প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ । ৪:৫৯ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

মিঠামইনে মাদকবিরোধী সামাজিক আন্দোলনের মতবিনিময় সভা

মোক্তার হোসেন গোলাপ, মিঠামইন।।

কিশোরগঞ্জের মিঠামইনে মাদকবিরোধী সামাজিক আন্দোলন কমিটির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার হাজী তায়েব উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা কাজী নরিছলান ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফরিদ উদ্দিন আহমেদ।

সভায় বক্তব্য দেন বিশিষ্ট সাংবাদিক শফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ সাফিউর রহমান শাফি, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি নুরুল আমিন ও উপজেলা ওলামা দলের সভাপতি সাইফুল ইসলাম ভূঁইয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা। এ সময় উপজেলার সাতটি ইউনিয়ন থেকে আসা শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

বক্তব্যে সাংবাদিক শফিকুল ইসলাম বলেন, যুবসমাজের একটি অংশ মাদকের ভয়াবহ ছোবলে আক্রান্ত হচ্ছে। তাদের সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পরিবার থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

প্রধান আলোচক অ্যাডভোকেট ফরিদ উদ্দিন আহমেদ বলেন, মাদক কারবারিরা অধিক মুনাফার লোভে যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকের বিস্তার রোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদার করে যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে হবে।

তিনি আরও বলেন, ‘১৯৭১ সালে দেশের জন্য যুদ্ধ করেছি। জীবনের শেষ বয়সে এসে যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে মাদকবিরোধী সামাজিক আন্দোলনে নেমেছি।’

সভায় বক্তারা মিঠামইনকে মাদকমুক্ত করতে প্রশাসনের কার্যকর ভূমিকার পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় সমাজের সমন্বয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তাঁরা মাদক কারবারিদের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলে তরুণ প্রজন্মের জন্য নিরাপদ ও সুস্থ পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

চেয়ারম্যান: তানভীর হাসান তপু ভারপ্রাপ্ত সম্পাদক: মো: আতিকুল ইসলাম। বার্তাকক্ষ: newsutvbd@gmail.com. কপিরাইট © ইউটিভি বাংলাদেশ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন