মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গড়ার প্রত্যয়ে ময়মনসিংহ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী মিছিল করেছেন বিএনপি নেতৃবৃন্দ ও সর্বস্তরের এলাকাবাসী। স্থানীয়দের সমন্বয়ে গঠিত মাদকবিরোধী কমিটির উদ্যোগে আয়োজিত মিছিলটি নগরীর বাইপাস মোড়সহ ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল থেকে মাদকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। একই সঙ্গে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে সুস্থ ও নিরাপদ জীবন গড়ার আহ্বান জানান অংশগ্রহণকারীরা।
মিছিল চলাকালে স্থানীয়দের অভিযোগ, এলাকার কয়েকজন মাদকসেবী ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে স্থানীয়ভাবে পরিচিত কিছু ব্যক্তি মিছিল ও মাদকবিরোধী কমিটিকে উদ্দেশ করে বিদ্রূপাত্মক স্লোগান দেন। এতে সাময়িক অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হলেও মিছিলকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালিয়ে যান। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।
আয়োজকেরা বলেন, কোনো ধরনের বিদ্রূপ, প্রতিবন্ধকতা কিংবা নেতিবাচক প্রচারণা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনকে থামাতে পারবে না। মাদকের বিস্তার রোধে জনসম্পৃক্ততা বাড়িয়ে সামাজিক প্রতিরোধ আরও জোরদার করা হবে।
তাঁরা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এর প্রভাব পড়ে পরিবার, সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মের ওপরও। তাই মাদক নিয়ন্ত্রণে সামাজিক সচেতনতার পাশাপাশি পরিবারের নজরদারি, প্রশাসনের সহযোগিতা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকা প্রয়োজন।
এদিকে, এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হলে মাদকের বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব।
এলাকাবাসীর প্রত্যাশা, ২৬ নম্বর ওয়ার্ডের এ উদ্যোগ মাদকের বিরুদ্ধে জনমত গড়ে তুলবে এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে কার্যকর সামাজিক প্রতিরোধ তৈরি করবে।

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ।।