প্রকাশের সময়: রবিবার, ১ নভেম্বর, ২০২৬ । ৬:৪০ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

ময়মনসিংহে এসআরবির অভিযানে বিদেশি পিস্তল উদ্ধার, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ।।

ময়মনসিংহের গৌরীপুরে বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তলসহ মো. আসাদুজ্জামান টিপু (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। শনিবার (৩১ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে উপজেলার ডৌহাখলা ইউনিয়নের গয়েশখিলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১৪ (ময়মনসিংহ) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে গয়েশখিলা গ্রামের মেসার্স প্রতিশ্রুতি এন্টারপ্রাইজ নামের একটি দোকানের পেছনে বিশেষ অভিযান পরিচালনা করে এসআরবি-১৪-এর একটি আভিযানিক দল। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে সঙ্গীয় ফোর্সের সহায়তায় টিপুকে আটক করা হয়।

পরে স্থানীয় লোকজন ও সাক্ষীদের উপস্থিতিতে আটক টিপু তার পরনের প্যান্টের ডান পাশে গুঁজে রাখা একটি ম্যাগাজিনবিহীন বিদেশি পিস্তল নিজ হাতে বের করে দেন। উদ্ধার করা পিস্তলটির আড়াআড়ি দৈর্ঘ্য ৯ ইঞ্চি ৮ সুতা এবং ব্যারেলের দৈর্ঘ্য সাড়ে ৭ ইঞ্চি। অস্ত্রটির গায়ে ‘TOKYO MARUI MADE IN JAPAN’ ও ‘U.S. ARMY’সহ বিভিন্ন লেখা খোদাই করা রয়েছে।

এসআরবি সূত্র জানায়, উদ্ধার করা অস্ত্রের বৈধ লাইসেন্স বা প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় সেটি জব্দ করা হয়। পরে গ্রেপ্তার আসামিকে জব্দ করা অস্ত্রসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গৌরীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি আরও জানায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

চেয়ারম্যান: তানভীর হাসান তপু ভারপ্রাপ্ত সম্পাদক: মো: আতিকুল ইসলাম। বার্তাকক্ষ: newsutvbd@gmail.com. কপিরাইট © ইউটিভি বাংলাদেশ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন