার পরামর্শ দেওয়া হয়। নিরুপায় হয়ে সেবা প্রার্থীরা তখন ঘুষ দিতে বাধ্য হন।

ভূক্তভোগীরা আরও জানান, এই ভূমি অফিসের দুর্নীতি এমন চরমে পৌঁছেছে যে সরকারি নীতিমালার বাইরে চুক্তি অনুযায়ী মোটা অংকের ঘুষ ছাড়া কোন হয় না। নামজারির তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য মোটা অংক টাকা আদায় করে উপজেলা ভূমি অফিসের কতিপয় কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন স্তরে ভাগ দেয়ার কথা বলে। ভুক্তভোগীদের দাবী এই ভূমি কর্মকর্তার দুর্নীতি রোধে দুদকের সু-হস্তক্ষেপ জরুরি।

এ ব্যাপারে জানতে ভূমি কর্মকর্তা মফিজুল ইসলামের মুঠোফোনে কল দিলে তিনি কল রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি।

আরজেএফ’র ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন ৫ সাংবাদিক

আরিফ রব্বানী, ময়মনসিংহ।। প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬, ৩:৪৪ পিএম
আরজেএফ’র ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন ৫ সাংবাদিক

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে সাংবাদিকদের অধিকার আদায়ের সংগঠন রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)’র ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত পাঁচ সাংবাদিককে “বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড” প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) বিকেল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে “উন্নয়ন ও গণমাধ্যম” শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে সংগঠনটি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরজেএফ’র চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুস সালাম। প্রধান আলোচক ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো. হাবিবুর রহমান হাবিব।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফরএভার বরিশালের চেয়ারম্যান প্রকৌশলী ইকবাল হোসেন তাপস, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন খোকন, এস আর মাল্টিমিডিয়া প্রোডাকশন হাউজের স্বত্বাধিকারী অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, বাংলাদেশ আইন ও অধিকার এইডের চেয়ারম্যান অ্যাডভোকেট সাইফুল হোসেন অপু, দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক ও প্রকাশক কবি অশোক ধর, ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (এফবিজেও)’র মহাসচিব শামছুল আলম এবং বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল (বিসিআরসি)’র সভাপতি আলী আশরাফ আখন্দ।

স্বাগত বক্তব্য দেন আরজেএফ’র মহাসচিব সেকেন্দার আলম শেখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন আরজেএফ’র ভাইস চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, ভাষা আন্দোলন গবেষণা কেন্দ্রের প্রশাসনিক কর্মকর্তা লিপি মাহবুব এবং মানবাধিকার সংগঠক মো. মনিরুল ইসলাম মনি। অনুষ্ঠান সঞ্চালনা করেন উদযাপন কমিটির আহ্বায়ক মো. মঞ্জুর হোসেন ঈসা ও সদস্য সচিব মিলন মল্লিক।

প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও সারাদেশ থেকে যাচাই-বাছাই শেষে পাঁচজন সাংবাদিককে “আরজেএফ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড” প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন— বাংলাদেশ বেতারের ঢাকা মহানগর সংবাদদাতা খোন্দকার এরফান আলী, দৈনিক যায়যায়দিনের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ হোসেন (এমএইচ সৈকত), দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের মাল্টিমিডিয়া রিপোর্টার মো. রিয়াজুল ইসলাম (রিয়াজ মোস্তাফিজ), দৈনিক ঘোষণার বিশেষ প্রতিনিধি মো. রেজাউল ইসলাম এবং স্টাফ রিপোর্টার মো. সজিব।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এছাড়া তৃতীয় পর্বে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১০ জন গুণী ব্যক্তিকে “আরজেএফ বর্ষসেরা সম্মাননা” প্রদান করা হয়।

গৌরীপুর উপজেলা যুবলীগ সভাপতিসহ ৩ জন গ্রেফতার: ডিবির অভিযানে উদ্ধার ৫০ পিস ইয়াবা

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ।। প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৯:০৭ পিএম
গৌরীপুর উপজেলা যুবলীগ সভাপতিসহ ৩ জন গ্রেফতার: ডিবির অভিযানে উদ্ধার ৫০ পিস ইয়াবা

ময়মনসিংহের গৌরীপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে গৌরীপুর উপজেলা যুবলীগের সভাপতি মোঃ সানাউল হকসহ তিনজনকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১১ মে) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে গৌরীপুর থানাধীন মডেল মসজিদ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ডিবি জানায়, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২৫ হাজার টাকা।

গ্রেফতারকৃতরা হলেন— গৌরীপুর উপজেলা যুবলীগের সভাপতি মোঃ সানাউল হক (৪৮), জজ মিয়া (৪০) ও হাবিবুর রহমান ওরফে সেন্টু (৪৪)।

ডিবি সূত্রে জানা যায়, জজ মিয়ার বিরুদ্ধে পূর্বে ৯টি এবং হাবিবুর রহমান ওরফে সেন্টুর বিরুদ্ধে ১টি মামলা রয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ওসি (উত্তর) ও ওসি (দক্ষিণ) এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গৌরীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি তাদের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।