প্রকাশের সময়: সোমবার, ২০ জুলাই, ২০২৬ । ৩:৩১ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

মিঠামইনে জাহাঙ্গীর হত্যা: ৩ ভাড়াটে খুনিসহ ৫ জন রিমান্ডে, পদ হারালেন ছাত্রদল নেতা খোকা

মোক্তার হোসেন গোলাপ, মিঠামইন।।

কিশোরগঞ্জের মিঠামইনে উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া তিন ভাড়াটে খুনিসহ মোট পাঁচ আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই ঘটনায় সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ ও চলমান মামলার প্রেক্ষাপটে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোকাররম হোসেন খোকাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, মিঠামইন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত গত ১৯ জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার পাঁচ আসামির প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন, বরগুনার বামনা উপজেলার মৃত সুলতানের ছেলে হেলাল (২৪), লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নূর হোসেনের ছেলে মহিউদ্দিন (৩২), একই উপজেলার রহমতুল্লাহর ছেলে শাহিনুর আলম ওরফে শাকিল (২৭), মিঠামইন উপজেলার ঘাগড়া এলাকার ইমাম হোসেনের ছেলে জাকির হোসেন (৪০) এবং কাজীপাড়া গ্রামের মৃত চান্দ আলীর ছেলে আব্দুর রউফ (৬৭)।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেপ্তার তিন ভাড়াটে খুনিকে পালিয়ে যেতে স্পিডবোটের মাধ্যমে সহযোগিতা করার অভিযোগে জাকির হোসেনকে এবং ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে আব্দুর রউফকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে হাজির করা হলে তাদেরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রিমান্ডে আসামিদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী, অর্থের উৎস, পৃষ্ঠপোষক এবং ঘটনার নেপথ্যের অন্যান্য ব্যক্তিদের সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা করা হবে।

এদিকে, হত্যাকাণ্ডের ঘটনায় গত ১৯ জুলাই মিঠামইন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোকাররম হোসেন খোকাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাহাত ইসলাম সাগর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ও চলমান মামলার বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, গ্রেপ্তার এক আসামির জবানবন্দির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে মোকাররম হোসেন খোকার নাম উল্লেখ করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে, খোকা কাশিমপুর কারাগার থেকে তিন ভাড়াটে খুনিকে জামিনে বের করে এনে জাহাঙ্গীর হত্যার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তবে এ অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ফেসবুকসহ বিভিন্ন স্থানীয় সামাজিক যোগাযোগমাধ্যমের গ্রুপে খোকাকে গ্রেপ্তারের দাবি জানিয়ে অনেককে মন্তব্য করতে দেখা গেছে।

চেয়ারম্যান: তানভীর হাসান তপু ভারপ্রাপ্ত সম্পাদক: মো: আতিকুল ইসলাম। বার্তাকক্ষ: newsutvbd@gmail.com. কপিরাইট © ইউটিভি বাংলাদেশ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন