কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি এ এইচ এম জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভ ও গণমিছিলের ডাক দিয়েছে উপজেলা বিএনপি। আগামীকাল শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৩টায় মিঠামইন বাজার থেকে এ গণমিছিল শুরু হবে।
উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে, দলটির পক্ষ থেকে প্রচারিত পোস্টার ও প্রচারণার মাধ্যমে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। এতে শহীদ এ এইচ এম জাহিদুল আলম জাহাঙ্গীরকে দলের নেতা ও অহংকার উল্লেখ করে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং প্রকৃত অপরাধীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
কর্মসূচিতে মিঠামইন উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যথাসময়ে মিঠামইন বাজারে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, উপজেলা বিএনপির সভাপতি এ এইচ এম জাহিদুল আলম জাহাঙ্গীরের মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় শোক ও ক্ষোভ বিরাজ করছে। দলটির নেতাকর্মীরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সব আসামিকে দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে আসছেন।
এ বিষয়ে মিঠামইন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিয়া বলেন, ‘আমাদের সবার প্রিয় নেতা জাহাঙ্গীর ভাইয়ের হত্যার দীর্ঘদিন পেরিয়ে গেলেও সব আসামিকে গ্রেপ্তার করা হয়নি। দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতেই শনিবারের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।’
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আফতাব উদ্দীন ভূইয়া বলেন, ‘আমরা আমাদের সংসদ সদস্যের নির্দেশনায় এ কঠোর কর্মসূচি ঘোষণা করেছি। আমরা চাই, আমাদের নেতা জাহাঙ্গীর ভাইয়ের হত্যাকাণ্ডে জড়িত সবাই গ্রেপ্তার হোক এবং দ্রুত বিচার নিশ্চিত করা হোক।’
তিনি আরও বলেন, প্রশাসনিক প্রক্রিয়া নিয়ে দীর্ঘসূত্রতার কারণে সাধারণ নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে হতাশা বাড়ছে। শনিবারের কর্মসূচিতে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

মোক্তার হোসেন গোলাপ, হাওর অঞ্চল।।