ময়মনসিংহ সদর উপজেলার ৫ নম্বর সিরতা ইউনিয়নের চর খরিচা উচ্চ বিদ্যালয় মাঠে সরকারি বরাদ্দে নির্মিত প্যাভিলিয়ন ভেঙে রড, ইটসহ বিভিন্ন নির্মাণসামগ্রী বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। সরকারি অর্থে নির্মিত একটি স্থাপনা কীভাবে এবং কার অনুমতিতে ভেঙে ফেলা হলো এ নিয়ে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও সচেতন মহলে দেখা দিয়েছে ক্ষোভ।
স্থানীয় সূত্রে জানা গেছে, চর খরিচা উচ্চ বিদ্যালয় মাঠটি সিরতা ইউনিয়নের অন্যতম বড় খেলার মাঠ। দীর্ঘদিন ধরে এ মাঠে ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন ধরনের খেলাধুলা হয়ে আসছে। পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া আয়োজনের কেন্দ্র হিসেবেও মাঠটি ব্যবহৃত হয়ে থাকে।
অভিযোগ রয়েছে, খেলোয়াড় ও দর্শনার্থীদের সুবিধার্থে মাঠে সরকারি বরাদ্দে নির্মিত প্যাভিলিয়নটি সম্প্রতি ভেঙে ফেলা হয়। পরে সেখানকার রড, ইট ও অন্যান্য নির্মাণসামগ্রী সরিয়ে নিয়ে বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয়দের প্রশ্ন, সরকারি অর্থে নির্মিত একটি স্থাপনা ব্যক্তি বা কোনো প্রভাবশালী মহল নিজেদের ইচ্ছামতো ভেঙে এর নির্মাণসামগ্রী বিক্রি করতে পারে কি না। যদি স্থাপনাটি পরিত্যক্ত বা ঝুঁকিপূর্ণ হয়ে থাকে, তাহলে সেটি ভাঙার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া হয়েছিল কি না এ বিষয়েও তদন্তের দাবি জানিয়েছেন তারা।
এদিকে প্যাভিলিয়ন ভেঙে ফেলার ঘটনায় চর খরিচা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলামের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের মাঠ ও এর স্থাপনাগুলো রক্ষার দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। অথচ প্যাভিলিয়ন ভেঙে নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার অভিযোগ উঠলেও বিষয়টি ঠেকাতে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
তবে প্যাভিলিয়নটি কী কারণে ভাঙা হয়েছে, কার অনুমতিতে ভাঙা হয়েছে এবং ভাঙার পর রড-ইটসহ নির্মাণসামগ্রী কোথায় নেওয়া হয়েছে এসব প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর পাওয়া যায়নি।
স্থানীয় ক্রীড়াপ্রেমীরা বলছেন, চর খরিচা মাঠটি শুধু বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নয়, পুরো সিরতা ইউনিয়নের শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার অন্যতম প্রধান কেন্দ্র। মাঠের প্যাভিলিয়ন ভেঙে ফেলায় খেলোয়াড় ও দর্শনার্থীদের পাশাপাশি মাঠের পরিবেশও ক্ষতিগ্রস্ত হয়েছে।
সচেতন মহলের দাবি, প্যাভিলিয়ন নির্মাণে সরকারি বরাদ্দের পরিমাণ, নির্মাণের সময়কাল, স্থাপনাটি ভাঙার অনুমোদন এবং ভাঙা অংশের রড-ইটসহ অন্যান্য সামগ্রীর হিসাব যাচাই করা প্রয়োজন। একই সঙ্গে স্থাপনাটি অনুমোদন ছাড়া ভেঙে ফেলা এবং সরকারি সম্পদের কোনো অংশ আত্মসাৎ বা বিক্রি করে দেওয়ার অভিযোগ সত্য হলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত।
স্থানীয় বাসিন্দা ও ক্রীড়াপ্রেমীরা দ্রুত প্রশাসনিক ও শিক্ষা কর্তৃপক্ষের তদন্ত দাবি করেছেন। তাদের মতে, তদন্তের মাধ্যমে প্যাভিলিয়ন ভাঙার প্রকৃত কারণ, সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা এবং নির্মাণসামগ্রী বিক্রির অভিযোগের সত্যতা বেরিয়ে আসতে পারে। একই সঙ্গে মাঠের ক্রীড়া পরিবেশ ফিরিয়ে এনে শিক্ষার্থী ও স্থানীয় খেলোয়াড়দের জন্য প্রয়োজনীয় অবকাঠামো নিশ্চিত করারও দাবি জানিয়েছেন তারা।

শিবলী সাদিক খান।।